০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

একযোগে ৪ জেলায় নতুন এসপি

এসপি মর্যাদার ৪ জনকে নীলফামারি, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 08:07 PM

Updated : 03 Nov 2026, 08:07 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এসপি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞপনে এসপি মর্যাদার ৪ জনকে নীলফামারি, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারির এসপি ফরহাদ হোসেন খানকে সিআইডিতে পাঠানো হয়েছে, আর মুন্সীগঞ্জের এসপি মিনহাজুল আলমকে পাঠানো হয়েছে নীলফামারির এসপি করে।

এসআরবির উপপরিচালক এবং নেত্রকোণার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত বদরুদ্দোজার আগের আদেশ বাতিল করে তাকে মুন্সীগঞ্জের এসপি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিনকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এবং বরগুনার এসপি কুদরত ই খুদাকে জামালপুরের এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

অপরদিকে এসআরবির কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার এসপির দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।