২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একরাম আলি : নিভৃতসন্ধানী অভিনিবেশের কবি

সেইখানেই একরাম আলির কবিতা, যেখানে ব্যর্থতার বোধ তাঁর সম্পূর্ণ অস্তিত্বের ভিতর দিয়ে মহাসামুদ্রিক প্রবাহে খণ্ড-খণ্ড ভাবে মুছে যায়, আবার কখনো জেগে ওঠে নিভৃতে। আমাদের বুঝে নিতে দেরি হয় না যে একরাম আলির কবিতা সেই জাগ্রত, নিভৃতসন্ধানী উপলব্ধির সাগ্রহদৃষ্টিরই কবিতা।

সৌভিক রেজা সৌভিক রেজা

Published : 21 Nov 2026, 10:50 PM

Updated : 21 Nov 2026, 10:50 PM

বাইরের জগতে মানুষ প্রতিনিয়ত মুখোমুখি হয় ভিন্ন-ভিন্ন মানুষের সঙ্গে, সমাজ-বাস্তবতার সঙ্গে। এই সম্পর্কের মধ্যে কখনোই চলে টানাপোড়েন, কখনোই আবার সংঘর্ষ আবার কখনোই পারস্পরিক সহযোগিতা। এই বাস্তবতাকে আমাদের স্বীকার করে নিতে হয়। প্রশ্ন হচ্ছে, এর সঙ্গে শিল্প-সাহিত্যের সম্পর্কটা ঠিক কোথায়? সম্পর্কের কথাটা যদি স্বীকার করতেই হয়, তাহলে প্রথমেই বলতেই হয় যে, মানুষের নিজস্ব সীমানার বাইরে যে-বিচিত্র দুনিয়া, তার প্রতিচ্ছবি একজন মানুষের মনে যখন ছাপ ফেলে তখন সেটি আরেকটি সম্পূর্ণ ভিন্ন জগতে পরিণত হয়। একজন সাহিত্যের কাছে সেই ভিন্ন জগতের প্রকাশ ভিন্ন-ভিন্ন মাধ্যমে অনেকটা অনিবার্য হয়ে ওঠে। যেটি রবীন্দ্রনাথ বর্ণনা দিয়েছিলেন এইভাবে, ‘এমন সৌভাগ্যবান লোকও আছেন যাঁহাদের বিস্ময় প্রেম এবং কল্পনা সর্বত্র সজাগ, প্রকৃতির কক্ষে কক্ষে তাঁহাদের নিমন্ত্রণ; লোকালয়ের নানা আন্দোলন তাঁহাদের চিত্তবীণাকে নানা রাগিণীতে স্পন্দিত করিয়া রাখে। বাহিরের বিশ্ব ইঁহাদের মনের মধ্যে হৃদয়বৃত্তির নানা রসে, নানা রঙে, নানা ছাঁচে নানা রকম করিয়া তৈরি হইয়া উঠিতেছে।’ রবীন্দ্রনাথের এ-ও মনে হয়েছে, ‘ভাবুকের মনে এই জগৎটি বাহিরের জগতের চেয়ে মানুষের বেশি আপনার। তাহা হৃদয়ের সাহায্যে মানুষের হৃদয়ের পক্ষে বেশি সুগম হইয়া উঠে। তাহা আমাদের চিত্তের প্রভাবে যে বিশেষত্ব লাভ করে তাহাই মানুষের পক্ষে সর্বাপেক্ষা উপাদেয়’ (রবীন্দ্রনাথ, ২০১৬ : ২৪৫)। কবি একরাম আলির কবিতা, তাঁর প্রবন্ধ, স্মৃতিকথা এমনকি তাঁর চিঠিপত্রের ঝাঁপি যখন আমড়া সামনে মেলে ধরি, ঠিক সেই মুহূর্তে উপর্যুক্ত কথাগুলো নানাভাবে আমাদের মনে প্রতিধ্বনিত হতে থাকে। আমাদের এ-ও মনে পড়ে যায় যে, ১৫ জুন ১৯৯৮-এ একটি ব্যক্তিগত চিঠিতে শঙ্খ ঘোষ তাঁর দরদভরা সহমর্মিতায় একরাম আলিকে লিখেছিলেন, ‘হাতে-তুলে-দেওয়া আপনার চিঠিটি পড়ে--আপনার অন্যান্য গদ্যলেখা পড়েও যেমন হয়--মুগ্ধ হয়ে আছি।’ তাঁর সেই মুগ্ধতার কারণ জানাতে গিয়ে শঙ্খ ঘোষ বলেন, ‘নিশ্চয় বুঝতে পারছেন যে গদ্যলেখা বলতে এখানে কোনো শৈলীর কথা বোঝাচ্ছি না, বলছি সেই মনটার কথা, লেখার মধ্য দিয়ে যা প্রকাশ পায়, স্বচ্ছ আর সততাপূর্ণ সেই মণ, ইংরেজিতে যাকে হয়তো বলা যায় অথেনটিক, চারপাশে আজ যা অনেকটাই বিরল’ (একরাম, ২০২৩ক : ৫৬)। প্রসঙ্গক্রমে এখানে শুধুই গদ্যলেখার কথা উল্লেখ করলেও, আমড়া বুঝতে পারি যে, একরামের কবিতার ক্ষেত্রেও শঙ্খ ঘোষ নিশ্চিতভাবেই সেই ‘স্বচ্ছ আর সততাপূর্ণ’ মনের এক অনন্য কবির সাক্ষাৎ পেয়েছিলেন। কেননা শঙ্খ ঘোষ তো ছিলেন সেই ব্যক্তি, যিনি প্রবলভাবেই বিশ্বাস করতেন, কবির কাজই হচ্ছে নিজের ‘আলোড়নময় উপলব্ধির কথা’ কবিতায় প্রকাশ করা (শঙ্খ ঘোষ, ১৪০৪ : ৩২)।

২.

