রাঙা সকালে শেষ বিকেলের ম্লান আলো
সে বাসায় একদিন সকালে শুধু দাদা-বৌদি এলেন। অনেক গল্প আড্ডা হলো। দুপুরের আহার গ্রহণের পর তাঁরা খানিক জিরিয়ে নিলেন। বিকালের চা খেয়ে আমরা বেরিয়ে পড়ে দাদার গাড়িতেই গেলাম আমার স্ত্রীর সঙ্গে দেখা করে বিদায় নিয়ে আসতে তার সেসময়ের কর্মস্থলে।
১৯২০ সালে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ রচনা করেছিলেন পূজা পর্বের গান—
“এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা।”
পূজা পর্যায়ের এই গানটি কণিকা বন্দোপাধ্যয়, শান্তিদেব ঘোষ, চিন্ময় চট্টোপাধ্যয়, গীতা ঘটক, শাহানা দেবী (যিনি দীনেন্দ্রনাথ ঠাকুরের সাথে এই গানটির স্বরলিপি রচনা করেছিলেন), অরুন্ধতী হোম চৌধুরী প্রমুখ বিখ্যাত বিশিষ্ট শিল্পীরা গানটি গেয়েছেন। অনেকানেক রবীন্দ্র সংগীতের মতো এই গানটিও আমার অতি প্রিয়।
আজ সকাল সকাল এই গানটি বারে বারে ফিরে মনের ভিতরে গুমরে ওঠা কান্না হয়ে গলায় এসে দলা পাকাচ্ছে অন্য আরেক কারণে। গানটির মুখের ওই ‘এখনো গেল না আঁধার’ শব্দত্রয়ী আমার তন্ত্রীতে আঘাত হানছে। আমার তখন পশ্চিমের এই প্রবাস জীবনের শুরুতেই পতন পর্ব চলছে। আমি বার বার আসছি থাকব বলে, কিন্তু থাকতে পারছি না। নিউইয়র্কের কঠিন পাথুরে বাস্তবতা আমার নাজুক কোমল মনকে টিকতে দিচ্ছিল না। আমি ফিরে ফিরে যাচ্ছি স্বদেশে, মাতৃভূমিতে। আমার ব্যক্তিগত জীবনের এই বিপর্যয়ের কালে ভারতীয় উপমহাদেশে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সময়টা ১৯৯২ সাল। ভারত ও বাংলাদেশে কোথাও কোথাও ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা! ইন্ধন যুগিয়েছে হিংসা ও বিদ্বেষের নোংরা রাজনীতি। অসাম্প্রদায়িক বাংলাদেশেও ধর্মের নামে উস্কানি। ক্ষমতার রাজনীতি তাতে মদদ যোগায়। ধর্মনিরেপক্ষতা বাংলাদেশের স্বাধীনতার দাবীর মূলস্তম্ভের একটি। সংবিধানে সংরক্ষিত স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় চারটি প্রধান মৌলিক নীতির অন্যতম একটি। সেই বাংলাদেশে স্বাধীনতাবিরোধী মৌলবাদী শক্তি হিন্দু-মুসলমানের চমৎকার সাম্প্রদায়িক সহাবস্থানকে বিনষ্ট করতে বিভিন্ন সময়ে নানা কূটকৌশল ও বলপ্রয়োগের রাজনীতি করেছে। মিলিটারী ব্যুরোক্রাসি ক্যুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করে ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করেছে। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতেও ক্রমশ এই ধারার রাজনীতির দাপট প্রকাশ্য হয়েছে।
১৯৯২ সালে দুই দেশে অযোধ্যার বাবরি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে ওই অপশক্তি দুই দেশেই আগুন লাগায় মানুষের মনে ও ঘরবাড়ি পোড়ানোয়। এমনই নির্মম দাহ সময়ে কিছু সংখ্যক সাহসী দেশ ও মানবপ্রেমিক মানুষ এই জুলুমের বিরুদ্ধে সরাসরি রাস্তায় নেমেছিল।
