মোহাম্মদপুরে বিসিএস পরীক্ষার্থীকে কুপিয়ে ছিনতাই
দুপুরে পড়াশোনা নিয়ে আলোচনা করতে আটিবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন ওই যুবক।
রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে এক বিসিএস পরীক্ষার্থীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড আল্লাহ করিম মসজিদের একটু সামনে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
পরে আহত ২৯ বছর বয়সি মোহাম্মদ তানভীর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে তথ্য দেন হাসপাতালের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।
আহত তানভীর ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন। একই সঙ্গে তিনি পরবর্তী বিসিএসের প্রস্তুতিও নিচ্ছিলেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা তানভীরের বাড়ি কেরানীগঞ্জের আটিবাজারে।
ঢাকা মেডিকেলে তানভীরের বড়ভাই হাসান সরকার বলেন, “দুপুরে বিসিএসের প্রস্তুতি ও পড়াশোনা নিয়ে আলোচনা করতে আটিবাজার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছিলেন তানভীর। এ সময় সে ছিনতাইকারীর কবলে পড়ে।”
আহতের বরাত দিয়ে পরিদর্শক হাবিবুর রহমান বলেন, “মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে ৩-৪ জনের একদল ছিনতাইকারী তানভীরের পথরোধ করে। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে তানভীরকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
“ডান হাত ও পিঠে একাধিক আঘাত পেয়ে তানভীর মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা তার আইফোন-১৬ প্রো ম্যাক্স ফোন সেট ও মানিব্যাগে থাকা প্রায় ৬-৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন।”
এদিকে ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করবেন বলে জানান আহত তানভীরের ভাই।
