২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণ: মেয়ের পর চলে গেলেন মা

এর আগে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 10:36 AM

Updated : 25 Nov 2026, 10:36 AM

রাজধানীর কাঁঠালবাগানে বাসায় জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে শামসুন নাহারও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, ৫০ বছর বয়সি শামসুন নাহারের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এর আগে মঙ্গলবার সকালে তার মেয়ে সানজিদা (২০) একই হাসপাতালে মারা যান। তার শরীরের ৩৭ শতাংশ পুড়েছিল।

গত বৃহস্পতিবার সকালে কাঁঠালবাগান এলাকার আবাসিক ভবন ‘কাঞ্চন টাওয়ার’-এর চতুর্থ তলায় জমা গ্যাসের বিস্ফোরণ ঘটে। ওই বাসায় শামসুন ও তার মেয়ে সাবলেট থাকতেন। সেখানে থাকা অপর পরিবারের তিন সদস্যও দগ্ধ হন।

তাদের মধ্যে ৩০ বছর বয়সি সাবা ও তার দেড় বছর বয়সি ছেলে আর এস রহমান আগেই মারা গেছেন। সাবার স্বামী আবদুর রহমান (২৯) বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন।

ঘটনার দিন আহতদের হাসপাতালে আনা প্রতিবেশী সুমন বলেছিলেন, গ্যাস না থাকায় রাতে চুলা চালু রাখা ছিল। রাতের কোনো একসময় গ্যাস আসায় তা বাসায় জমে যায়। সকালে আগুন জ্বালানো মাত্রই বিস্ফোরণ ঘটে।

পুরনো খবর:

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তরুণীর মৃত্যু
কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের পর চলে গেল দেড় বছরের সন্তান
কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে আগুন: মায়ের মৃত্যু, আশঙ্কাজনক দেড় বছরের সন্তান ও স্বামী
কাঁঠালবাগানে গ্যাসের আগুনে দগ্ধ ৫