ওষুধ নয়, প্রথম সুফল জ্বালানি খাতে আনতে পারে কোয়ান্টাম প্রযুক্তি
জৈব জ্বালানি কীভাবে পোড়ে ও কীভাবে সেগুলোকে আরও সক্ষমতার সঙ্গে পোড়ানো যায় তা ব্যাখ্যা করতে এটা সাহায্য করতে পারে।
বহু বছর ধরে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যৌক্তিকতা দাঁড়িয়ে আছে বেশ কিছু উচ্চাভিলাষী প্রতিশ্রুতির ওপর, যার মধ্যে রয়েছে অণুর আচরণ অনুকরণ করে নতুন ওষুধ তৈরি থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল আরও কার্যকর করা।
এসব বড় লক্ষ্যের অনেকগুলোই বাস্তবায়িত হতে এখনও কয়েক বছর বা দশকও লেগে যেতে পারে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
তবে প্রচলিত কম্পিউটারের চেয়ে দ্রুত জটিল সমস্যা সমাধানের জন্য তৈরি অ্যালগরিদম ব্যবহারকারী ‘কোয়ান্টাম সফটওয়্যার’ এরইমধ্যে আরও তাৎক্ষণিক এক চ্যালেঞ্জ ঠেকাতে পরীক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে জ্বালানি রূপান্তর।
এর আওতায় রয়েছে পাওয়ার গ্রিড স্থিতিশীল রাখা থেকে শুরু করে সৌরকোষ ও হাইড্রোজেন উৎপাদনের জন্য উন্নত উপাদান খুঁজে বের করার মতো কাজ।
২০১৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলে প্রতিষ্ঠিত কোয়ান্টাম সফটওয়্যার কোম্পানি ‘ফেজক্রাফট’ জ্বালানি খাতে এই প্রযুক্তি কাজে লাগানো কোম্পানিগুলোর একটি।
২০২৫ সালে কোম্পানিটি সিরিজ বি তহবিল সংগ্রহের মাধ্যমে ৩ কোটি ৪০ লাখ ডলার তুলেছে ও এ বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে প্রধান কার্যালয় স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে।
ফেজক্রাফটের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অ্যাশলে মন্টানারো বলেছেন, জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিকভাবে মূল্যবান উভয় ধরনের সমস্যা সমাধানের বড় সুযোগ রয়েছে।
কোয়ান্টাম জ্বালানি খাতের প্রতিদ্বন্দ্বীরা
জ্বালানি শিল্পে কোয়ান্টাম সফটওয়্যার প্রয়োগের ক্ষেত্রে ফেজক্রাফটই একমাত্র কোম্পানি নয়।
পরিবহনের জন্য হাইড্রোজেন ফিউয়েল সেলের বিভিন্ন উপাদানের মডেল তৈরি করতে এই প্রযুক্তি ব্যবহার করছে ‘কেমব্রিজ কোয়ান্টাম’ ও ‘হানিওয়েল কোয়ান্টাম সলিউশনস’-এর একত্রীকরণের মাধ্যমে গঠিত ‘কোয়ান্টিনাম’। জুনে নাসডাকে তালিকাভুক্ত হয়েছে কোম্পানিটি।
এ ছাড়া, কার্বন ধরার উপাদান নিয়েও পার্টনারদের সঙ্গে কাজ করছে তারা।
একটি অণুর ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যগুলো কীভাবে নিয়ন্ত্রিত হয় তা আরও ভালোভাবে বুঝতে জ্বীবাশ্ম জ্বালানি কোম্পানি ‘বিপি’র সঙ্গে পার্টনারশিপ করেছে যুক্তরাজ্যেরই আরেকটি কোম্পানি ‘অরকা কম্পিউটিং’। এর শুরু ‘ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড’ থেকে।
জৈব জ্বালানি কীভাবে পোড়ে ও কীভাবে সেগুলোকে আরও সক্ষমতার সঙ্গে পোড়ানো যায় তা এই কোম্পানিটির কাজের জায়গা।
