১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুরে এ নিয়ে গত ৪ নভেম্বর থেকে মোট ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 05:34 PM

Updated : 17 Nov 2026, 05:34 PM

গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে এ নিয়ে গত ৪ নভেম্বর থেকে মোট ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হল।

মঙ্গলবার বিকালে এ তথ্য দিয়ে আনসার বাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্প কারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এ উদ্যোগের মূল লক্ষ্য।

গত ৪ নভেম্বর থেকে ৬ প্লাটুন আনসার সদস্য গাজীপুরে সাহসিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে চলেছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ শিল্প কারখানা ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করাও তাদের দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছে আনসার।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।