লেভারের ১১৭ বছর পর বোল্যান্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টে ৫ উইকেট নিয়ে দারুণ এক কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান পেসার।
টেম্বা বাভুমা ও মার্কো ইয়ানসেনের জুটি তখন বড্ড মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার জন্য। ৮০ ওভার শেষ হতেই দ্রুত দ্বিতীয় নতুন বল নিলেন অধিনায়ক প্যাট কামিন্স। বল তুলে দিলেন স্কট বোল্যান্ডের হাতে। ফল মিলল ঝটপট। পঞ্চম বলেই ভাঙল ১৩২ রানের জুটি। ইয়ানসেনকে আউট করে বোল্যান্ড গড়লেন এমন এক কীর্তি, গত ১১৭ বছরে যা পারেনি কোনো অস্ট্রেলিয়ান পেসার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টের তৃতীয় দিনে মঙ্গলবার ওই উইকেট নিয়েই পাঁচ উইকেট পূর্ণ হলো বোল্যান্ডের। সেই ১৯০৯ সালের পর এই প্রথম বয়স ৩৭ পেরিয়ে টেস্টে ৫ উইকেট পেলেন অস্ট্রেলিয়ার কোনো পেসার।
১৯০৯ অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ডে ৩১ রানে ৮ উইকেট নিয়েছিলেন ফ্র্যাঙ্ক লেভার। তার বয়স ছিল তখন ৩৯ বছর ২৩১ দিন। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারি পেসার তিনিই। রেকর্ডটিতে এরপরই জায়গা করে নিলেন এখন বোল্যান্ড।
এই তালিকার তিনে আছেন গ্লেন ম্যাকগ্রা। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রিজবেনে ৫০ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি ৩৬ বছর ২৮৭ দিন বয়সে।
পেস-স্পিন মিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের রেকর্ডটি বর্তমান বাস্তবতায় বলা যায় ধরাছোঁয়ার বাইরে। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্নে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন বার্ট আয়রনমঙ্গার, পরের ইনিংসে ৬টি। বাঁহাতি স্পিনারের বয়স ছিল ৪৯ বছর ৩১১ দিন!
আয়রনমঙ্গারের কীর্তিটি শুধু অস্ট্রেলিয়ার রেকর্ড নয়, বিশ্বরেকর্ডও। বয়স ৪৮ পেরিয়ে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি ৪ বার।
