১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের হাতছানি নিয়ে অস্ট্রেলিয়া দলে থর্নটন

দুই বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন রাইলি মেরেডিথ।

অভিষেকের হাতছানি নিয়ে অস্ট্রেলিয়া দলে থর্নটন

হেনরি থর্নটন। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:23 PM

Updated : 19 Nov 2026, 06:23 PM

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পেস বোলিং বিভাগে শক্তি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা হেনরি থর্নটনের সঙ্গে রাইলি মেরেডিথকে দলে ডেকেছে তারা।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী শনিবার। এই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে থর্নটনের।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০.৬৬ গড়ে ৫১ উইকেট নিয়েছেন থর্নটন। যদিও তার ইকোনমি রেট কিছুটা বেশি, ৮.৭২। তবে গতির কারণে নির্বাচকদের নজরে ছিলেন ২৯ বছর বয়সি এই ফাস্ট বোলার।

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেছেন থর্নটন। ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচেই ব্রিজবেনে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ৩৯ রানে ৭ উইকেট নেন তিনি।

গত মৌসুমে বিগ ব্যাশ লিগে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে তিনটি ম্যাচ খেলে দুই উইকেট নেন থর্নটন। তার আগের মৌসুমে আট ম্যাচে ধরেন ১২ শিকার।

অস্ট্রেলিয়ার হয়ে ছয়টি টি-টোয়েন্টির সবশেষটি ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন মেরেডিথ। আর ক্যারিয়ারের প্রথম পাঁচটি টি-টোয়েটি খেলেন তিনি ২০২১ সালে। থমকে থাকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার পুনর্জীবিত করার অপেক্ষায় আছেন এই পেসার।

দলে মূল পেসার হিসেবে আরও আছেন জেভিয়ার বার্টলেট, স্পেন্সার জনসন, মাহলি বিয়ার্ডম্যান ও বেন ডোয়ার্শিস। অলরাউন্ডার হিসেবে রয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও মিচ ওউন।

স্পিন বিভাগে অ্যাডাম জ্যাম্পার সঙ্গে আছেন জোয়েল ডেভিস ও নিখিল চৌধুরি। এ বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে সফরে অভিষেকেই দুজন নজর কাড়েন।

ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম হার্পারও। দলে আরও ফিরেছেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। অভিষেকের অপেক্ষায় থাকা আরেক উইকেটকিপার ল্যাচলান শকেও দলে রেখেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), স্যাম হার্পার, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ল্যাচলান শ, টিম ডেভিড, মিচেল ওয়েন, জ্যাক এডওয়ার্ডস, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ার্শিস, স্পেন্সার জনসন, হেনরি থর্নটন, রাইলি মেরেডিথ, মাহলি বিয়ার্ডম্যান, অ্যাডাম জ্যাম্পা।