‘রাতে ডাকাতি হবে, রেডি থাকবেন’, বরগুনায় আওয়ামী লীগ নেতার বাসায় চিরকুট
পৌর শহরের আরও দুই ব্যবসায়ীর বাসার সামনে এ ধরনের চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
বরগুনা পৌর শহরে আওয়ামী লীগের এক সাবেক নেতা ও দুই ব্যবসায়ীর বাসার সামনে ডাকাতির হুমকি দিয়ে চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার বিকালে গার্লস স্কুল সড়কের ওই তিন বাসার সামনে চিরকুটগুলো পাওয়া যায় বলে বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান।
তিনি বলেন, “তিন ব্যবসায়ীর বাসার সামনে চিরকুট রেখে যাওয়ার বিষয়টি ফোনে জানতে পেরেছি। কে বা কারা চিরকুটগুলো রেখে গেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই বাসাগুলোর নিরাপত্তার বিষয়ে পুলিশ সজাগ রয়েছে।”
স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও চাল ব্যবসায়ী অমল কৃষ্ণ তালুকদার, স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার এবং চাল ব্যবসায়ী শংকর তালুকদারের বাসার সামনে চিরকুটগুলো পাওয়া যায়।
চিরকুটে লেখা ছিল, ‘আজকে রাতে এখানে ডাকাতি করা হবে, রেডি থাকবেন।’ চিরকুটের শেষে কার্টুন আকৃতির একটি ছবিও আঁকা ছিল।
এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে স্বর্ণ ব্যবসায়ী জুয়েল তালুকদার বলেন, চিরকুট পাওয়ার পর বিষয়টি বরগুনা সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও এসআরবি-৮-কে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা নিরাপত্তার পাশাপাশি চিরকুট রেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
চাল ব্যবসায়ী শংকর তালুকদার বলেন, “আমার কোনো শত্রু নেই। তারপরও কারা এভাবে চিরকুট দিয়েছে, জানি না। বিষয়টি প্রশাসন এবং জেলা বিএনপির নেতাদেরও জানিয়েছি।”
