৮ ডিসমিসাল করে দেড়শ বছরের ইতিহাসে প্রথম লিটন
জোহানেসবার্গ টেস্টে উইকেটের সামনে-পেছনে অসাধারণ পারফরম্যান্সে বিশ্বরেকর্ড গড়েছেন লিটন কুমার দাস।
মেহেদী হাসান মিরাজের বলে পরপর দুই ছক্কা মেরে ক্যারিয়ার সেরা স্কোরে পৌঁছে গেলেন কাগিসো রাবাদা। তবে টানা তৃতীয় ছক্কার লোভ সংবরণ করতে পারলেন না। উড়িয়ে মারতে গিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে করতে পারলেন না। বল গ্লাভসে নিয়ে বেলস ফেলতে ভুল হলো না লিটন কুমার দাসের। এই মুহূর্তটিই অমর হয়ে গেল টেস্ট ক্রিকেটের ইতিহাসে।
রাবাদাকে স্টাম্পড করে ইনিংসে অষ্টম ডিসমিসাল করলেন লিটন। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে এক ইনিংসে এত বেশি ডিসমিসাল নেই আর কোনো উইকেটকিপারের।
দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে এবার স্মরণীয় কিছু করার কথা ভেবেছিলেন লিটন। ব্যাট হাতে চমৎকার সেঞ্চুরি করে শুরুটা তেমনই করেছেন ৩২ বছর বয়সী কিপার-ব্যাটার। তবে সেটি ছিল তার দায়িত্বের অর্ধেক। বাকি দায়িত্বে গ্লাভস হাতেও জাদু দেখিয়ে জোহানেসবার্গ টেস্ট পুরোপুরি নিজের করে নিচ্ছেন লিটন।
টেস্ট ইতিহাসে এতদিন এক ইনিংসে সাতটি করে ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজনের- পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলে জ্যাকবস ও জশুয়া দা সিলভা। তারা প্রত্যেকেই নিয়েছিলেন সাতটি করে ক্যাচ।
আট ডিসমিসালের উচ্চতায় এই প্রথম পা পড়ল কারও।
আগের রেকর্ড গড়া পাঁচ কিপারের একটি জায়গায় ছিল মিল। তাদের সাত ডিসমিসালের সবকটিই ছিল ক্যাচ। তাদেরকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়ার পথে ছয় ক্যাচের সঙ্গে দুটি স্টাম্পিং করেছেন লিটন।
তার বিশ্ব রেকর্ড হয়েছে তিন দিন মিলিয়ে। ম্যাচের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার হারানো চার উইকেটের তিনটি ক্যাচ নেন লিটন। সেদিন একে একে তার গ্লাভসে এইডেন মার্করাম, জুবাইর হামজা ও ম্যাথু ব্রিটস্কি।
বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয় মোটে ২৮ ওভার। তাতে আরও ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের ক্যাচ নেন ৩২ বছর বয়সী কিপার।
একই ধারা অব্যাহত রেখে বুধবার দক্ষিণ আফ্রিকার প্রথম দুই উইকেটেও লেখা হয় লিটনের নাম। দিনের ২৪তম ওভারে মিরাজের বলে প্রথমে স্টাম্পড হন ১০২ রান করা রায়ান রিকেলটন। এক ওভার পর রাবাদাও একইভাবে আউট হলে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন লিটন।
এছাড়া কিপিংয়ের অলরাউন্ড কীর্তিতেও অনন্য রেকর্ড গড়েছেন লিটন। টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও এক ইনিংসে ৮টি ডিসমিসাল পাওয়া প্রথম কিপার তিনি। আর কোনো ক্রিকেটারের একই ম্যাচে সেঞ্চুরি ও ৬টির বেশি ডিসমিসাল নেই।