তাঁর কাব্যচর্চার শুরুতে বাইরের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে একরাম আলি প্রথমেই তাঁর পিতাকে স্মরণ করে পাঠকদের জানিয়েছিলেন, ‘বাবার কাছ থেকেই শুরু। বাবা বর্ধিষ্ণু চাষি। সঙ্গে একটা গদি ছিল। নানা ব্যবসার। কিন্তু একমাত্র পুত্র হলেও গদির ছায়া মাড়াতে দিতেন না। বরং আমি যখন পথের পাঁচালীতে ডুবে আছি, জানতে চাইতেন, কী বই। শুনে বলতেন, কেন? লাইব্রেরিতে ইংরেজি গল্পের বই পাওয়া যায় না? আর ছিলেন আমার গৃহশিক্ষক সেখ খবিরউদ্দিন। তিনি আমাদের স্কুলেরও শিক্ষক। প্রতি বছর স্কুল-ম্যাগাজিনে তাঁর একটা করে কবিতা থাকত’ (একরাম : ২৭ মার্চ, ২০১৭)। নিজেদের পরিবারের কথাও জানিয়েছিলেন এই কবি-- ‘আমাদের পরিবার বীরভূমের একটা এলাকায় বেশ বর্ধিষ্ণু ছিল। কিন্তু বিদ্যাচর্চার রেওয়াজ ছিল না। পরিবারের আমিই প্রথম কলেজে যাই। বাড়িতে বইপত্র, মানে পাঠ্যপুস্তকের বাইরের কোনো বই ছিল না। বাবা ছিলেন উদারমনস্ক। এটা মনে পড়লে কৃতজ্ঞতায় মাথা আজও নুয়ে আসে। যেদিন ক্লাস ফাইভে ভর্তি হই, সেদিনই বাবা আমাকে স্কুলের কাছাকাছি বান্ধব পাঠাগারের সদস্য করে দেন। আর, আরবির বদলে সংস্কৃত পড়তে নির্দেশ দেন এই যুক্তিতে যে, মুসলমানের ছেলে যখন, আরবিটা কোনো একদিন শেখা হয়ে যাবে। সংস্কৃত শেখার সুযোগ আর আসবে না।’ আবার বাবা সম্পর্কে এ-কথাটিও জানাতে ভোলেননি যে, ‘আমার বাবার কিন্তু দাড়ি ছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন’ (একরাম : ২৭ মার্চ, ২০১৭)। তাঁর কলেজের শিক্ষক কবি কবিরুল ইসলামের কথাও তিনি বলেছিলেন আর সেইসঙ্গে উত্তাল নকশাল আন্দোলনের কথা। একরামের ভাষায়, ‘ওই নকশাল আন্দোলনই আমার হাতে তুলে দিয়েছিল জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা বইটি।’ তিনি আরও বলেন, ‘নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে আছে এ-বাংলার সামাজিক বিবর্তনের অনেকগুলো ধাপ। একপাত্রে সব ধর্মের মানুষ যে খেতে পারে, সম্ভব খাওয়া, সেটা শিখিয়েছিল নকশাল আন্দোলনই। তার আগে মুসলমানের বা তথাকথিত অন্ত্যজ শ্রেণির হিন্দুর ঠোঁটের সিগারেট নিয়ে খাওয়া অসম্ভব ছিল কোনো ব্রাহ্মণসন্তানের’ (একরাম : ২৭ মার্চ, ২০১৭)। বামপন্থী মতাদর্শিক রাজনৈতিক আন্দোলন কীভাবে শিল্প-সাহিত্যকে সেদিন প্রভাবিত করেছিলো, সেটি গবেষক পুলক চন্দ জানিয়েছেন এভাবে, ‘ষাটের দশকের মাঝামাঝি বসন্তের বজ্রনির্ঘোষ শোনা গিয়েছিল নকশালবাড়িতে। প্রধানত তারই প্রেরণায় ষাটের শেষ ও সত্তরের প্রথম কয়েক বছরে নতুন আন্দোলনের প্রবল তরঙ্গ উঠেছিল শহর ও গ্রামাঞ্চলে। শোনা গিয়েছিল সশস্ত্র কৃষিবিপ্লবের ধ্বনি। সে কর্মসূচি কতখানি সাফল্যের সঙ্গে কার্যে প্রযুক্ত হয়েছিল, আন্দোলন মুখ্যত কৃষক-অভিমুখী ছিল কি না ইত্যাদি বিষয়ে সংশয়াবিষ্ট হবার সুযোগ আছে। অবশ্যই মতবিরোধ থাকতে পারে রাজনৈতিক তত্ত্ব ও প্রয়োগের অভ্রান্ততার প্রশ্নে। কিন্তু প্রাথমিকভাবে সত্তরের দশক যে গতানুগতিক কোনো দশক নয়, একটি সামগ্রিক বিদ্রোহের দশক, এ কথাটা সম্ভবত অনস্বীকার্য’ (পুলক চন্দ, ২০১৭ : ভূমিকা)। এর পাশাপাশি তিনি এ-কথাও বলেছিলেন, ‘আসলে সত্তর দশক বার্ধক্যের নয় তারুণ্যের, বিচক্ষণতার নয় উদ্দীপনার, শীতল প্রজ্ঞার নয় আগ্নেয়াস্ত্র আবেগের দশক। যাঁরা পারেননি হৃদয় দিয়ে সময়ের ঐ প্রাণকেন্দ্রকে স্পর্শ করতে তাঁরা সম্ভবত তা রাজনৈতিক বা অপর কোনো কারণে, এক আন্তরিক বিরোধিতা-বোধ থেকেই, পারেননি। কিন্তু কারণ যাই হোক, এই বিচ্ছিন্নতাই জন্ম দিয়েছিল আবেগহীনতার। যার ফলে ক্রোধ, প্রতিবাদ, এমনকি বেদনাও পর্যন্ত তাঁদের কবিতায় উত্তাপ হারিয়ে হয়ে উঠেছিল ছকে বাঁধা, যান্ত্রিক। কাব্যগুণ বা আঙ্গিক নৈপুণ্য থাকুক চাঁই না থাকুক, কবিতাতে সত্তর দশকের ঝোড়ো হাওয়ার চিহ্নমাত্র ছিল না। আবার একদল, হয়তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত না হয়েও, নিজেদের একাত্ম করে দিতে পেরেছিলেন সময়ের সেই বিশেষ সুরটির সঙ্গে। ধমনীতে অনুভব করেছিলেন সত্তরের স্বাতন্ত্র্য। তাঁদের কবিতা, স্বভাবতই, সমৃদ্ধ হয়ে উঠেছিল দুর্লভ প্রাণস্পন্দনে’ (পুলক চন্দ, ২০১৭ : ভূমিকা)। আবার এতোসব কথা বলতে গিয়েও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা বলতে ভোলেননি কবি একরাম আলি। তাঁর ভাষায়, নকশালবাড়ির ‘এই আগুনের সঙ্গে মিশে গিয়েছিল আরও প্রকাণ্ড এক অগ্নিগোলোকÑওপারের মুক্তিযুদ্ধ’ (একরাম : ২৭ মার্চ, ২০১৭)।

৩.

রবীন্দ্র-পরবর্তী সাহিত্যে আধুনিকতার সংজ্ঞা, সাহিত্যে আধুনিকতা বলতে কী বোঝায়, একজন সাহিত্যিক কীভাবে আধুনিকতাকে তাঁর রচনাকর্মে ধারণ করেন ইত্যাদি প্রশ্ন বিভিন্ন দশকে বাংলা কবিতার কবি-সমালোচক-পাঠকের আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে। সব ধরনের অস্পষ্টতাকে দূরে সরিয়ে একরাম আলি এই বিষয়ে তাঁর নিজের মতো করে একটা স্পষ্ট ধারণা রাখতেন। এ-সম্পর্কে একেবারে সোজাসুজি স্পষ্ট করেই তিনি বলেছেন, ‘আধুনিকতা-বিষয়টি নিয়ে সার্বিক ভাবে দেশে-বিদেশে বিস্তর চর্চা হয়ে আসছে সেই প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার পর থেকে। কবিতায় আমাদের দেশে তিনের দশক নাগাদ শব্দটি এসে পড়ে। এমনকি গানেও। এটি লম্বা বিষয়।’ এই ভূমিকাটুকুর পরে নিজের কথা বলতে গিয়ে একরাম আলি জানিয়েছিলেন, ‘আমি অল্পস্বল্প চেষ্টা করি লেখার। এ দেশের একাধিক সাহিত্য-আলোচক আমার কবিতাপ্রচেষ্টাকে বলেছেনÑউত্তর-আধুনিক। কিন্তু, এটা আমার প্রকল্প নয়Ñএই উত্তর-আধুনিকতার চর্চা করা। আমি চেষ্টা করি কবিতায় এই মুহূর্তকে ধরার, যে-মুহূর্তটি আরও অজস্র মুহূর্তের পূর্ব ও উত্তরসূরি’ (একরাম, ২০২৪ : ৯১)। তাঁর প্রথম কাব্য অতিজীবিত থেকে একটি উদাহরণ হিসেবে তুলে আনিÑ

