১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শিখ নেতা পান্নুনের মামলা: ভারতকে সমন পাঠাল যুক্তরাষ্ট্র

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মামলা করেন খলিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা পান্নুন। সেখানে তিনি ভারত সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

শিখ নেতা পান্নুনের মামলা: ভারতকে সমন পাঠাল যুক্তরাষ্ট্র

গুরপতবন্ত সিং পান্নুন| ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 10:09 PM

Updated : 10 Nov 2026, 10:09 PM

খলিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা দেওয়ানি মামলায় ভারত সরকারকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় গত ৯ অক্টোবর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসে কূটনৈতিক নোটের মাধ্যমে সমন ও অভিযোগপত্র পাঠায়।

মার্কিন আদালতের নির্দেশনার পর, কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতীয় দূতাবাসে সমনগুলো পাঠানো হয়েছে।

পান্নুন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে একটি মামলা করেছিলেন ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর।

সেখানে তিনি ভারত সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর সবেক প্রধান সমন্ত গোয়েল, বিক্রম যাদব, নিখিল গুপ্তের বিরুদ্ধে অভিযোগ করেন।

যাদবকেও সাবেক ‘র’ কর্মকর্তা লে দাবি করেন। পান্নুনের আরও দাবি, ২০২৩ সালে নিউ ইয়র্কের তাকে খুনের যে ষড়যন্ত্র হয়েছিল, তাতে জড়িত ছিলেন এই ভারতীয় কর্মকর্তারা।

এই মামলা নিয়েই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে। তাতে তারা জানিয়েছে, এটি সই করা হয়েছে ৩০ সেপ্টেম্বর। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ৯ অক্টোবর।

গত ২৮ অক্টোবর নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে পেশ করা একটি নথিতে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সমনগুলো পৌঁছে দেওয়া হয়েছে।

মামলায় যাদের বিবাদী করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে সমন জারি হয়েছে, তারা হলেন: ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা 'র'-এর সাবেক প্রধান সামন্ত গোয়েল। 'র'-এর সাবেক কর্মকর্তা বিক্রম যাদব, ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তসহ আরও কয়েকজন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, পান্নুনের এই মামলায় তারা কোনও পক্ষ নিচ্ছে না। এটি একটি আইনি প্রক্রিয়া। তাই তারা পদক্ষেপ নিতে বাধ্য।

তবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও পুরো মামলাকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, এ ধরনের বিচারিক নথিপত্র অবশ্যই ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে আসতে হবে।

খলিস্তানপন্থি নেতা পান্নুনকে ২০২৩ সালে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেই ষড়যন্ত্রে ধরা পড়েন নিখিল। ওই বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে মার্কিন তদন্তকারীরা নিখিলকে গ্রেফতার করে এবং যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

নিখিলের বিরুদ্ধে অভিযোগ তিনটি। খুনের ষড়যন্ত্র, খুনি ভাড়া করা, সেই ষড়যন্ত্রের বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক স্তরে অবৈধ পথে বা বেআইনি ভাবে আর্থিক লেনদেনের পরিকল্পনা। সেই অপরাধ স্বীকার করেন নিখিল।

২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি নিখিলকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের এক আদালত। তবে ভারত সরকার সে বিষয়ে কোনও বক্তব্য দেয়নি।

মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ বা বিক্রম যাদবকে মার্কিন গোয়েন্দা সংস্থা ফবিআই ২০২৪-সালের অক্টোবর থেকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারত অবশ্য বলছে, বিকাশ এখন আর সরকারি চাকরিতে নেই।

‘সাজানো ও ভিত্তিহীন মামলা’, কড়া জবাব দিল্লির:

মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মামলার সর্বশেষ অগ্রগতি নিয়ে তারা বিন্দুমাত্র বিচলিত নয়।

দূতাবাস বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কাউকে বিচারিক নোটিশ পাঠানো যায় না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এসব সাজানো ও বিদ্বেষপূর্ণ আক্রমণ এবং ভিত্তিহীন দেওয়ানি মামলা আমরা সরাসরি প্রত্যাখ্যান করছি।”

তিনি প্রক্রিয়াগত নিয়ম মনে করিয়ে দিয়ে বলেন, “ভারতে কোনও বিচারিক নথিপত্র জারির অনুরোধ পাঠাতে হলে তা কেবল ভারতের নির্ধারিত কেন্দ্রীয় কর্তৃপক্ষ, অর্থাৎ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেই আসতে হবে।”

কে এই পান্নুন?

গুরপতবন্ত সিং পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক এবং খালিস্তানপন্থি শিখ রাজনৈতিক কর্মী ও বিচ্ছিন্নতাবাদী নেতা। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ - এর আইন উপদেষ্টা।

শিখদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তান’ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে তিনি জড়িত এবং একে তার জীবনের লক্ষ্য বলে দাবি করেন।

ভারত সরকার তাকে একজন তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণা করেছে এবং তার সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-কে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন হিসেবে গণ্য করে।

ভারতবিরোধী কর্মকাণ্ড ও উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।