১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

২ ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে লাথিতে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

এ ঘটনায় নিহতের ভাসুরকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 08:01 PM

Updated : 16 Nov 2026, 08:01 PM

সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ভাসুরের লাথিতে আহত চার মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাসুরকে আটক করেছে পুলিশ।

উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে এ ঘটনা ঘটে বলে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান।

নিহত লাকি বেগম (২৮) ওই গ্রামের জোনেদ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে পারিবারিক বিরোধের জেরে জোনেদ মিয়া ও তার বড় ভাই কবির মিয়ার মধ্যে মারামারি শুরু হয়। এ সময় তাদের থামাতে এগিয়ে গেলে লাকি বেগমের পেটে লাথি মারেন কবির মিয়া।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

সোমবার ওসি গোলাম মোস্তফা বলেন, ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আটক কবির মিয়াকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।