শহরতলির দিকে সূর্য ডুবেছে এইমাত্র, আর

চিরমাতৃজলে পা-ডুবিয়ে বসে আছে

আমার পতিত বৃক্ষমূল

কার চুল উড়ে আসছে আমার পাতায়, এই লোহিত পাতায়

লেপটে আছে সর্পসমতুল

আজ, চিরমাতৃজলে পা-ডুবিয়ে বসে আছে

আমারই পতিত বৃক্ষমূল (সন্ধ্যাচিত্র)

এইভাবে একটি মুহূর্ত, খণ্ড-খণ্ড মুহূর্তকে একটা চিরকালীন উপলব্ধিতে নিয়ে যাওয়ার অভিলাষ দেখতে পাই আমড়া একরাম আলির কবিতায়। তিনি যেন মুহূর্তের খণ্ড-খণ্ড সীমানায় এক পরমতাকে স্পর্শ করবার দুঃসাহস রেখেছেন তাঁর কাব্যে। আমাদের মনে পড়ে বিভূতিভূষণের দিনলিপির কথা, যেখানে তিনি এক জায়গায় বলেছেনÑ‘হঠাৎ পুরোনো দিনগুলো মনে এল। মনে এল কতকগুলি ছায়াভরা বৈকাল, কতকগুলি সুন্দর জ্যোৎস্নাভরা রাত্রির সন্ধ্যা, সবগুলিই কেমন গভীর, অনন্ত, রহস্যময়। সময় তাদের দু'পাশ বেয়ে ছুটে চলে তাদের কোন দূরে নিয়ে ফেলেছে... যেমন ভবিষ্যতও মানুষের মনে বড় গভীর ও অনন্ত বলে মনে হয়, অতীতও অল্পদিনের হলেও তার চেয়েও গভীর বলে মনে হয়, রহস্যময় বলে মনে লাগে, হারিয়ে যাওয়ার গভীরতা মাখানো রহস্য তাদের অঙ্গে অঙ্গে জড়ানো--অনেকদিন হ’ল প্রাচীন অতীতে মিশে গেলেও তাদের গন্ধ, শব্দ, রূপ এখনও আমার মনের মধ্যেই আছে...তখন অতীত মুহূর্তগুলি তাদের অতীত গন্ধে রূপে বর্ণে শব্দে, সুখে দুঃখে, হাসি অশ্রুতে, আশায় নিরাশায়, মঙ্গল অমঙ্গলে, সৌন্দর্য্যে রসে একেবারে প্রত্যক্ষ বাস্তব হয়ে মুহূর্তের জন্য উদয় হয়। কিন্তু মুহূর্তের জন্য, তারপরই আবার চোখের ভ্রমজালের মত পরমুহূর্তেই মিলিয়ে যায়’ (বিভূতিভূষণ, ২০২২ : ২৭)। আর এইসব মুহূর্তের চিরকালীন কথকতার গভীরে গিয়ে আমাদের মনে পড়বে শঙ্খ ঘোষের ‘জার্নালে’র একদম প্রথম লেখাটার কথা (“এই মুহূর্ত”), যেখানে তিনি বলেছিলেন, ‘এই একটি মুহূর্ত চলে গেল, এটা কখনোই ফিরবে না আর, মুহূর্তই মুহূর্তের শেষ। এ-ভাবনাটা একদিকে একটা শূন্যতা নিয়ে আসে; ঠিক। কিন্তু এইটেই তো আবার সঞ্চারক ভালোবাসারও বোধ? এইখানেই এটা শেষ, এ-কথা জানি বলেই নিঃশেষে পেতে চাঁই একে, কোনোখানে ফাঁক না রেখে, ভবিষ্যতের জন্য কিছু ফেলে না রেখে। আর তখন প্রতিটি মুহূর্তই হয়ে উঠতে পারে সুন্দর। আনন্দে সুন্দর, বিষাদে সুন্দর’ (শঙ্খ, ১৩৯৮ : ১৩)। একরামের কাব্য-কাঠামোর প্রধান বৈশিষ্ট্যই এটি; তাঁর কবিতা বিভিন্ন সময়ে নানান বাঁক নিয়েছে ঠিকই, কিন্তু কাব্যচিন্তার এই জায়গাটা থেকে তিনি কখনোই সরে যাননি। আমড়া শঙ্খ ঘোষ-কথিত সেই ‘আনন্দে সুন্দর, বিষাদে সুন্দর’ মুহূর্তগুলো আরও শৈল্পিকভাবে প্রত্যক্ষ করি ১৪২৪ বঙ্গাব্দে প্রকাশিত তাঁর বিপন্ন গ্রন্থিপুঞ্জ কাব্যের পঁয়তাল্লিশ-সংখ্যক কবিতায়--

শুকিয়ে যাওয়া দিঘির পাড়ে

কেউ গান গাইছে

একফোঁটা জল নেই, গুল্ম নেই

দিঘির গর্ভে খটখটে পাঁক চৌফাট্টা

তবু তার গানে শালুকের প্রস্ফুটন

পদ্মের নরম অহংকার

টলটলে জলের কাজল লেগে আছে

যেমন তুমি

কবি-প্রাবন্ধিক কালীকৃষ্ণ গুহ যাঁকে অভিহিত করেছিলেন একজন ‘অনিচ্ছুক’ এবং ‘অসাধারণ’ লেখক, সেই প্রতিমা ঘোষ তাঁর একটি লেখায় একরাম আলি সম্পর্কে বলেছিলেন, ‘গ্রামের ছেলে। গ্রাম-গ্রামান্তে ইস্কুলের পড়া শেষ করে মফঃস্বল শহরে কলেজের পাঠ নিয়ে উচ্চশিক্ষার্থে চলে এসেছিল কলকাতায়। প্রায় সেইসময় থেকেই কলকাতাবাসী পেয়ে গেছে তাকে। অন্তত আমি তাকে চিনি শিক্ষাপর্বের পরবর্তী সময় থেকেই, সত্তরের দশক থেকে, যখন থেকে চিনি নিশীথ-পার্থপ্রতিমকে, প্রায় ততদিনই। রবিবারে আমাদের শ্যামবাজারের বাড়িতে সেও কখনোই কখনোই এসেছে। তখন থেকে যে চেনা, সেটা চেনামাত্র। কথা হয়েছে কম, বলা যায়, অনেকদিনই শুধু দেখার মধ্য দিয়ে চেনা। কেননা, একরাম অতিমাত্রায় শান্তস্বভাব, অল্পভাষী, নিম্নকণ্ঠ, অসম্ভব গুটিয়ে-থাকা এক মানুষ। পরে অবশ্য আমার সঙ্গেও অনেক চেনাজানা। শুনেছিলাম ছোটোবেলা থেকেই সে কবিতা লেখে’ (প্রতিমা, ২০১৫ : ৭১)। শুধুই কি এইসব কারণে তিনি প্রতিমা ঘোষের নজরে পড়েছিলেন? না, তা যে নয়, সেটি প্রতিমা ঘোষের মন্তব্য থেকেই আমড়া বুঝে নিতে পারি। একরামের কবিতায় প্রতিমা ঘোষ দেখতে পেয়েছিলেন এক ‘নিভৃত একাত্মতা’ (প্রতিমা, ২০১৫ : ৯৩)। কবিতায় সেই নিভৃত একাত্মতা একইসঙ্গে মৌলিক এবং স্বতন্ত্র, যার স্পন্দন আমড়া টের পাইÑ একরাম আলির কবিতার শৈল্পিক তাৎপর্যে, তার ব্যাখ্যাতীত এক উপলব্ধির উপযুক্ত আবহের মধ্যে পাঠক যেন সেসব আলতো স্পর্শ করতে পারেন--

