সাবেক সাংসদের ‘গোপন সভার’ ভিডিও ভাইরাল, সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক
“রনজিৎ সরকারের ছড়িয়ে পড়া ভিডিওটিতে তারা মিয়াকে স্পষ্ট দেখা গেছে।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি ‘গোপন সভার’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
২০২৪ সালের ৫ অগাস্টের পর থেকেই ‘আত্মগোপনে’ রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে।
স্থানীয়রা বলছেন, শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে রোববার মধ্যরাতে ‘তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা-মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের’ আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-১ আসনের (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) সাবেক সংসদ সদস্য রনজিত সরকার মেঘালয় সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে গোপন সভায় অংশ নেন।
ওই সভার একটি ভিডিও সোমবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে রনজিত সরকারকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
বক্তব্যে তিনি ২০২৪ সালের ৫ অগাস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। এ সময় তিনি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশনা দেন।
তবে বৈঠকটি কোথায় হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ওসি রতন শেখ সাংবাদিকদের বলেন, “রনজিৎ সরকারের ছড়িয়ে পড়া ভিডিওটিতে তারা মিয়াকে স্পষ্ট দেখা গেছে। ভিডিও বিশ্লেষণ ও মুঠোফোনের প্রযুক্তিগত অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সকালে সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।”
বর্তমানে এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