স্বল্পসংখ্যক (হাতে গোণা) প্রগতিশীল, মুক্তবুদ্ধির লেখক ও সাংবাদিক কলমে জোরদার প্রতিবাদ করেছিলেন। মানুষের চেতনায় ঘা দিয়ে তাঁদের বোধ ও বোধিকে উদ্দীপ্ত করতে উদ্যোগী হয়েছিলেন। বিভিন্ন সংবাদপত্রে তাঁদের কিছু কিছু ক্ষুরধার লেখনীকে একত্রে এক জায়গায় রেখে একটি শক্তিশালী সম্পাদিত সংকলন প্রকাশ করে হৈ চৈ ফেলে দিয়েছিলেন। সম্পাদক ছিলেন দু’জন। শফি আহমেদ ও পূরবী বসু। সাহিত্য সমবায় থেকে প্রকাশিত হয়েছিল ১৯৯৩ সালের ফেব্রুয়ারীতে। পূরবী বসু সেই থেকে আমার পরম শ্রদ্ধেয়। আমাদের সাহসিকা।
আলাপ পরিচয় ছিল না। নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলা ও মুক্তধারা নিউইয়র্কের সাথে যুক্ত হওয়ার পর থেকে বছরে একবার দু’একবার করে দেখেছি বইমেলায়। কাছে গিয়ে কথা বলেছি আরো বেশ পরে। সেইটুকু পরিচয় ক্রমান্বয়ে তাঁর স্নেহসিক্ত হওয়ার পর্যায়ে উন্নীত হতে সময় নিয়েছিল অনেকগুলো বছর। কবিতা ও প্রবন্ধ লেখার চেয়ে সেই সময়টায় আমি কবিতাকে জনপ্রিয় করে তুলতে আবৃত্তিতে নিজেকে ভীষণ জড়িয়ে ফেলি। ২০০৭ সালে প্রকাশিত হলো আবৃত্তিকে মাধ্যম হিসাবে ব্যবহার করে, ধারা বিবরণী জুড়িয়ে কবিতাগুলি পর পর সাজিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতাউত্তর দীর্ঘ সময়ের সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক অবস্থা ও ব্যবস্থা তুলে ধরার সিডি। আমার কন্ঠে ধারণকৃত আবৃত্তির সেই প্র্রথম সিডির প্রকাশনা উৎসব ও পহেলা বৈশাখ উদযাপনের একত্র আয়োজন করি। আরো কয়েকজন বিদগ্ধ সাহিত্য ও সংস্কৃতিজনের সঙ্গে মঞ্চ আলো করে বসেছিলেন কবি, লেখক, পুষ্টিবিজ্ঞানী পূরবী বসু। চমৎকার সব কথা বলেছিলেন আমার ও আমার কাজ সম্পর্কে। সেদিন থেকেই আমার দিদি হয়ে গেলেন। তাঁর শব্দচয়ন ও উচ্চারণ, তাঁর অসাধারণ দীপ্তিময়ী, সদাহাস্যমুখ তাঁর শালীন বেশ কখন যেন আমাকে তাঁর স্নেহের দিকে টেনে নিল!
২০০৭ কি ২০০৮ এর গ্রীষ্মের এক দুপুরে আমার ব্রঙ্কসের অ্যাপার্টমেন্টে চাঁদের হাট বসেছিল।
এক জম্পেস আড্ডা বসেছিল। ইংরেজি দৈনিকের খ্যাতনামা সাংবাদিক রেজাউল হক ( ছায়ানটের প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হকের ভাই) সহ বাংলা একাডেমি ও একুশে পদক প্রাপ্ত সুবিখ্যাত লেখক জ্যোতিপ্রকাশ দত্ত— আমাদের প্রিয় জ্যোতিদা ও দিদি( অনন্যা সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক পূরবী বসু) এসেছিলেন। সেদিন সেই আড্ডা জমাট বেঁধেছিল প্রাবন্ধিক, লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস ও রানু ভাবী, আমার ঘনিষ্ঠ বন্ধু কবি হাসানআল আব্দুল্লাহ ও কবি নাজনীন সীমন দম্পতি, জিঙ্গা শিল্পীগোষ্ঠীর জামাল আবেদীন ও জলি আপা, সেসময়ের নিউইয়র্কের তুমুল জনপ্রিয় কন্ঠশিল্পী দম্পতি প্রয়াত সাকিনা ডেনী আপা ও শহীদুল সরকার ভাই এঁদের উপস্থিতিতে। সেদিনের ১২/১৪ পদের বাঙালি গ্রামীণ খাবারের সবগুলি ছিল আমার রান্না। এরপর কবিতা ও গানের আসর শেষে শেষ বিকালে চা পর্ব শেষে আসর ভাঙতে সন্ধ্যা উত্তীর্ণ।
