ভিন্ন স্বভাব নাকি দুজনের মধ্যে মিল: সম্পর্ক টিকিয়ে রাখে কোনটি?
ভিন্নতা সাময়িক আকর্ষণ জাগালেও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য চাই অন্য বিষয়।
সিনেমা, গান বা প্রচলিত লোককথায় প্রায়ই শোনা যায়- সম্পর্কের ক্ষেত্রে নাকি বিপরীত মেরুর মানুষ একে অপরকে বেশি আকর্ষণ করে।
তবে আধুনিক মনস্তত্ত্ব ও বৈজ্ঞানিক গবেষণা বলছে ভিন্ন কথা। প্রাথমিক পরিচয়ে ভিন্ন স্বভাবের মানুষের প্রতি সাময়িক কৌতূহল বা আকর্ষণ জন্মালেও, দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল সম্পর্কের মূল চাবিকাঠি হল দুজনের মধ্যকার চারিত্রিক ও মূল্যবোধের মিল।
মনস্তত্ত্ব-বিষয়ক ওয়েবসাইট ‘সাইকোলাজি টুডে’-তে প্রকাশিত এক নিবন্ধে মার্কিন কাপলস থেরাপিস্ট এবং লেখক ডা. কাইল ডি. কিলিয়ান সম্পর্কের স্থায়িত্বের নেপথ্যের এই বৈজ্ঞানিক কারণগুলো তুলে ধরেছেন।
‘নেচার হিউম্যান বিহেভিয়ার’-এ প্রকাশিত ১৯৯টি পিয়ার-রিভিউড গবেষণার একটি সমন্বিত বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে ডা. কিলিয়ান বলেন, “এই পর্যবেক্ষণে ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার’-এর গবেষক হরউইটজ এবং তার সহকর্মীরা দেখিয়েছেন যে, দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা যুগলদের মধ্যে মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য ও মূল্যবোধের প্রায় ৮৯ শতাংশ পর্যন্ত মিল থাকে।”
বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা এবং জীবনযাপনের অভ্যাসে এই মিল বেশি দেখা যায়।
সম্পর্ক টিকিয়ে রাখতে যেসব বিষয়ে মিল ও অমিল জরুরি
মৌলিক মূল্যবোধ ও জীবনদর্শন: লক্ষ লক্ষ দম্পতির ওপর করা গবেষণায় দেখা গেছে- ধর্মীয় বিশ্বাস, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, দৈনন্দিন অভ্যাস এবং জীবনের মূল লক্ষ্যগুলোর ক্ষেত্রে সঙ্গীদের মধ্যে গভীর মিল থাকা আবশ্যক।
সমাজ ও রাজনীতিতে মেরুকরণের এই যুগে সম্পূর্ণ বিপরীত আদর্শের দুজনের একসঙ্গে দীর্ঘ পথ চলা কঠিন হয়ে পড়ে।
প্রতিভা বনাম মূল্যবোধ: ডা. কিলিয়ানের মতে, জীবনদর্শনে মিল থাকা জরুরি হলেও ব্যবহারিক দক্ষতা বা প্রতিভার ক্ষেত্রে ভিন্নতা সম্পর্ককে আরও সমৃদ্ধ করে।
যেমন- ভ্রমণের ক্ষেত্রে একজন সঙ্গী হয়ত নতুন গন্তব্যের পরিকল্পনা দেবেন এবং অন্যজন নিখুঁতভাবে পুরো ভ্রমণের পরিকল্পনা ও ব্যবস্থাপনা সামলাবেন।
সমমানসিকতা বা ‘হোমোফিলি’: মানুষ সহজাতভাবেই এমন সঙ্গীর প্রতি আকৃষ্ট হয়, যার মধ্যে নিজের ব্যক্তিত্বের প্রতিফলন দেখা যায়। প্রথম দেখায় কোনও আমুদে বা ছন্নছাড়া মানুষের প্রতি সাময়িক ভালোলাগা তৈরি হলেও, প্রাথমিক রোমান্স কেটে যাওয়ার পর সম্পর্ক টিকিয়ে রাখতে মূল ব্যক্তিত্বের মিলই প্রধান ভরসা হয়ে দাঁড়ায়।
ব্যতিক্রম: একে অপরের পরিপূরক হওয়া
মনস্তত্ত্ববিদদের মতে, ব্যক্তিত্বের ভিন্নতা সবসময় ক্ষতিকর নয়; বরং অনেক ক্ষেত্রে সঙ্গীরা একে অপরের ঘাটতি পূরণ করে ভারসাম্য তৈরি করেন।
যেমন- একজন সঙ্গী খুব মিশুক ও বহির্মুখী এবং অন্যজন শান্ত ও অন্তর্মুখী হলে, মিশুক সঙ্গীটি সামাজিক অনুষ্ঠানগুলোর দায়িত্ব সামলে অন্তর্মুখী সঙ্গীকে ভারসাম্য দিতে পারেন।
কাপলস থেরাপিস্ট হিসেবে ডা. কিলিয়ান আরও জানান, দশকের পর দশক একসঙ্গে থাকার ফলে সঙ্গীরা একে অপরের মাধ্যমে প্রভাবিত হয়ে ব্যক্তিত্বের মাঝামাঝি অবস্থানে চলে আসেন।
অর্থাৎ, অতি মিশুক সঙ্গীটি ধীরে ধীরে একাকী বই পড়া বা নিজের সঙ্গে সময় কাটানোর মূল্য বুঝতে শেখেন এবং অন্তর্মুখী সঙ্গীটিও সামাজিক মেলামেশায় আরও সাবলীল হয়ে ওঠেন।
