০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৪১ বছর বয়সে ডাবল সেঞ্চুরিতে আরভাইনের আরেক কীর্তি

প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিশতক করলেন আরভাইন, প্রথম দল হিসেবে টেস্টের দুই ইনিংসেই পাঁচশ রান স্পর্শ করল জিম্বাবুয়ে।

৪১ বছর বয়সে ডাবল সেঞ্চুরিতে আরভাইনের আরেক কীর্তি

টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন ক্রেইগ আরভাইন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 07:59 PM

Updated : 09 Nov 2026, 08:09 PM

১৯৯ থেকে আব্দুল মালিকের অফ স্টাম্পের বাইরের বল কাট করে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন ক্রেইগ আরভাইন। ডান হাত উঁচিয়ে দৌড়ে এলেন তিনি, হেলমেট খুলে বাতাসে মুষ্টিবদ্ধ হাত ছুড়লেন। উভয় ডাগআউট থেকেই ভেসে এল করতালির জোয়ার; ফিল্ডাররা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করে উষ্ণ অভিনন্দন জানালেন। আরভিনের মুখে তখন তৃপ্তির হাসি, যেন আনন্দে ভাসছেন!

তার উচ্ছ্বাসে ভেসে যাওয়াই স্বাভাবিক। জিম্বাবুয়ের ব্যাটসম্যান যে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন ৪১ বছর বয়সে!

প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসে তৃতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্বিশতক করলেন তিনি। ১৯২৪ সালে ইংল্যান্ডের জ্যাক হবস এই কীর্তি গড়েন ৪১ বছর ১৯৫ দিন বয়সে। ১৯৫১ সালে তাকে ছাড়িয়ে ৪২ বছর ৬ দিন বয়সে এই স্বাদ পান দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ান।

আফগানিস্তানের বিপক্ষে আরভাইন ম্যাচটি শুরু করেন ৪১ বছর ৭৮ দিন বয়সে। উল্লেখ্য যে, রেকর্ড ধরা হয় ম্যাচ শুরুর দিন থেকে।

বয়স ৪০ ছুঁয়ে দ্বিশতক করা ষষ্ঠ ক্রিকেটার তিনি, ১৯৯৪ সালে গ্রাহাম গুচের পর প্রথম।

জিম্বাবুয়ে গড়েছে অনন্য কীর্তি। টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ম্যাচে দুই ইনিংসেই পাঁচশ রানের মাইলফলক ছুঁয়েছে তারা। প্রথম ইনিংসে ৫০৪ রান করা দলটি দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করেছে ৫ উইকেটে ৫২৩।

রান উৎসবের ম্যাচটি শেষ দিনে অনুমিতভাবে ড্র হয়েছে। একমাত্র ইনিংসে আফগানিস্তান করে ৫১৪ রান।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন জিম্বাবুয়ের ওয়েসলি মাধেভেরে। তিনি ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করার পরই ড্র মেনে নেয় দুই দল।

২৩ চার ও দুই ছক্কায় ২৭৯ বলে অপরাজিত ২০৬ রানের ইনিংস খেলেন আরভিন। এই সংস্করণে জিম্বাবুয়ের হয়ে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি।

দুই ইনিংসে ১৩১ ও ৮২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ব্রেন্ডান টেইলর।

ম্যাচের প্রথম দিন জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন টেইলর (৪০ বছর ২৭২ দিন)। শেষ দিনে তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের নেন আরভাইন।

চতুর্থ দিন ২০ রানে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩ উইকেটে ১৬৪ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে।

আগের দিন ৪৯ রানে অপরাজিত ব্রায়ান বেনেট ফিফটি ছুঁয়ে বিদায় নেন ৫৮ রানে। বহুল প্রতীক্ষিত অভিষেকে প্রথম ইনিংসে দুই অঙ্ক ছুঁতে না পারলেও, এবার ১৩৬ বলে ৬১ রান করেন আন্তুম নাকভি। আরভাইনের সঙ্গে ১৪০ রানের জুটি গড়ে ফেরেন তিনি।

১৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করে এগিয়ে যান আরভাইন। দেড়শতে পা রাখেন তিনি ২১৫ বলে। সেখান থেকে পরের পঞ্চাশ করতে লাগে ৬০ বল।

জিম্বাবুয়ের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন আরভাইন।

তার আগের চার সেঞ্চুরির মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল ১৬০, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

আগামী শুক্রবার একই মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৫০৪

আফগানিস্তান ১ম ইনিংস: ৫১৪

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ১২২.১ ওভারে ৫২৩/৫ (আগের দিন ১৬৪/৩) (বেনেট ৫৮, আরভাইন ২০৬*, নাকভি ৬১, মাধেভেরে ১০০* জিয়াউর ১৪-৫-৪১-০, জিয়া ৫০-৪-১৭৩-২, সালিম ১৬-১-৬২-০, কাইস ৫-০-৩২-০, শাহিদি ১২-০-৬৪-০, মালিক ১১.১-০-৬৫-১, শাহিউল্লাহ ১০-১-৫৭-০, আটাল ৪-০-২৭-০)

ফল: ড্র

সিরিজ: ২ ম্যাচের সিরিজে প্রথমটির পর ০-০ সমতা

ম্যান অব দা ম্যাচ: ব্রেন্ডান টেইলর