১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নতুন ডিসি সরফরাজ, এসপি প্রত্যুষ কুমার

প্রশাসন ও পুলিশের আরও কয়েকটি পদে রদবদল এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 06:36 PM

Updated : 15 Nov 2026, 06:40 PM

গোপালগঞ্জের জেলা প্রশাসক-ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে হবিগঞ্জের ডিসি থাকা জিএম সরফরাজকে।

রোববার এ আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলির আদেশ দিয়েছে। সেখানে এই দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।

এসব আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

গোপালগঞ্জে ডিসি ও এসপিকে এমন সময় বদলি করা হল, যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের জেলা শহরে লগি, বৈঠা নিয়ে মিছিল করেছে।

রোববার বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন।

শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে।

একইদিন পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক আদেশে চট্টগ্রাম পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জে ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হককে।

সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ঢাকায় এসবির ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশালে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রাশিদুল ইসলাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশে।

প্রজ্ঞাপনে বলা হয়ছে, “জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”