০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ বলছে, পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 11:29 PM

Updated : 01 Nov 2026, 11:29 PM

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

নগরীর কোতোয়ালী থানার তিনপুলের মাথা এলাকায় শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে ‘পূর্ব বিরোধের’ জেরে হামলার ঘটনা ঘটছে।

আহত ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি রেয়াজউদ্দিন বাজারের মশারি গলিতে ওয়ানটাইম পণ্যের ব্যবসা করেন।

জাকির হোসেনের দোকান কর্মচারী মোহাম্মদ মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাত পৌনে ১টার দিকে জাকির বাসায় যাওয়ার জন্য তিনপুলের মাথা থেকে অটো রিকশায় উঠছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে কুপিয়ে জহম করে।

“প্রতিদিন বাসায় যাবার সময় তিনি দোকানের টাকা নিয়ে যান। সে হিসেবে রাতে তার হাতে থাকা ব্যাগে পাঁচ লাখ টাকার বেশি থাকতে পারে। হামলাকারীরা তার হাতে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে গেছে।”

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে আমরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেছি। ব্যাবসায়িক কারণে পূর্ব বিরোধের জেরে এ হামলা হতে পারে।”

টাকা নিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।