১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

বল টেম্পারিং নিয়ে শোয়েবের স্বীকারোক্তি, ‘আমরা বোতলের ছিপি ব্যবহার করতাম’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই বিস্ফোরক এই দাবি করলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার।

বল টেম্পারিং নিয়ে শোয়েবের স্বীকারোক্তি, ‘আমরা বোতলের ছিপি ব্যবহার করতাম’
শোয়েব আখতার। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 10:54 PM

Updated : 19 Nov 2026, 11:06 PM

আট বছর আগে কেপ টাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠার প্রেক্ষাপটে, বিস্ফোরক স্বীকারোক্তি শোয়েব আখতারের। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারের দাবি, তার খেলার সময়ে পাকিস্তান দলেও বল বিকৃতির জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতো।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই শোয়েবের এই মন্তব্য সামনে এলো। ‘উইজডেন স্কুপ’ অনুষ্ঠানে আলাপে এই বিতর্ক থেকে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি তিনি দাবি করেন, পাকিস্তানের ক্রিকেটাররা বল টেম্পারিংয়ের জন্য বোতলের ছিপি ব্যবহার করতেন।

“বিষয়টি (অস্ট্রেলিয়ার বল টেম্পারিং) ভুলে যান, আপনারা কেন এটি নিয়ে এত শোরগোল করছেন? আমি বুঝতে পারি যে, এটি তাদের ক্রিকেটের ক্ষতি করবে, আমাদের ক্রিকেটেরও ক্ষতি হয়েছিল। আমরা স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি ব্যবহার করতাম। আমরা বলের অবস্থা এবং সবকিছুই বদলে ফেলতাম।”

উল্লেখ্য যে, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে দাঁত দিয়ে কামড়ে বল বিকৃত করার অপরাধে পাকিস্তানের তখনকার অধিনায়ক শাহিদ আফ্রিদি দুটি টি-টোয়েন্টি ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

১৯৯৭ সালের নভেম্বর থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলা শোয়েব মানছেন, অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ক্ষেত্রে সত্যিটা বেরিয়ে আসা উচিত। কিন্তু এই বিতর্ককে অহেতুক দীর্ঘায়িত করা ঠিক নয় বলে মনে করেন তিনি। তার মতে, অস্ট্রেলিয়া যা করেছিল, তা ভুল ছিল। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে, আন্তর্জাতিক ক্রিকেটে বল টেম্পারিং কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না।

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান উসমান খাওয়াজা সম্প্রতি তার আত্মজীবনীতে ওই ঘটনা নিয়ে আলোচনা করার পর বিতর্কটি নতুন করে আলোচনায় উঠে আসে। তার দাবি, ২০১৮ সালের কেপ টাউন টেস্টে বল বিকৃতির জন্য যে সিরিষ কাগজ ব্যবহার করা হয়েছিল, সে সম্পর্কে পুরো অস্ট্রেলিয়া দলই জানত।

খাওয়াজার এই দাবি অস্ট্রেলিয়ার চার বোলার প্যাট কামিন্স, জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও ন্যাথান লায়নের অবস্থানের পুরোপুরি বিপরীত; কারণ তারা দাবি করেছিলেন যে, বল টেম্পারিংয়ের বিষয়ে তারা কিছুই জানতেন না।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শোয়েব বলেন, খাওয়াজার এই বিষয়টি হয়তো আরও ভালো সময়ে সামনে আনা যেত।

“আমার পুরনো সতীর্থদের নিয়ে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু আমি তা বলব না। আমি তাদের বিপদে ফেলতে পারি না… উসমান যা বলেছে, এটি দলীয় সিদ্ধান্ত হওয়া উচিত, কেবল দু-একজন ব্যক্তির সিদ্ধান্ত নয়। আমরাও ক্রিকেট বল নিয়ে অনেক কিছুই করতাম। কিন্তু পুরো দল তা জানত। তারা যা করেছে, তা ভুল ছিল। উজি (খাওয়াজা) সঠিক কাজটিই করেছে, তবে বিষয়টি আরও উপযুক্ত সময়ে সামনে আনা যেত।”

ক্রিকেটে ‘স্যান্ডপেপারগেট’ নামে পরিচিতি ওই ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তের পর কেবল সেই সময়ের অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন।

ব্যানক্রফট বুধবার চার হাজার শব্দের একটি বিবৃতি প্রকাশ করে খাওয়াজার মতোই দাবি করেন, বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল।