১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

লিটন দেখালেন চিরকুট, অ্যাকারম্যানের ভালোবাসার প্রকাশ ভিন্ন

পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কোনো কার্পণ্য করেননি দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান।

লিটন দেখালেন চিরকুট, অ্যাকারম্যানের ভালোবাসার প্রকাশ ভিন্ন

আগ্রাসী ব্যাটিংয়ে দেড়শ ছোঁয়া ইনিংস খেলেছেন মার্কাস অ্যাকারম্যান। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:13 AM

Updated : 17 Nov 2026, 08:13 AM

একই দিনে দুজনের চমৎকার দুটি সেঞ্চুরি। মাঠে থেকেই একজনের শতক দেখল তার পরিবার। আরেক জনের পরিবার তখন হাজার মাইল দূরে নিজেদের দেশে। তাই পরিবারের কনিষ্ঠ সদস্যের প্রতি সেঞ্চুরি উৎসর্গ করে বিশেষ চিরকুট দেখালেন তিনি। আর অন্যজনের কাছে ভালোবাসার প্রকাশের ধরনটা ভিন্ন।

বলা হচ্ছে লিটন কুমার দাস ও মার্কাস অ্যাকারম্যানের কথা। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন দারুণ ব্যাটিংয়ে শতরানের উষ্ণ ছোঁয়া পান দুজনই। দিনের শুরুতে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন লিটন। কয়েক ঘণ্টা পর একই কৃতিত্ব দেখান অ্যাকারম্যান। তার সেঞ্চুরিটি গ্যালারিতে থেকে উপভোগ করেন পরিবারের সদস্যরা।

লিটনের সেই সুযোগ ছিল না। হাজার মাইল দূরে দেশেই তার পরিবারের সদস্যরা। তার সেঞ্চুরি ছোঁয়ার দিন তিন বছর পূর্ণ হয়েছে একমাত্র কন্যা আনায়রা দাস আনভির। পেশাগত ব্যস্ততায় জন্মদিনে কাছে থাকতে না পারলেও, ব্যাট হাতে সেঞ্চুরি করে সেটি মেয়েকেই উৎসর্গ করেছেন লিটন।

তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দেখানোর পর পকেট থেকে একটি চিরকুট বের করেন বাংলাদেশের কিপার-ব্যাটার। যেখানে লেখা, “Happy Birthday My Princess. This century for you (শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরি তোমার জন্য)”, সেই কাগজে ছোট্ট করে তার রাজকন্যার ক্যারিকেচারও আঁকা।

মুহূর্তের মধ্যেই লিটনের এই উদযাপন সাড়া ফেলে দেয়। বাবার আদুরে উদযাপনকে প্রশংসায় ভাসান ধারাভাষ্যকাররা। দিন শেষে সংবাদ সম্মেলনেও এটি নিয়ে বাড়তি আগ্রহ দেখান দক্ষিণ আফ্রিকার সাংবাদিকরা। একাধিক প্রশ্নের উত্তরে এমন উদযাপনের পেছনের গল্পটা শোনান লিটন।

অ্যাকারম্যানের সংবাদ সম্মেলনেও ওঠে সেই প্রসঙ্গ। গ্যালারিতে উপস্থিত সন্তানের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছিলেন কি না, জানতে চাওয়া হয় তার কাছে। উত্তরে বাঁহাতি ওপেনার জানান, ভালোবাসা প্রকাশে তার ভাবনা খানিকটা ভিন্ন।

“না, আলাদা করে কোনো নোট বা ওরকম (লিটনের মতো) বিশেষ কিছু ছিল না। আমার মনে হয়, ওদের (পরিবারের) সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে কোনো নোটের প্রয়োজন নেই।

“শুধু ভালো খেলার সময় নয়, যখন খারাপ সময় যায়, তখনও পরিবার ও সাহস জোগানো কাছের মানুষদের পাশে পাওয়ায় নিজেকে শান্ত ও সুস্থির রাখা যায়। তাই ওদের সঙ্গে এই আনন্দ উদযাপন করতে পারাটা দারুণ ব্যাপার। পথচলাটা অনেক দীর্ঘ, তাই ওদের এখানে পাশে পাওয়াটা সত্যিই বিশেষ কিছু।”