তোমার বিপদ থেকে আমার বিপদে

এক পিপীলিকা হাঁটে--ধূর্ততায়, কৃষ্ণকায়

কী করে পেরোয় দেখি, কী করে-বা খায়

পথের আকাশ, মাটি--আস্ত ছায়া পড়েছে ডিমের

ধ্বংসের জমাটবদ্ধ, ঠান্ডা হাওয়া বয়

কাঁপি আর হাঁটি আমি--জলে তৈরি চাঁদ

বালতিতে কাঁপে আর ছলকে পড়ে পথে

তোমার বিপদ থেকে আমার বিপদে (বাণরাজপুর)

৪.

নিজের সম্পর্কে এবং সেইসঙ্গে তাঁর লেখালেখির একটা আদল পাঠকের সামনে হাজির করতে গিয়ে একরাম আলি বলেছিলেন, ‘আমি একজন মানুষ। মানুষের চিরকালীন অসহায়তাকে আমি ছুঁয়ে আছি। কর্তৃত্ব-প্রবণতা মানুষকে প্রধানতম জীবে পরিণত করলেও তার অসহায়তা আরও বেড়েছে। একই সঙ্গে মানুষ সে-ই, যে জেনে ফেলেছেÑ অবিনশ্বর বলে কিছু নেই। আর কোনো প্রাণী এই আজব অবিনশ্বরতার খোঁজই করেনি। ফলে তারা আনন্দে আছে। আমার লেখায় মানুষের চিন্তায় তাই বিষাদের স্পর্শ’ (একরাম, ২০২৪ : ৯১)। কবির এই বিষাদের আরও-একটি কারণ সম্ভবত এই যে, তিনি ‘পৃথক কোনো কবিসত্তায় বিশ্বাস’ করেন না বটে কিন্তু মানুষ বলেই পৃথিবীর অন্য মানুষের, তাঁর চারপাশের মানুষের ‘কষ্ট নিগ্রহ অত্যাচার স্বাভাবিকভাবেই’ তাঁকে স্পর্শ করে। চারপাশের মানুষের কষ্ট-অথ্যাচার-নিগ্রহ-আনন্দ আরেকজন মানুষকে, একজন সংবেদনশীল ব্যক্তিকে স্পর্শ করবে, আপ্লুত করবে--সেটিই তো স্বাভাবিক। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ করতে গিয়ে ফরাসি দার্শনিক-লেখক জাঁ-পল সার্ত্র যেমনটি বলেছিলেন, ‘ধানক্ষেতে যখন কোনো কৃষক মেশিনগানের গুলি খেয়ে লুটিয়ে পড়ে, তখন আমড়া প্রত্যেকেই তাতে আহত হই।’ কেন আমড়া আহত হই--তার অন্তর্নিহিত কারণ সার্ত্র সংক্ষেপে জানিয়েছিলেন যে, ‘এই গণহত্যার কথা ভাবা হয়েছে জনযুদ্ধের উত্তর হিসেবে এবং ভিয়েতনামে তা সংঘটিত হচ্ছে, শুধু ভিয়েতনামের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মানবতার বিরুদ্ধে’ (সার্ত্র, ২০২৩ : ৪৭)। নকশালবাড়ি আন্দোলন থেকে শুরু করে নিজের যাপিত জীবনের বোধ-উপলব্ধি থেকে একরাম আলি সেই মানবিকতার দীক্ষা গ্রহণ করেছিলেন। তাঁর একটি গদ্যরচনায় আমাদের চারপাশের প্রকৃতি থেকে মানুষ--সবাইকে স্পর্শ করার একটা ধরন যেন দেখতে পাই। একরাম আলি সেসবের বিবরণ দিয়ে বলেছেন : ‘মানুষগুলো থাকে ওই গাঁয়ে; দূরে দু-চারটে ইমারত ধরনের পাকাবাড়ির চারপাশে গিজগিজে ছোটো ছোটো বাড়ি--খড়ে ছাওয়া--এবং আরও গিজগিজে গাছগাছালিতে একটা জটলা-পাকানো যে জায়গাটা দেখা যাচ্ছে, ওই গাঁয়ে। কিন্তু তাদের সবারই কাজের ক্ষেত্র হচ্ছে এই সমস্ত জমি--যার বেশ কিছুটা আমড়া পেরিয়ে এসেছি এবং আরও অনেকটা আমাদের পেরোতে হবে’ (একরাম, ২০২১ : ৪৬)। সব মিলিয়ে শেষ পর্যন্ত একরাম আলি তো কবি, যখন তিনি কবিতা লিখছেন তখন যেমন তাঁর কবিসত্তার নানান বিকাশ দেখতে পাই আবার যখন প্রাণবন্ত গদ্য লিখছেন, সেইসময়ও--সব মিলিয়ে তাঁর সাধনা ‘শিল্পসম্পূর্ণতা’র সাধনা। কবি আলোক সরকার যেমনটি বলেছিলেন, ‘অসিদ্ধিকে উত্তীর্ণ হবার প্রচেষ্টাই’ একজন শিল্পীর দিক থেকে একটা ‘জাগ্রত সংগ্রাম’ এবং সেটি ‘একাগ্র তন্ময় অভিনিবেশী কর্ম।’ কেননা, জাগ্রত ‘শিল্পী তাঁর ব্যক্তিত্বে প্রতিষ্ঠ হতে চায়, উন্মুক্তি দিতে চায় তার সৃজনপ্রতিভাকে’ (আলোক, ২০১২ : ৪৬-৪৭)। একরাম আলির সৃজনপ্রতিভা তাঁকে দিয়েছে শিল্পীর চেতনার ভিতরকার শক্তি, যা কিনা তাঁর কবি-ব্যক্তিত্বকে ধীরে-ধীরে বিকশিত করে তুলেছে। আর কী দিয়েছে? দিয়েছে চারপাশের জগৎটাকে দেখার দৃষ্টি। শঙ্খ ঘোষ যেমনটি বলেছিলেন, ‘এই-যে মানুষটি এখনই উঠে গেলেন সামনে থেকে, এঁকে আমি অনেকদিন ধরে দেখছি।’ এর পরক্ষণেই তিনি প্রশ্ন তোলেন, ‘কিন্তু সত্যি দেখছি?’ মানুষের আংশিক দেখা,একটা খণ্ডিত দেখার কথাও তো তিনি বলেছিলেন। আর তারই সূত্র ধরে জানিয়েছিলেন, ‘আমি কি তাঁরই অবস্থান থেকে, তাঁরই অবস্থান থেকে, তাঁরই অবস্থানে নিজেকে রেখে, তাঁরই দিকে তাকাবার কথা ভেবেছি? আর তা যদি না ভাবি, তাহলে আমার সেই দেখা একটা খণ্ডিত দেখা, সেই মানুষটিকে আংশিক ভাবে দেখা, এমনকি, হয়তো-বা ভুল-দেখাও’ (শঙ্খ, ২০১৪ : ৪৬)। এসব বক্তব্যকে সামনে রেখে আমড়া একরাম আলির রচনাকর্মের দিকে যদি তাকাই, তাহলে দেখবো কলকাতা শহরের ‘মেস-বাড়ি’ সম্পর্কে নিজের অভিজ্ঞতাকে মিলিয়ে তিনি বলেছিলেন, ‘আরও সব অর্থগত দুর্নাম গায়ে মেখে, সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে, কলকাতায় এসে মফসসলের ছেলেদের কাছে মেস হয়ে উঠল পরম নির্ভরস্থল।...এখানে নানা জায়গা থেকে আসা নানা জনের সহাবস্থান’ (একরাম, ২০২০ক : ৫২)। আবার গাঁয়ের কৃষকের সন্তান হিসেবে তিনি লাঙলের বিবরণ দিতে গিয়ে বলেছেন, ‘ গৃহস্থের বহু-প্রতীক্ষিত যে লাঙলটি অবশেষে তৈরি হত, তেমন মজবুত লাঙল আর কোথাও মিলত না। তার ছোট্ট আর পরিপাটি কুঁড়েঘরের সামনে তরুণ মহুয়াগাছ। তার নীচে বসে কাজ করত কিরাপ। সামনে বাবলাগাছের পাকা দু’একটা গুঁড়ি, যেগুলো থেকে সে কেটে-কেটে বের করত লাঙলের মূল অংশ।’ এরপরই তিনি কীভাবে লাঙল বানানোর প্রক্রিয়াটি অবলোকন করেন, সেটি বুঝতে হলে তাঁর এই বর্ণনার কাছে আমাদের যেতে হবে--‘মূল অংশটির নামই লাঙল, যেটাতে লোহার ফাল আটকানো থাকে। ফালই মাটি কেটে-কেটে যায়। কাটতে কাটতে ডগা ভোঁতা হলে কামারঘর যেতে হবে পাজিয়ে আনতেÑ অর্থাৎ ছুঁচোলো করতে। লাঙলে ফাল আটকে রাখা হয় লোহার দুটো পাশি দিয়ে। ফালের হাতলের উপরে একটা, নীচে আরেকটা। লাঙলের সঙ্গে যে কাঠ উঠে থাকে উপরে, সেটা লিজেন। এই লিজেনের একেবারে উপরে ছোট্ট একটা বাঁট আটকানো, যেটার নাম মুঠো। সেই মুঠো ধরেই হাল এগিয়ে নিয়ে যায় চাষি। লিজেন আর লাঙলের জোড়ের জায়গায় আটকানো থাকে ঈশ। লোকে সাধারণত ঈশ খোঁজে শালকাঠের। না-পেলে অন্য কাঠ। এই ঈশ লাঙলের সঙ্গে যে কাঠ দিয়ে আটকানো হয়, তার নাম শাল। হয়ে গেল সম্পূর্ণ একটা লাঙল’ ( একরাম, ২০১৫ক : ৪৭)।

