০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 04:31 PM

Updated : 07 Nov 2026, 04:31 PM

‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলা থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ বন্দে আলী মিয়া।

আহত ফারুক, দীন ইসলাম, মনির ও স্বপনসহ অন্তত পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, দিবসটি উপলক্ষে দুপুরে উপজেলা সদরে আলাদা দুটি মিছিল বের করে বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানা ভবনের সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে পথ ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পাল্টাপাল্টি স্লোগান ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বিপ্লব ও সংহতি দিবসের মিছিল করছিলাম। এ সময় লাঠিসোঁটা নিয়ে মিছিলের পথ আটকে হামলা চালানো হয়। এতে আমাদের তিন-চারজন নেতা-কর্মী আহত হয়েছেন।”

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের পাঠানো বিএনপি নেতারা দুই পক্ষের সঙ্গে কথা বলেন।

তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, সংসদ সদস্য খবর পেয়ে তাদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। দুই পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি নিয়ে তারা কথা বলেছেন। বর্তমানে সবাই শান্ত রয়েছেন।

জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ বন্দে আলী মিয়া বলেন, বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।