‘পাপা, আমার জন্য সেঞ্চুরি চাই’, লিটন শোনালেন উদযাপনের পেছনের গল্প
ভোর সাড়ে ৬টায় মিডিয়া ম্যানেজারকে রুমে ডেকে নিয়ে মেয়ের জন্য বার্তাটি কাগজে লিখে নেন লিটন কুমার দাস।
ঘড়ির কাটা তখন সকাল সাড়ে ৬টা ছুঁইছুঁই। জাতীয় দলের মিডিয়া ম্যানেজার আবু নোমান অমিতের ফোন বেজে উঠল। ফোনের অপরপ্রান্তে লিটন কুমার দাস, “অমিত, আমার রুমে একটু আয় তো ভাই…।” অমিত ছুটে গেলেন। লিটন তখন তাকে বললেন, মেয়ের জন্মদিনে কিছু উপহার দিতে চান। কাগজে কী লিখতে হবে, সেটিও বলে দিলেন। অমিত যত্ন করে লিখে ও এঁকে দিলেন।
তবে কাগজটি রাখা থাকল অমিতের কাছেই। লিটন বললেন, “এখনই দেওয়ার দরকার নেই, মাঠে নামার সময় দিলেই চলবে।” ব্যাট হাতে নামার সময় সেই কাগজের টুকরো পকেটে ভরলেন তিনি। সেই কাগজে কী লেখা ছিল, তা এখন জানে গোটা ক্রিকেটবিশ্ব।
লিটনের উদযাপনের ওই ঘটনা জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন সকালের। এরপর ম্যাচে অনেক কিছুই হয়ে গেছে। বাংলাদেশ ৪০০ রানে অলআউট হয়েছে। দক্ষিণ আফ্রিকার রান তুলেছে বানের জলের মতো। প্রথম টেস্ট সেঞ্চুরিতে ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মার্কেস অ্যাকারম্যান। প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নেমে ৮৩ রানের ইনিংস উপহার দিয়েছেন জুবেইর হামজা। তার পরও দিনের সবচেযে আলোচিত, সবচেয়ে মিষ্টি অধ্যায় হয়ে রইল লিটনের ওই উদযাপন।
সেঞ্চুরি ছোঁয়ার পর প্রথাগত উদযাপনের পাশাপাশি পকেট থেকে একটি কাগজের টুকরো বের করে উঁচিয়ে ধরেন লিটন। যেখানে লেখা ছিল, “Happy Birthday My Princess. This 100 for you”
লিটনের মেয়ে আনায়রার জন্মদিন ছিল এ দিনই। তিন বছর পূর্ণ হলো বাবার রাজকন্যার। দক্ষিণ আফ্রিকায় প্রথম আর ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি মেয়েকেই উৎসর্গ করেন বাবা।
মাঠে থাকা প্রায় আড়াই হাজার দর্শক তুমুল করতালিতে অভিনন্দন জানান লিটনকে। টিভি পর্দার সামনে থাকা কোটি মানুষেরও মন জয় করে নেয় সেই উদযাপন। সামাজিক মাধ্যমেও ছিল আলোচনার স্রোত।
দক্ষিণ আফ্রিকার সংবাদকর্মীদেরও তুমুর আগ্রহ ছিল তার উদযাপনের পেছনের গল্পটা শুনতে। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তারা লিটনের কাছেই জানতে চাইলেন তা। লিটন বললেন, তার কাছে সেঞ্চুরির দাবিটা সবসময়ই থাকে মেয়ের।
“আজকে ওর তিন বছর হলো। যখনই আমি নিজের রুমে থাকি, ও সবসময় বলে, ‘পাপা, আমার জন্য সেঞ্চুরি চাই।’ এই সেঞ্চুরি ওর জন্য। অবশ্যই ওকে মিস করি অনেক। ওর জন্মদিন তো স্পেশাল।”
স্পেশাল উপলক্ষ স্পেশাল ইনিংসেই রাঙিয়েছেন তিনি। তবে যদি সেঞ্চুরিটা না হতো? এমন কিছু সাজিয়ে রাখতেও তো আত্মবিশ্বাস লাগে প্রবল!
লিটন হেসে বললেন, সেঞ্চুরি না হলে ওই কাগজের টুকরো আর দেখত না ক্রিকেট বিশ্ব।
“আশা তো ছিলই! ভবিষ্যতের কথা ভাবলে তো সবাই ইতিবাচকভাবেই চিন্তা করে। গত রাতেই আমি ভেবে রেখেছিলাম যে এটা করব এবং শেষ পর্যন্ত করেছি। (সেঞ্চুরি) না হলে এখনও আমার পকেটেই থাকত তা!”
লিটন জানালেন, আগের রাত থেকেই তার ভেতর ভাবনাটি ছিল। তবে চূড়ান্ত করেন সকালে। খেলা শেষে অবশ্য মেয়ের সঙ্গে কথা বলার সময় পাননি তখনও।
“যখন ৯২ রানে অপরাজিত ছিলাম, এবং রুমে গেলাম, তখন চিন্তা করতেছিলাম। কীভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। সকালবেলা আমার মনে হয়েছে যে, এরকম কোনো কিছু করা যায় কি না।”
“মেয়ের সঙ্গে কথা হয়নি। অনেক ছোট, এত কিছু বুঝবে না। তবে এটা আমার ভেতরে ছিল এবং আমি নিজের ভেতরেই এটা রেখেছিলাম যে, যদি আমি স্পেশালি কিছু করতে পারি, তাকে উৎসর্গ করব। যেহেতু তাকে সামনে পাচ্ছি না, তার জন্য আমি কিছু করতে পারছি না, অন্তত এই সেঞ্চুরিটা উৎসর্গ করা যায়। চেষ্টা করেছি এবং সবকিছু হয়েছে।”