৫.

এক সাক্ষাৎকারে একরাম আলি বলেছিলেন : ‘কবিতা লেখে নিঃসঙ্গ মানুষ, একা। কবিতাও একা থাকতে পছন্দ করে। তবু কখনও কখনও কবিতাকে আমড়া সামাজিক করে তুলি নিজেদের প্রয়োজনে। এবং সমাজে সে একটি ভূমিকাও রাখে। তবে ভূমিকা-ই। তার বেশি তাকে নিয়ে টানাটানি করতে গেলে কবিতার-ই সর্বনাশ হয়’ (একরাম : ২৪ এপ্রিল, ২০১৪)। নিজের কবিতাকে সেই সর্বনাশের কিনারে কখনোই যেতে দিতে চাননি বলেই লাঙলের বিবরণ নিজস্ব গদ্যরীতিতে যেভাবে দিয়েছেন একরাম আলি, কবিতায় যখন ফসলের বিবরণ দিচ্ছেন, সেটি একেবারে ভিন্ন-একটা চেহারা পেয়ে যায়--

তাকে নিয়ে কোনও কথা কিংবদন্তি মনে পড়ছে না

যখন ছিলাম চাষি কর্কটক্রান্তির ওইপারে

যখন সে ছিল আর আজও আছে কোথাও না কোথাও

বাদামি দানায়...কিন্তু, সে কি সত্যিই বাদামি?

কর্কটক্রান্তির এপারে দুর্বিষহ বিস্মৃতিতে ঘামি (তিসি/ কবিতা-সংগ্রহ)