অ্যাকারম্যানের সেঞ্চুরির সঙ্গে মিল খুঁজে নেওয়া যায় বাংলাদেশের আরেক সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয়েরও। গত অগাস্টে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে খেলেছেন তারা দুজন।

পচেফস্ট্রুমে দ্বিতীয় চার দিনের ম্যাচে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে ইতিহাস গড়েন হৃদয়। এর আগে প্রিটোরিয়াতে প্রথম চার দিনের ম্যাচে ২৪ চার ও ৭ ছক্কায় অ্যাকারম্যান খেলেন ২৩৭ বলে ২৫৬ রানের ইনিংস।

সেই সিরিজের পর এবার দুই দেশের মূল দলের লড়াইয়েও সফল হৃদয় ও অ্যাকারম্যান। প্রথম ইনিংসে চমৎকার ব্যাটিংয়ে ১৩৭ রান করেন হৃদয়। পরে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে ১৬৪ বলে ১৫৭ রান করেন অ্যাকারম্যান।

দুজনেরই দারুণ সেঞ্চুরির পেছনে ‘এ’ দলের সেই সিরিজটির কোনো ভূমিকা ছিল কি-না, জানতে চাওয়া হলে শুরুতে নাকচ করেন অ্যাকারম্যান। পরে অবশ্য বলেন, প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করেছে ওই সিরিজ।

“না, এই টেস্ট ম্যাচে সেটার বড় কোনো ভূমিকা ছিল বলে আমি মনে করি না। তবে একজন খেলোয়াড় হিসেবে... হয়তো ওর ক্ষেত্রেও, যদিও ওর হয়ে আমি বলতে পারব না, আমার নিজের ক্ষেত্রে ব্যাপারটা ছিল অভিজ্ঞতা সঞ্চয় করার। বড় সেঞ্চুরি করা, ইনিংসটাকে আরও গভীরে নিয়ে যাওয়া এবং বোলিং আক্রমণকে চাপে ফেলা।

“ব্যক্তিগত প্রস্তুতির জায়গা থেকে, খেলোয়াড় হিসেবে নিজেকে আরেকটু ভালোভাবে বুঝতে ও বড় রান করার সামর্থ্য তৈরিতে এটা হয়তো সাহায্য করেছে। তখন 'এ' দলের হয়ে খেলাটা কি গুরুত্বপূর্ণ ছিল? হ্যাঁ, আমি তা-ই মনে করি। কারণ আমার মতে, এটা এই দীর্ঘ পথচলারই একটা অংশ এবং টেস্ট ক্রিকেটে পা রাখার আগে আরও বেশি অভিজ্ঞতা অর্জনের মাধ্যম।”

অ্যাকারম্যানের সেঞ্চুরির সৌজন্যে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ২৮৭ রান। এখনও ১১৩ রানে পিছিয়ে তারা। ম্যাচের এই অবস্থায় কোনো দলকে এগিয়ে রাখছেন না অ্যাকারম্যান।

“এই মুহূর্তে কেউ এগিয়ে আছে বলে মনে হয় না। আমাদের জন্য বেশ বড় দিন ছিল এবং দারুণ একটা জুটি গড়েছি, স্কোরটাও ভালো আছে। তাই আমার মনে হয়, আমাদের ইনিংসটা বড় স্কোরের জন্য দারুণভাবে তৈরি। আশা করি, ওদের করা ৪০০ রান আমরা পেরিয়ে যেতে পারব।”

উইকেটের গতি-প্রকৃতি দেখে অ্যাকারম্যানের ভাবনা, শেষ দিকে কঠিন হয়ে উঠবে ব্যাটিং। তাই প্রথম ইনিংসে বড় লিড নেওয়ার তাগিদ তার কণ্ঠে।

“ম্যাচটা কি পাঁচ দিন পর্যন্ত গড়াবে? হ্যাঁ, আমার তা-ই মনে হয়। আমার ধারণা বল আস্তে আস্তে আরও নিচু হয়ে আসবে, তাই চতুর্থ ও পঞ্চম দিনে ব্যাটিং করাটা বেশ কঠিন হয়ে উঠতে পারে। এজন্যই প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সর্বোচ্চ সুবিধাটা কাজে লাগানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”