টেইলরকে ছাড়িয়ে ৪১ বছর বয়সি আরভাইনের রেকর্ড
টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির টেইলরের রেকর্ড টিকল কেবল চার দিন।
২০২৪ সালের ডিসেম্বরে বুলাওয়ায়োতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ১০৪ রানের ইনিংস। এরপর টেস্ট ক্রিকেটে আর সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না ক্রেইগ আরভাইন। প্রায় দুই বছর পর একই দলের বিপক্ষে খরা কাটিয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান।
শারজাহ টেস্টের পঞ্চম দিন সোমবার ১৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন আরভাইন। টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির রেকর্ড এখন তারই।
এই ম্যাচেরই প্রথম দিন ৪০ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করে রেকর্ডটি গড়েন ব্রেন্ডান টেইলর। আরভাইন ম্যাচটি শুরু করেন ৪১ বছর ৭৮ দিন বয়সে। উল্লেখ্য যে, রেকর্ড ধরা হয় ম্যাচ শুরুর দিন থেকে।
২০০০ সালের পর থেকে গোটা বিশ্বে আরভাইনের চেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরি আছে কেবল একটি। ২০১৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের মিসবাহ-উল-হাক এই স্বাদ পান ৪২ বছর ৪৭ দিন বয়সে।
আর প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি ইংলিশ গ্রেট জ্যাক হবসের, ১৯২৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৬ বছর ১৮২ দিন বয়সে।
আরভাইনের ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি এটি।
বাঁহাতি এই ব্যাটসম্যান ২০ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করেন। পঞ্চাশ স্পর্শ করেন তিনি ৮৭ বলে। দ্বিতীয় সেশনে পা রাখেন কাঙ্ক্ষিত তিন অঙ্কে।
এই প্রতিবেদন লেখার সময় দেড়শ পেরিয়ে খেলছেন তিনি।