রবীন্দ্রনাথ ১৮৯২ সালের ২ ডিসেম্বর তারিখে এক চিঠিতে লিখেছিলেন, ‘বাংলাদেশের ধূধূ জনহীন মাঠ এবং তার প্রান্তবর্তী গাছপালার মধ্যে সূর্যাস্ত--কী-একটি বিশাল শান্তি এবং কোমল করুণা! আমাদের এই...পৃথিবীর সঙ্গে আর ঐ বহু-দূরবর্তী আকাশের সঙ্গে কী-একটা স্নেহভারবিনত মৌন স্নান মিলন। অনন্তের মধ্যে যে-একটি প্রকাণ্ড চিরবিরহবিষাদ আছে সে এই সন্ধেবেলাকার পরিত্যক্তা পৃথিবীর উপরে কী-একটি উদাস আলোকে আপনাকে ঈষৎ প্রকাশ করে দেয়, সমস্ত জলে স্থলে আকাশে কী-একটি ভাষাপরিপূর্ণ নীরবতা!’ এরপরই তিনি জানিয়েছেন, ‘কী-একটা গভীর গম্ভীর শান্ত সুন্দর সকরুণ সংগীত পৃথিবী থেকে নক্ষত্রলোক পর্যন্ত বেজে ওঠে! আসলে তাই হচ্ছে। আমড়া একটু নিবিষ্টচিত্তে স্থির হয়ে চেষ্টা করলে জগতের সমস্ত সম্মিলিত আলোক এবং বর্ণের বৃহৎ হার্মনিকে মনে মনে একটি বিপুল সংগীতে তরজমা করে নিতে পারি। এই জগৎব্যাপী দৃশ্যপ্রবাহের অবিশ্রাম কম্পনধ্বনিকে কেবল একবার চোখ বুজে মনের কান দিয়ে শুনতে হয়। কিন্তু আমি এই সূর্যোদয় এবং সূর্যাস্তের কথা কতবার লিখব! নিত্য নূতন করে অনুভব করা যায়, কিন্তু নিত্য নূতন করে প্রকাশ করি কী করে’ (রবীন্দ্রনাথ, ১৪১৮ : ১৪২)। অনুভব ও উপলব্ধির এই সমস্যার মীমাংসায় কবি অরুণ মিত্র মনে করতেন, ‘জীবন ও জগতের সংস্পর্শে কবি যা অনুভব করেন, যে-উপলব্ধি তাঁর হয়, যে-মানসিক ও ইন্দ্রিয়গত অভিজ্ঞতা তাঁকে নাড়ায়, তিনি তাই ব্যক্ত করতে চান কবিতায়। এটা এক অব্যবহিত প্রতিক্রিয়ার ব্যাপার, কবিতাই যার একমাত্র যাহন। এই অনুভব উপলব্ধি বা অভিজ্ঞতাকে, স্থ’লভাবে বললে বক্তব্যকে যতদূর সম্ভব প্রকাশিত করাই কবিতার কাজ। আদিকালে গান থেকে পৃথক হয়ে কবিতা তার নিজের পরিচয় নিয়ে দাঁড়িয়েছিল, তবে গীতিসম্পর্কটা লুপ্ত হয়নি’ (অরুণ, ১৯৯৯ : ৪৫)। কথাগুলো সম্ভবত একরাম আলিরও জানা ছিলো। অন্যদিকে, তিনি স্পষ্টতই বিশ্বাস করেন যে, ‘কবি যখন কবিতাটি লিখবেন, সে-কবিতায় এই কক্ষটির বর্ণনা থাকলেও আসলে থাকবে এই কক্ষের আর কক্ষের বাইরের, এর নির্মাণের আর ধ্বংসের এবং কক্ষের অস্তিত্বের আর অস্তিত্বহীনতার কবিপ্রদত্ত বিবরণ, যাকে আমড়া বলতে পারি--সাংখ্যকথিত জ্ঞান। বলতে পারি, এই জ্ঞান কবিমনের অতলঘূর্ণি থেকে উৎসারিত হয়ে এই কক্ষের চেয়ে যদি অন্যতর সত্যের প্রকাশ ঘটাতে পারে, তাহলেই সেটা কবিতার সত্য। এবং কবির প্রাণপণ চেষ্টাও থাকে তেমনই। যদি তিনি সফল হন, তাহলে তাঁর কবিতায় যে-সত্য ব্যক্ত হয়, সেই সত্য পাঠকের মর্ম ছুঁতে পারে’ (একরাম, ২০২৩খ : ৬১)। কবিতায় কবির সৃজনী-প্রতিভায় প্রকাশিত শিল্পের সত্যকে মেনে নিয়েও কবির অভিজ্ঞতায় তাঁর সময়ের অভিঘাতকে একরাম আলি অস্বীকার করেননি, বরং শিল্পের অনন্যতায় তিনি সর্বক্ষণই আস্থা পোষণ করেছেন। তিনি মনে করেন, ‘কবি যেখানেই থাকুন, তাঁর চারপাশে দৃশ্য থাকবার কথা। এখানে আছেও। ধরা যাক, তিনি এখন লিখছেন না। আয়না থেকে বেরিয়ে এসে একীভূত হয়েছেন জৈবসত্তায় এবং হেঁটে যাচ্ছেন জানালার দিকে। নীচে রাস্তা।... যা কিছু দেখছেন, সবই বস্তু। কিন্তু সব বস্তুই তাঁর কাছে আসছে শব্দের বিমূর্ত রূপে। যতই ছেঁটে ছোটো করুক পুরসভার লোকেরা, ডালপালা আর পাখির বাসা-সমেত গাছটিকে তিনি ঘরে আনতে পারেন না। আনেন তার চিহ্নরূপ।’ কবির এইসব চিহ্নরূপ ‘পাঠক যখন পড়েন, এইসব চিহ্নের ছায়াঘন কুণ্ডলীর নীচে হয়তো বৃক্ষের শীতলতা আকাঙ্ক্ষা করেন। কখনোই পানও।’ এ-পর্যন্ত কবির দিক থেকে সবই ঠিক আছে। কিন্তু একরাম এবার অন্য ধরনের একটি প্রশ্ন তোলেন, বেশ গুরুতর প্রশ্ন, তাকে এড়িয়ে যাবার উপায় নেই। তাঁর মতেÑ ‘মহত্তম কবির সমস্যা তো অন্যত্র। তিনি জানেনÑকবিতা শব্দ দিয়ে লিখিত হয়, কদাপি বাক্য দিয়ে নয়। তবু তাঁকে অতিক্রম করে যেতে হয় বাক্যের সেইসব টানা বারান্দা--যার একদিকে বালিয়াড়ি, লোনা গর্জন, লুটিয়ে-পড়া ঢেউ; অন্যদিকে পরপর দরজা--কোনোটা বন্ধ, আধখোলা কোনোটা। ভিতরে খুটখাট আওয়াজ। এইসব কিছুই অর্থবহ। শুধু তা-ই নয়, কবির সামনে সুবিন্যস্ত বাক্যের প্রতিটি শব্দ থেকে উঁকি মারতে চায় এক বা একাধিক অর্থ, যেসব অর্থ পূর্বনির্ধারিত। এত-এত অর্থযুক্ত শব্দের মাঝে কবি হয়ে পড়েন অসহায়। কেননা, এইসব শব্দই তাঁর লেখার অন্তিম উপকরণ। এত সব ভিন্নমুখী অর্থের টানাপড়েনে জর্জরিত কবি কোন্ উপায়ে নিজের কথাকে নিখুঁত সম্পূর্ণতার জগতে পৌঁছে দেবেন? (একরাম, ২০২৩খ : ৬৭-৬৮)। এই প্রশ্ন আমড়া এড়িয়ে যেতে পারি না ঠিকই, আবার এটিও সত্যি যে নিশ্চিতভাবে এর কোনো উত্তর দেবার সামর্থ্য আমাদের নেই; সম্ভবত একরাম আলির কাছেও এর সদ্যুত্তর ঠিক জানা নেই। সে-কারণেই একরামের চারপাশে দেখা যায় এতো অনিশ্চয়তার অন্ধকার আর কবিসুলভ-এক অসহায়ত্ব : ‘কবিতা--এটা লেখার জিনিস নয়। তবে কি নিজে নিজে হয়ে ওঠে কবিতা? না, তাও নয়। ছড়িয়ে থাকা চারপাশকে, এই বিশ্বজগৎকে, দেখে দেখে দেখে যে চরম বিন্দুতে পৌঁছোয় আমাদের চিন্তা, যে পার্শ্ববিন্দুগুলোতে, এবং দুঃসাধ্য চেষ্টায় সেই চরমকে অতিক্রম করতে গিয়ে--কখনোই-বা আটকে গিয়ে--কাতরায়, কবিতা মানুষের সেই কাতরানি। সেই আবিষ্কার এবং অসহায়তা’ (একরাম, ২০১৭ : ভূমিকা)। আবার কখনোই তিনি বলছেন, ‘কবিতা কী? বহু পুরোনো এ-প্রশ্ন। আমড়া উত্তরও পেয়ে এসেছি অজস্র। আর, ক্রমধ্বংস পৃথিবীর ধুলোঝড়ে দাঁড়িয়ে সেসব লেখার চেষ্টাও করেছেন অনেকে। তাঁরা অনেকেই কবি। কেউ কেউ পুষ্পের সৌরভ এবং অমরত্ব পেয়েছেন’ (একরাম, ২০১৯ : ভূমিকা)। তাতেও কি একরামের সেইসব প্রশ্নের যন্ত্রণার কোনো উপশম ঘটেছে? বরং এক কষ্টার্জিত উপলব্ধির বেদনাতুর আলোকরেখার দিকে অগ্রসর হতে-হতে তাঁকে বলতে হয়েছে-- ‘কবিতার সঙ্গে পবিত্রতাকে বিনিসুতোয় গেঁথে ফেলার প্রলোভন থেকে বেরিয়ে আসা তখন তার [ কিশোর কবি/ কবি] পক্ষে কঠিন হয়ে পড়ে। যা-কিছু পবিত্র, তা-ই কবিতা; বা, কবিতা নিজেই পবিত্র--এমন বিশ্বাস জন্মায়। আসলে, যখন সে কবিতার মুখোমুখি, কোনো-এক ক্ষণে সহসা তীব্র সূচ-রশ্মি এসে তার মনে বিঁধিয়ে দিয়েছিল এই কথাটি যে, সে তো পবিত্র মণ নিয়ে লিখছে। ফলে, লেখাটিও অবশ্যই পবিত্র। কিন্তু একান্ত। প্রকাশ করবার মতো নয়। এমনকি কাউকে বলবারও মতো নয়’ (একরাম, ২০২৩খ : ৪৮)। শিল্পের অনন্যতার আঘাতে জর্জরিত বুদ্ধদেব বসু তবুও তো ‘শুধু তা-ই পবিত্র ব্যক্তিগত’ উচ্চারণে খানিকটা স্বস্তি ও সান্ত্বনা পেতে চেয়েছিলেন, হয়তো-বা খানিকটা পেয়েওছিলেন; একরাম আলি অতোটা ভাগ্যবান নন, না-স্বস্তি না-সান্ত্বনা--কিছুই তাঁর ভাগ্যে তেমন-একটা জোটেনি। কবিতার মহত্তম উপলব্ধি তাঁকে শুধু তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে আর বিনিময়ে দিয়েছে প্রজ্ঞাশাসিত কাব্যিক উচ্চারণের সামর্থ্য--এইদিক থেকে তাঁর সময়ের ভাগ্যবান কবিদের একজন তিনি। এতোকিছুর পরেও তাঁর এই কৌতূহল কিছুতেই যায় না যে, ‘কবিরা শেষপর্যন্ত কোথায় জন্মান?’ (একরাম, ২০২০খ : ১৩)। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ‘প্রত্নতাত্ত্বিকের চোখ’ নিয়ে একরাম খুঁটিয়ে দেখতে থাকেন--‘গাছের শুকনো পাতা, পলিথিনের ছেঁড়া ক্যারিব্যাগ, উড়োকাগজের টুকরো, নোংরা ফালি ন্যাকড়া, পাশের হাউজিং থেকে রক্তের স্বাদে কামড়াতে কামড়াতে কুকুরের টেনে-আনা স্যানিটারি ন্যাপকিনের টুকরো, এমনকি ফাটা রবারের বলের পাশে বার্বি ডলের ছেঁড়া মুন্ডুও চোখে পড়ল, যার রেশমি চুল উঠে গিয়ে এখন পাগলিনি-প্রায় দেখতে হলেও চোখদুটো দেবশিশুর মতো খোলা’ (একরাম, ২০১৫খ : ৯)। এতোসব কিছুর পরে একরাম প্রচণ্ড-এক আত্মবিশ্বাস নিয়ে বলেন যে, ‘Communication নিয়ে একেবারেই চিন্তিত নই আমি। একটি কবিতা লেখার পর বারবার কাটি। এমনকি ছাপা হওয়ার পরও। কেননা, কবিতা জিনিসটার দূরন্ত রূপটিকে আজও খুঁজে পাওয়া যায়নি।’ সেইসঙ্গে তাঁর এইসবও মনে হয়, ‘কবিতা লেখার অন্যান্য গুরুতর দিকগুলো সামলে ওঠার পর আঙ্গিক নিয়ে অকারণ ভাবি না। আঙ্গিক যদি আসে, ওই কবিতাভাবনার অন্তঘনত্ব থেকেই আসে। আঙ্গিক তো কবিতার ওভারকোট নয়।’ কবিতার ছন্দ-সম্পর্কে জানিয়েছেন, ‘ ছন্দের অনুশীলন অবশ্যই জরুরি। বিষয়টা আমড়া অন্য দিক থেকে দেখতে পারি। যেমন ধরুন, আধুনিক ফুটবলে ড্রিবল করাটা তেমন কাজের কথা নয়। দ্রুত পাশ দেওয়াটা বরং জরুরি। তাই বলে ফুটবলার সেটা অভ্যাসই করবে না?’ (একরাম, ২০২৪ : ৯২)। এরচেয়ে সুন্দর জবাব আর কী হতে পারে!

