নিরাপত্তা আতঙ্ক: বলিউডে ‘তালা পড়ার’ শঙ্কা
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটম্যান, স্পটবয়, মেকআপ আর্টিস্ট, টেকনিশিয়ানসহ দৈনিক মজুরিতে কাজ করা কর্মীরা।
টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি এবং সালমান খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সাইফ আলী খানের প্রাণনাশের হুমকি- এ ধরনের একের পর এক ঘটনায় বলিউডে আতঙ্ক বাড়ছে
এবার সেই আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে শুটিংয়েও। নিরাপত্তার কারণে কিছু শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে, বদলানো হচ্ছে স্থান। অভিনয় শিল্পীদের চলাচল সীমিত হয়েছে, জোরদার করেছেন নিরাপত্তা ব্যবস্থা।
এমন পরিস্থিতিতে তারকাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করার দাবি উঠেছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনয়ের’ (এআইসিডব্লিউএ) পক্ষ থেকে। পরিস্থিতি আরও খারাপ হলে শুটিং বন্ধ হয়ে যেতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছে এই সংগঠন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এআইসিডব্লিউএ এর সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তার পক্ষ থেকে একটি চিঠি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও তার একটি অনুলিপি মুম্বাই পুলিশ কমিশনার দেবেন ভারতীর কাছে পাঠানো হয়েছে।
তাতে বলা হয়েছে, আতঙ্কের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইটম্যান, স্পটবয়, মেকআপ আর্টিস্ট, টেকনিশিয়ানসহ দৈনিক মজুরিতে কাজ করা কর্মীরা। এই কর্মীর সংখ্যা নেহায়েত কম নয়। শুটিং না হলে তাদের আয়ও বন্ধ হয়ে যায়।
এআইসিডব্লিউএ চিঠিতে লিখেছে, “লাখ লাখ কর্মী, টেকনিশিয়ান, শিল্পী ও সেট কর্মীদের জীবিকা এখন ঝুঁকির মুখে। পরিস্থিতি যদি এমন চলতে থাকে, তবে বলিউডে তালা পড়ে যাবে। শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে, কর্মীরা কাজ হারাবেন এবং প্রযোজকরা বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়বেন।
সাইফ আলী খান, অমিতাভ-অভিষেক বচ্চনসহ অভিনয় শিল্পীদের পরিবারের জন্য নিরাপত্তার ব্যবস্থা জোরদারের দাবি তুলেছে এই সংগঠন।
এআইসিডব্লিউএ চিঠিতে বলছে, মুম্বাইয়ে সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা জরুরি।
চিঠিতে বলা হয়, “শুটিং লোকেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হোক। এছাড়া, গ্যাংস্টার ও তাদের নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন, মুম্বাইকে গ্যাংস্টার মুক্ত করা হোক এবং তারকাদের জন্য আয়োজিত জনসমাবেশগুলোর উপর কড়া নজর রাখা হোক। বলিউডের শিল্পীদের মুম্বাইয়ের রাস্তায় অবাধে চলাফেরা করার সুযোগ থাকতে হবে। তারা যেন কোনও ভয় ছাড়াই শুটিং ও কাজ চালিয়ে যেতে পারে, এমন পরিবেশ তৈরি করতে হবে।”
বলিউডের বর্তমান পরিস্থিতির সঙ্গে নব্বইয়ের দশকের তুলনা করেছে সংগঠনটি। সে সময় মুম্বাইয়ের চলচ্চিত্রজগতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল উদ্বেগের বিষয়। গ্যাংস্টারদের হুমকি থেকে সে সময় রেহাই মেলেনি শাহরুখ খানেরও।
সংগঠনটির ভাষ্য, চলচ্চিত্র তারকারা প্রচারের আলোয় থাকেন। এ কারণে অপরাধী চক্রগুলো তাদের হুমকি দিয়ে নিজেদের প্রচারে রাখতে বা অর্থ আদায় করতে চায়।
এবারে শুরু হয় টাইগার শ্রফকে দিয়ে। গেল ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুস্প পার্কের কাছে ফুটবল খেলে ফিরছিলেন টাইগার। পথে টাইগারের গাড়ি লক্ষ্য করে ৭ রাউন্ট গুলি ছোড়ে হামলাকারীরা। তাতে টাইগারের গাড়িচালক ও পথের এক অটোচালক আহত হন। টাইগার আহতদের নিয়ে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
হামলার দায় স্বীকারও করেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলাকারীরা জানায়, তাদের মূল লক্ষ্য ছিলেন সালমান খান। হামলাকারীরা সালমানের বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসের’ আশপাশে রেকি করেছিল। কিন্তু সেখানকার কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে তারা সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়।
এরপর তারা ঠিক করে, সালমানের ঘনিষ্ঠজনদের উপর হামলা চালিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হবে। তাই তুলনামূলক কম নিরাপত্তায় থাকা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়।
সালমানের নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ার পর হামলাকারীরা আমির খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তের বাড়ি রেকি করে।
এছাড়া অক্টোবরে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’তে তিনটি পৃথক বোমা হামলার হুমকি দেওয়া ইমেইল দেওয়ার পর নতুন কর আসে আরেকটি হুমকি বার্তা। গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর নামে প্রকাশিত একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দাবি করা হয়েছে, মুম্বাইয়ে তার অন্তত ২০০ সহযোগী বাবা-ছেলেকে হামলার জন্য প্রস্তুত রয়েছেন।
প্রাণনাশের হুমকি পান সাইফ। সেই হুমকি এসেছে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে সন্দেহভাজন জিশান আখতারের তরফ থেকে। পুলিশ বলছে, ইমেইলের মধ্যে বলিউডের অভিনেতা তুষার কাপুর, আয়ুষ্মান খুরানা আগে হুমকি পান, তাদের পরে এসেছে পতৌদি নবাব পরিবারের ছেলের নাম।
হুমকির পরপরই তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় বৈভব মিশ্র নামের একজনকে।
আরও পড়ুন:
অমিতাভ-অভিষেকের উপর ‘গুলি চলবেই’, ২০০ হামলাকারী প্রস্তুত: হুমকির পোস্ট
হামলার হুমকি: কাচের বাক্সের ভেতর থেকে অনুরাগীদের দেখা দিলেন অমিতাভ
বাবা সিদ্দিকী খুনে ‘নিরাপত্তা আতঙ্কে’ ভুগছেন সালমান?
বিষ্ণোইদের নিশানায় ছিলেন সঞ্জয়ও
টাইগারের ওপর হামলা: সেটে কারা আসছে-যাচ্ছে, যাচাইয়ের তাগিদ
টাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির, কেন বদলাল টার্গেট?
টাইগার নয়, হামলাকারীদের ‘নিশানায় ছিলেন সালমান’: মুম্বাই পুলিশ
টাইগার শ্রফকে গুলি: অস্ত্র পৌঁছে দিয়েছিলেন ২ নারী
টাইগার শ্রফ নয়, মূল নিশানা ছিল অন্য কেউ: এনডিটিভি
‘ক্ষমা চাইতেই হবে’ টাইগারকে হামলার পর সালমানকে বিষ্ণোই গ্যাংয়ের হুমকি
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে গুলি করে হত্যার চেষ্টা
টাইগার শ্রফকে হত্যাচেষ্টা: ছোড়া হয় ৫টি গুলি, হামলাকারীদের ছবি প্রকাশ
