১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত’ আনসার মোতায়েন

এর আগে অতিরিক্ত পুলিশের পাশাপাশি দুই দফায় সেখানে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 07:38 PM

Updated : 16 Nov 2026, 07:38 PM

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির পাশাপাশি ‘বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত’ ৮ প্লাটুন আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার সন্ধ্যার পর বাহিনীর পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এর আগে গোপালগঞ্জে বাড়তি পুলিশের পাশাপাশি দুই দফায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করে সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।"

মোতায়েনকৃত সুশৃঙ্খল ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এসব সদস্য দাঙ্গা দমন এবং মব নিয়ন্ত্রণে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত বলে জানান বাহিনীর সহকারী পরিচালক ও গন সংযোগ কর্মকর্তা নাজমুস সাকিব।

জেলার বর্তমান পরিস্থিতি এবং আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ১৯ নভেম্বর কী কর্মসূচি, সে ব্যাপারে কোনো তথ্য নেই বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, "গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা, সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।"

এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, "বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।"

পুরনো খবর:

বডি ওর্ন ক্যামেরা নিয়ে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি
গোপালগঞ্জে নতুন ডিসি সরফরাজ, এসপি প্রত্যুষ কুমার
গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ ঘণ্টা
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