৬.

অন্যদিকে, কবি অরুণ মিত্র জানিয়েছিলেন, কবিতার ‘ভঙ্গিকে ছন্দের অবলম্বনে খুব হৃদয়গ্রাহী করা যায়। কিন্তু মিল যতখানি সাহায্য ধ্বনি-বিল্লাসে করতে পারে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করতে পারে কবিতার। যে-শব্দ ব্যবহারের কোনো প্রয়োজন নেই, সেই শব্দ সে ঘাড় ধরে প্রায়ই ব্যবহার করায়। এবং মিলের জন্য কবিতার বক্তব্য বিপথে চ'লে যেতে পারে।’ সেইসঙ্গে তিনি খুব যৌক্তিকভাবেই প্রশ্ন তুলেছিলেন--কবিতায় ‘এমনিতে তো অনেক বাধা আছে: শব্দের দারিদ্র্য, অনুভূতির পলায়নপরতা, বোধের অস্বচ্ছতা ইত্যাদি। তার উপর আবার যান্ত্রিক বাধা কেন? (অরুণ, ১৯৯৯ : ৬৪)। একরামও বিশ্বাস করেন যে, ‘টেকনিক, স্কিল, কনটেন্ট, ফর্ম... এসবের উর্ধ্বে একটি স্বকীয় ভাষা খুঁজে পাওয়া জরুরি। কবি যতদিন নিজস্ব ভাষা খুঁজে না পাচ্ছেন, ততদিন তিনি কবি নন। সবার আগে দরকার সেইটি। নিজের ভাষা না থাকলে নিজের কথা লেখা অসম্ভব। জীবনানন্দের সেটা ছিল। আর কী কী ছিল, সেসব পরের ব্যাপার। আমি এরকম কোনো ভাষার পক্ষে বা বিপক্ষে নই। ভাষাকে আক্রমণ করার পক্ষে আমি। সে কাজ আঞ্চলিক ভাষা প্রয়োগেও হতে পারে’ (একরাম : ২৭ মার্চ, ২০১৭)। একরাম তাঁর এই বিশ্বাসে ভর দিয়েই সাহিত্যচর্চা করে চলেছেন। পাশাপাশি তিনি এটিও বিশ্বাস করেন যে, ‘শিল্পকলা হচ্ছে বিজ্ঞানের অতিরিক্ত কিছু। বিজ্ঞান-অতিরিক্ত, যা বিজ্ঞানকে অতিক্রম করতে সক্ষম। আর, জীবন-বাস্তবতা? তার আগে বলি, অন্ধকারই ব্রহ্মাণ্ডের আশ্রয়। মাঝে মাঝে কোথাও নক্ষত্র পুড়ে পুড়ে শেষ হয়। কিন্তু মহাশূন্যের অসীম অন্ধকার দূর করবার ক্ষমতা কোনো আলোর নেই।’ তিনি এটিও বিশ্বাস করেন যে, ‘শিল্প জীবনের বাইরে নয়...শিল্প বড়ো একরোখা। সে-ই একমাত্র, যে মৃত্যুর মুহূর্তেও স্বাধীনতার দাবিদার। কিন্তু জীবনকে নানা সমঝোতার মধ্যে যেতে হয়’ (একরাম : ২৭ মার্চ, ২০১৭)। আর সেই জীবনের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা, উপলব্ধিকে এক অন্তর্লীন ছন্দের আবহে এইভাবে প্রকাশ করেন একরাম--