এরও অনেক পরে তখন আমরা থাকি পূর্ব এলমহার্ষ্ট লাগোয়া লিটল ইণ্ডিয়া খ্যাত জ্যাকসন হাইটের কেন্দ্র থেকে দূরে নির্জন ও মনোরম পরিবেশে এক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে। সে বাসায় একদিন সকাল দিকেই শুধু দাদা-বৌদি এলেন। অনেক গল্প আড্ডা হলো। দুপুরের আহার গ্রহণের পর তাঁরা খানিক জিরিয়ে নিলেন। বিকালের চা খেয়ে আমরা বেরিয়ে পড়ে দাদার গাড়িতেই গেলাম আমার স্ত্রীর সঙ্গে দেখা করে বিদায় নিয়ে আসতে তার সেসময়ের কর্মস্থলে। কিছুটা সময় থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম কবি হাসানআল আব্দুল্লাহ ও কবি নাজনীন সীমন দম্পতি ও তাদের পুত্র একক সৌবিরের সাথে আড্ডা দিতে। ম্যারাথন আড্ডা শেষে এক মহাভোজ উৎসব যেন বসেছিল সে বাড়ির ডাইনিং টেবিলে। আমার ভগ্নি নাজনীন সীমন চমকপ্রদ সব পদের রান্না করেছিল। উপাদেয় খাবারে ডিনার সেরে আরেক প্রস্থ আড্ডা দিয়ে নিজ বাসার দিকে মধ্যরাতে! সম্ভবত হাসান আমাকে সে রাতে নামিয়ে দিয়ে গিয়েছিল। উপরি প্রাপ্তিযোগ হিসেবে হাসানের লেখা ও সুর দেয়া গান শুনতে শুনতে পথ ফুরিয়েছিল। আহা সেই সব আনন্দের দিন!
এই দুটি দিনের কথা সবিস্তারে লিখলাম এজন্যে যে, এই দুটো দিনেই তাঁদের দুজনকে একান্তে নিজের দাদা ও দিদি করে পেয়েছিলাম! এছাড়া বইমেলার দিনগুলিতে তাঁদের সান্নিধ্য! নানাবিষয়ে পরামর্শ নেয়ার জন্যে টেলিফোনে বিভিন্ন সময়ে লম্বা কথোপকথন হতো দিদির সাথে। সাহিত্য বিষয়ক নানা অনুষ্ঠানে আমাকে অংশ নেয়ার আহ্বান, যদিও সেসব অনুষ্ঠান বাইরের স্টেটসমূহে হওয়ায় আমার যাওয়া হয়ে উঠত না। বিশেষ কোন পত্রিকায় লেখা দিতে বলতেন। সর্বোপরি, ‘কবিতার একপাতা’র শুরুর দিকে অনেকবার এতে কবিতা লিখেছেন। আর আমি বগুড়ার সন্তান হওয়ায় জ্যোতি দা আমাকে আপনার ছোট ভাইয়ের চোখে দেখতেন। তাঁদের সাথে যোগসূত্রের আরেকটি সেতুবন্ধন ছিল কবি শহীদ কাদরী। ছোটগল্প লেখক ও কথা সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত কবি শহীদ কাদরীর খুব ভালো বন্ধু ছিলেন। আর আমিও অন্যদের মতো শহীদ ভাই বললেও আমার সঙ্গে তাঁর ( শহীদ কাদরী) সম্পর্ক ছিল পিতা-পুত্রের। একটি কবিতা সন্ধ্যার সাথে আমার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা ছাড়াও ওবাড়িতে কবি ও কবিপত্নী নীরা ভাবীর সান্নিধ্যে আমার জীবনের অনেকটা সময় কেটেছে। সেখানে আলাপে কথায় জ্যোতি দা ও পূরবী দি’র কথা এসে পড়তই।
আমি এতক্ষণ ব্যক্তিগত স্মৃতিকথনে পূরবী দি ও জ্যোতি দা সম্পর্কে আমার/আমাদের যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা লিখলাম, এমন একটা নয়, অনেকগুলো করে স্মৃতিকথন লেখার রসদ সারা উত্তর আমেরিকাসহ স্বদেশ ও বহির্বিশ্বে ছড়িয়ে থাকা শত শত কবি, লেখক, শিল্পী, ভাস্কর, সংস্কৃতিসেবী সংগঠক, গায়কদের ব্যক্তিগত সঞ্চয়ে আছে। পূরবী দি এঁদের সকলের দিদি, জ্যোতি দা দাদা। কি এক অপূর্ব মায়ার যাদু দিয়ে সবাইকে যেন বশ করে রেখেছিলেন! পূরবী দি যেপথে হেঁটে যেতেন, সে পথেই ছড়িয়ে যেত তাঁর মুখের মধুর হাসি। দেখলেই আমার মনের কোণে সুর ভাসতে থাকত—“মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে!” মাঝে মাঝে ভাবতে বসতাম, মনে হতো দিদির মুখাবয়বে যেন খুব মমতায় বিধাতা পুরুষ শ্যামল বাংলাকেই বসিয়ে দিয়েছিলেন!
