২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা, তরুণী আটক

তিনি শাহবাগ থানা হেফাজতে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 11:14 AM

Updated : 26 Nov 2026, 11:14 AM

ভুয়া চিকিৎসক সন্দেহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কণা আক্তার শান্তা নামের এক তরুণীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার গভীররাতে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করার সময় তাকে আটক করেন দায়িত্বরত আনসার সদস্যরা।

২২ বছর বয়সি শান্তা পটুয়াখালীর বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।

ঢাকা মেডিকেলে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে নিয়মিত টহলের সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা একজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন আনসার সদস্যরা।

তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানান। চিকিৎসকরাও তাকে শনাক্ত করতে না পারলে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালের প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়।

সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল পরিচালক ও উপপরিচালকের পরামর্শে তাকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে আনসার সদস্যরা ওই নারীকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।