শুধু কি জঙ্গলই গোপনে কথা বলতে জানে?

পিতলের নীরবতায় ঢাকা গ্রামের পর গ্রাম

শুকনো জিভগুলো ছায়াপথ পর্যন্ত লম্বা

সবাই বলে, বৃষ্টি আর কখনোই ফিরবে না

নেতিয়ে-পড়া কলাপাতার মা

বুকে তার মাটির শিশু

তারা স্বপ্ন দেখে--বৃষ্টি আসছে

অসংখ্য, ঝমঝম

জঙ্গল পেরিয়ে আসছে অনাদি কালের নাচ (একুশ-সংখ্যক কবিতা/ অজন্ম)

একরাম আলির কবিতায় আমড়া দেখতে পাই সেই অনাদি-কালের নৃত্য, যা কিনা তাঁর ভাষায়--‘কারও কাছে আমি কিছু কমিট করে লিখতে বসি না। সেটা সমাজ হোক বা ব্যক্তি। হ্যাঁ, নিজের কাছে একটা কমিটমেন্ট থাকে। যে-চেষ্টা আমি করতে চলেছি বা করছি, সেটা যেন হয়ে ওঠে। তবে কঠিন কাজ। একটা কবিতার হয়ে ওঠা। যদি হয়, ব্যস। আমার কাজ শেষ। বলতে কী, লেখার সময় নিকটতম পাঠকটির মুখও আমি ভুলে যেতে চেষ্টা করি এবং ভুলে যাই। কবিতার প্রতি এটুকুই আমার কমিটমেন্ট’ (একরাম : ২৭ মার্চ, ২০১৭)। আর এইভাবেই গড়ে উঠেছে একরাম আলির নিজস্ব কাব্যসৌধ, যেখানে মুহূর্তের আনন্দ-বার্তা পৌঁছে যায় পাঠকের চিরকালীন মনে, এক অনন্তের স্পর্শ নিয়ে। সেইখানেই একরাম আলির কবিতা, যেখানে ব্যর্থতার বোধ তাঁর সম্পূর্ণ অস্তিত্বের ভিতর দিয়ে মহাসামুদ্রিক প্রবাহে খণ্ড-খণ্ড ভাবে মুছে যায়, আবার কখনো জেগে ওঠে নিভৃতে। আমাদের বুঝে নিতে দেরি হয় না যে একরাম আলির কবিতা সেই জাগ্রত, নিভৃতসন্ধানী উপলব্ধির সাগ্রহদৃষ্টিরই কবিতা।

সহায়কপঞ্জি

অরুণ মিত্র, ১৯৯৯। কবিতা, আমি ও আমড়া, দে’জ পাবলিশিং, কলকাতা।

আলোক সরকার, ২০১২। অন্তর্লোক, কৌরক প্রকাশনী, কলকাতা।

একরাম আলি, ২৪ এপ্রিল, ২০১৪। অলস দুপুর ওয়েবম্যাগাজিন (অনলাইন সাক্ষাৎকার : https://alasadupura/phicarada-poyeta)

একরাম আলি, ২০১৫ক। ধুলোপায়ে, অভিযান পাবলিশার্স, কলকাতা।

একরাম আলি, ২০১৫খ। দিগন্তের একটু আগে, দে’জ পাবলিশিং, কলকাতা।

একরাম আলি, ২৭ মার্চ, ২০১৭। বাংলা ট্রিবিউন (সাক্ষাৎকার :https://www.banglatribune.com/literature/interviews/192641)

একরাম আলি, ২০২০ক। হ্যারিসন রোড, দে’জ পাবলিশিং, কলকাতা।

একরাম আলি, ২০২০খ। বেদনাতুন আলোকরেখা, দে’জ পাবলিশিং, কলকাতা।

একরাম আলি, ২০২১। বাঙালি মুসলমান : লোকাচার ও সমাজ, দে’জ পাবলিশিং, কলকাতা।

একরাম আলি, ২০২৩ক। চিঠিতে, স্মৃতিতে, ধানসিড়ি, কলকাতা।

একরাম আলি, ২০২৩খ। শূন্যের প্রতিভা, দে’জ পাবলিশিং, কলকাতা।

একরাম আলি, ২০২৪। উক্তি নিরুক্তি (সম্পাদনা : সমীর দে রায়), পিলসুজ, হাওড়া।

জাঁ-পল সার্ত্র, ২০২৩। গণহত্যা (ভাষান্তর : সন্দীপন ভট্টাচার্য), (প্রথম প্রকাশ : ২০০৭), বইপত্তর, কলকাতা।

পুলক চন্দ (সম্পাদনা), ২০১৭। রক্তে ভাসে স্বদেশ সময় : সত্তর দশকের কবিতা ( প্রথম প্রকাশ: ১৯৭৭), দে’জ পাবলিশিং, কলকাতা।

প্রতিমা ঘোষ, ২০১৫। আপন ক’জন কবি, পাঠক, কলকাতা।

রবীন্দ্রনাথ ঠাকুর, ১৪১৮। ছিন্নপত্র (প্রথম প্রকাশ : ১৩১৯), বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ২০২২। দিনলিপির বিভূতিভূষণ : প্রথম খণ্ড (সম্পাদনা : চণ্ডিকাপ্রসাদ ঘোষাল), রাবণ, কলকাতা।

রবীন্দ্রনাথ ঠাকুর, ২০১৬। রবীন্দ্র-রচনাবলী : পঞ্চদশ খণ্ড, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, কলকাতা।

শঙ্খ ঘোষ, ১৩৯৮। জার্নাল (প্রথম প্রকাশ : ১৩৯২), দে’জ পাবলিশিং, কলকাতা।

শঙ্খ ঘোষ, ১৪০৪। কবির বর্ম, বিজল্প প্রকাশন, কলকাতা।

শঙ্খ ঘোষ, ২০১৪। দেখার দৃষ্টি, তালপাতা, কলকাতা।