আলাদা এক প্রকল্পে জাপানি সফটওয়্যার কোম্পানি ‘জেআইজে’-এর সঙ্গে বিদ্যুৎ কোম্পানিগুলোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে অরকা, যেখানে সর্বনিম্ন খরচে চাহিদা মেটাতে কোন জেনারেটরগুলো কখন চালু বা বন্ধ রাখতে হবে তা নির্ধারণ করা হয়।
ওই প্রকল্পে বিপি ও যুক্তরাজ্যের কোয়ান্টাম কম্পিউটিংয়ের জাতীয় গবেষণাগার ‘ন্যাশনাল কোয়ান্টাম কম্পিউটিং সেন্টার’ বা এনকিউসিসি-ও যুক্ত ছিল, যা সরকারি সহায়তাপ্রাপ্ত ‘ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন’-এর অংশ।
‘আরপা-ই’-এর মতো এনকিউসিসি’র এই সম্পৃক্ততায় অনুমান করা যায়, বিপির মতো কোম্পানিগুলোর পাশাপাশি সরকারগুলোও জ্বালানি খাতে কোয়ান্টাম সফটওয়্যারের সম্ভাব্য ভূমিকার দিকে গভীর নজর রাখছে।
গ্রিড স্থিতিশীল রাখা
ফেজক্রাফটের অন্যতম প্রধান লক্ষ্য গ্রিডের স্থিতিশীলতা ও কার্যকারিতা বাড়ানো।
ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে জ্বালানির সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষাকারী স্বাধীন সিস্টেম পরিকল্পনাকারী সংস্থা ‘ন্যাশনাল এনার্জি সিস্টেম অপারেটর’ বা নেসো’র সঙ্গে তারা গ্রিডের মানোন্নয়নের কাজে পার্টনারশিপ করেছে।
এর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিনিময় ব্যবস্থাপনা ও জরুরি অবস্থায় নেটওয়ার্কের নির্দিষ্ট অংশ বিচ্ছিন্ন করার মতো কাজ। কোম্পানিটির দাবি, তাদের সফটওয়্যার প্রচলিত কম্পিউটিংয়ের তুলনায় ১ হাজার গুণ পর্যন্ত দ্রুতগতিতে এসব কাজ সম্পন্ন করতে পারে।
ফেজক্রাফটের ধারণা, এশিয়ায় তাদের এই গ্রিড সফটওয়্যারের বিশেষ চাহিদা তৈরি হতে পারে। কারণ, এ অঞ্চলে বিদ্যুতায়ন দ্রুত বাড়ছে। ফলে পরিবেশবান্ধব জ্বালানির অনিয়মিত সরবরাহের সঙ্গে ক্রমাগত উচ্চ চাহিদার ভারসাম্য ধরে রাখতে গ্রিডের সহনশীলতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
সৌর ও হাইড্রোজেন উপাদান
বর্তমানে প্রচলিত সৌরকোষের চেয়েও সক্ষমতার সঙ্গে কাজ করতে পারে ফটোভোল্টাইক কোষ। এই কোষের নতুন উপাদান তৈরিতে যুক্তরাজ্যের সৌরকোষ নির্মাতা ‘অক্সফোর্ড পিভি’র সঙ্গেও কাজ করছে কোম্পানিটি।
পাশাপাশি, লন্ডনে তালিকাভুক্ত বিশেষায়িত উপাদান নির্মাতা ‘জনসন ম্যাথে’, হার্ভার্ড ইউনিভার্সিটি ও বস্টনভিত্তিক কোয়ান্টাম হার্ডওয়্যার বিশেষজ্ঞ ‘কুয়েরা’র সঙ্গে জোট বেঁধেছে ফেজক্রাফট।
যুক্তরাষ্ট্র সরকারের ‘অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি-এনার্জি’ বা আরপা-ই-এর তত্ত্বাবধানে পরিচালিত এই কাজে তারা এমন নতুন অনুঘটক উদ্ভাবনের চেষ্টা করছে, যা ইরিডিয়ামের মতো দুষ্প্রাপ্য ধাতুর ওপর নির্ভরতা কমাবে। বর্তমানে হাইড্রোজেন উৎপাদনে গুরুত্বপূর্ণ উপাদান ইরিডিয়াম।
আপাতদৃষ্টিতে বেশি লাভজনক খাত ছেড়ে ফেজক্রাফট কেন জ্বালানি খাতে মনোযোগ দিচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্টানারো বলেছেন, এখানেও বাণিজ্যিক লাভের সুযোগ রয়েছে।
“আপনি যখন কাজটি সঠিকভাবে করতে পারবেন, তখন বাণিজ্যিক মুনাফাও বাস্তব রূপ নেয়। আরও কার্যকর জ্বালানি নেটওয়ার্ক মানেই পরিচালন ব্যয় কমে আসা ও অবকাঠামো থেকে বেশি সুবিধা পাওয়া।”