আগের দুটি দিন অসময়ে বর্ষার বৃষ্টিধারায় স্নাত ছিল পুরো নিউইয়র্ক। প্রথম দিন মাঝে মাঝেই ভারী বৃষ্টিপাত, হাঁপ ধরে গেলে মাঝে মাঝে দম নিয়ে নেয়া!
গতকাল সারাদিন ঝিরি ঝিরি ঝরেছে আকাশ। আজকের দিনটা ঝকঝকে রোদেলা হওয়ার কথা। রৌদ্ররশ্মি ঘরের খানিক সরিয়ে দেয়া পর্দার ফাঁকে ঢুকে পড়ে আমার চোখে ঝিলিক লাগিয়ে আমার আলস্যজড়িত ঘুম ভাঙাতে চেয়েছে। উঠে ফ্রেস হয়ে এক কাপ ধূমায়িত কালো কফি হাতে জানালার পাশে বসতেই চারিদিকের গাছ গাছালির পাতায় আলোর বান
ডাকলো। ঝলমল করে উঠল সকালটা। কিন্তু একি, আমার পেয়ালার কফি শেষ না হতেই আলোর বলের গড়ানি বন্ধ! ঝলমলে আলোয় স্নাত আকাশ সাদা-কালো মেঘে আঁধার নামাল আমার চোখে। আমার ঘরের সর্বকোণে। এমন রাঙা আলোর সকালে নেমে এল যেন শেষ বিকেলের ফিকে হয়ে আসা সন্ধ্যা! ফোনটা খুলে ফেস বুক চেক করতে যেতেই বুক ধরাশ! চোখে অন্ধকার। আমার গলা বুঁজে এল! বুকের ভিতর ততক্ষণে পদ্মা-যমুনার ভাঙন!
দিদি নেই। বর্তমানের আবাস ফ্লোরিডার বাসায় ঘুমের মাঝেই চলে গেছেন অন্যলোকে! তাঁর চলে যাওয়া নিশ্চিত করেছেন কান্নায় ভেঙে পড়া তাঁর আজীবনের প্রিয়তম সাথী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। এতক্ষণে নিশ্চয় অজস্র মানুষ, আত্মীয়, শুভাকাঙ্ক্ষী, গুণমুগ্ধ সকলে জেনে গেছেন প্রিয় কবি-কথাশিল্পী পূরবী বসু, বিজ্ঞানী পূরবী বসু তাঁর জগৎ বিস্তৃত কর্মের পৃথিবীতে আর নেই। আমার মতোই গুমরে কাঁদছে তাঁরা, যাঁদের সকলকেই মায়া দিয়ে মুড়িয়ে রেখেছিলেন তিনি।
আমি জানি তিনি পরম পিতার আশ্রয়ে আনন্দলোকে বিরাজ করছেন। কিন্তু আমাদের মাথার উপর থেকে ভরসার যে হাত সরে গেল, সেখানে কোন্ হাত হাতড়ে বেড়াব! বিদায় বলতে মন সায় দেয় না! হৃদমাঝে নিশ্চয় তোমাকে রেখে দেব দিদি!
