সাভারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
নবীনগরের বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার সাভারের নবীনগরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছে।
রোববার বিকেল ৩টার দিকে নবীনগরের বাইশমাইল এলাকার গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনের ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাইয়ূমের (৪০) গ্রামের বাড়ি সিলেট জেলার হবিগঞ্জ সদর থানা এলাকায়। দুর্ঘটনায় তার স্ত্রী, সন্তান ও মাসহ আরও ৪ জন আহত হয়েছেন ।
কাইয়ূম পরিবার নিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ভাড়ায় থেকে ব্যবসা করতেন। তার স্ত্রী রুমা আক্তার ধামরাই মেডিকেলের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আয়া হিসেবে কর্মরত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্ত্রী রুমা আক্তার বলেন, আজ বিকেলে তারা পরিবারের ৬ জন সিলেট যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশায় নবীনগর যাচ্ছিলেন। মহাসড়ক দিয়ে যাওয়ার সময় গণস্বাস্থ্য মেডিকেলের সামনের ইউটার্নে পৌঁছালে অপর পাশ থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে অটোতে থাকা সবাই কমবেশি গুরুতর আহত হন।
“দুর্ঘটনার পর আমি নিজেই ফোন করে আমার বাসার এক ভাড়াটিয়া ও আমার অফিসের সহকর্মীদের বিষয়টি জানাই।”
আহত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রুমা আক্তারের সহকর্মী বিজয় ও মেহেদী বলেন, ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাই। কিন্তু অবস্থার অবনতি হলে পরিবারের ৪ জন ও অজ্ঞাত একজনকেসহ মোট ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক আব্দুল কাইয়ূমকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে রুমা আক্তার, তার আট বছর বয়সি ছেলে রেজাউল করিম, মা চন্দ্রনা বেগম এবং আনুমানিক ৫০ বছর বয়সি অজ্ঞাত এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৪ জনকে জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
