১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

‘সত্যটা বেরিয়ে আসুক’, বল টেম্পারিংয়ের ঘটনার পুনরায় তদন্ত চান ক্লার্ক

তুমুল আলোচিত-সমালোচিত ঘটনাটি নিয়ে উসমান খাওয়াজার বিস্ফোরক মন্তব্যের পর এই আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 07:34 PM

Updated : 10 Nov 2026, 07:34 PM

আট বছর আগে কেপ টাউন টেস্টের সেই বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে উসমান খাওয়াজার বিস্ফোরক মন্তব্য নতুন করে নাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে। দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, অস্ট্রেলিয়ার সমর্থকদের প্রকৃত সত্যটা জানা উচিত। ঘটনাটি পুনরায় তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

ক্লার্কের সাবেক সতীর্থ খাওয়াজা সম্প্রতি দাবি করেন যে, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে সেই বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল।

এই ঘটনার জেরে তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে উঠে এসেছিল যে, বলে সিরিষ কাগজ ব্যবহারের বিষয়ে দলের বোলাররা কিছুই জানতেন না।

ক্লার্কের এই মন্তব্যের আগে একই দিন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, তদন্ত পুনরায় শুরু করার মতো ‘কোনো জোরাল কারণ’ তিনি দেখছেন না।

তবে ক্লার্কের মতে, অস্ট্রেলিয়ার সমর্থকরা এখনও সেই ঘটনা থেকে বেরিয়ে আসতে পারেননি এবং পুরো তদন্ত প্রক্রিয়াটি নতুন করে শুরু করা উচিত। মঙ্গলবার ‘টু-ডে এফএম’-এর সঙ্গে আলাপে এই আহ্বান জানান তিনি।

“তারা (অস্ট্রেলিয়ার সমর্থকরা) এখন আর বিশ্বাস করতে পারছে না যে, কোনটা সত্যি। যতক্ষণ না তদন্ত পুনরায় শুরু হচ্ছে এবং প্রকৃত সত্য বেরিয়ে আসছে।

Image

মাইকেল কার্ক। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

“২০১৮ সালে আমাদের সামনে সুযোগ ছিল, কিন্তু তখন সত্য বেরিয়ে আসেনি। ২০২১ সালে যখন (ব্যানক্রফট) ওই মন্তব্যগুলো করল, তখনও আমাদের সামনে সুযোগ ছিল, কিন্তু তখনও সত্য সামনে আসেনি।”

এখন আবার তাদের সামনে সেই সুযোগ এসেছে বলে মনে করেন সাবেক এই ব্যাটসম্যান।

“আমি কেবল চাই যে, পুরো বিষয়টি নিয়ে যা সত্য, তা বেরিয়ে আসুক, মানুষকে শেষ পর্যন্ত সত্যিটা বলার সুযোগ দিন এবং তাদের সামনে এগিয়ে যেতে দিন।”

২০২১ সালে দা গার্ডিয়ানে দেওয়া সাক্ষাৎকারে কেপ টাউনে বল টেম্পারিংয়ের ব্যাপারটি অস্ট্রেলিয়ান বোলাররা জানত কিনা প্রশ্নে ব্যানক্রফট বলেছিলেন, এটা “স্বতঃসিদ্ধ।”

ব্যানক্রফটের সেই সাক্ষাৎকারের জবাবে চার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেইজেলউড এবং ন্যাথান লায়ন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বল টেম্পারিং সম্পর্কে কোনো কিছু জানার কথা অস্বীকার করেন।

খাওয়াজা এমনকি দাবি করেছেন যে, গেবেখায় দ্বিতীয় টেস্টেও সিরিষ কাগজ ব্যবহারের বিষয়ে আলোচনা হয়েছিল এবং তা ব্যবহারও করা হয়েছিল।

ক্লার্কের মতে, খাওয়াজার এসব দাবির বিষয়ে অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্সের কথা বলা উচিত।

“আমার মতে, এখন উত্তরের চেয়ে প্রশ্নই বেশি। আমি জানতে চাই, প্রথমত-সবাই কি বিষয়টি জানত? কারণ কিছু খেলোয়াড় প্রকাশ্যে বলেছে যে, তারা জানত না। আমি জানতে চাই, তারা জানত নাকি জানত না? সত্য উন্মোচনের জন্য এটি জানা খুবই জরুরি।

অস্ট্রেলিয়ার মূল বোলারদের চতুষ্টয়ের মধ্যে তিনিই প্রথম

খাওয়াজার দাবির পর চার দিন হতে চলল। অস্ট্রেলিয়ার বোলিং চতুষ্টয়ের মধ্যে স্টার্ক মঙ্গলবার প্রথম এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। খাওয়াজার দাবি উড়িয়ে তিনি পুনরায় বলেন যে, ওই ঘটনা ‘আমরা জানতাম না।”

অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্সের কাছ থেকে কিছু শুনতে না পেয়ে বিস্মিত ক্লার্ক।

“আমি বিশ্বাসই করতে পারছি না যে, অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের কাছ থেকে আমরা এখনও কিছু শুনিনি। স্টিভ স্মিথকে তার পদ হারাতে হয়েছিল। যদি সেই ঘটনা না ঘটত, তাহলে টিম পেইন কখনোই অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে পারত না; আর প্যাট কামিন্সও অধিনায়ক হতো না।

“যদি ‘স্যান্ডপেপারগেট’ (বল টেম্পারিংয়ের ঘটনা) না ঘটত, তাহলে প্যাট কামিন্স হয়তো এই মঞ্চে কখনোই অধিনায়কত্বের সুযোগ পেত না, কারণ স্টিভ স্মিথ এখনও অধিনায়ক থাকত।”

ওই ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞার মুখে পড়ে স্মিথ অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারান এবং তার জায়গায় পেইন দায়িত্ব নেন। এরপর ২০২১ সালের নভেম্বরে কামিন্স টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন।

‘সব্‌র’ নামের আত্মজীবনীতে এসব দাবি তুলে ধরেছেন খাওয়াজা। বইটি বাজারে এসেছে মঙ্গলবার। তার আগে গত শনিবার ‘নাইন নিউজপেপার্স’-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী গ্রিনবার্গ জানান, তিনি খাওয়াজার আত্মজীবনী এখনও পড়েননি। তবে ‘স্পোর্টস এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক’- এর সঙ্গে আলাপে বইটি পড়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

“তার বইয়ে এমন কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে, যা অন্যদের দেওয়া বিবরণের সঙ্গে সাংঘর্ষিক। আমি খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে চাই যে, উসমান আসলে কী বলেছেন; কেবল শিরোনাম বা পরবর্তী সময়ে তৈরি হওয়া আলোচনার ভিত্তিতে কোনো প্রতিক্রিয়া জানাতে চাই না।

“তার কথাগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি, শিরোনামগুলোকে নয়। এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ যে, সেই সময়েই খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল এবং গত আট বছর ধরে তাদের সামনে সেই সুযোগ ছিল এবং এখনও তা রয়েছে।”

খাওয়াজার সাক্ষাৎকারের পরপরই ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি প্রকাশ করে জানায়, তারা পুরো ঘটনাটির সত্য প্রকাশের প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। সেটিই আবারও বললেন গ্রিনবার্গ।

“আমরা বলেছি যে, আমাদের কাছে আসা তথ্যের ভিত্তিতে তদন্তের ফলাফলে আমরা সন্তুষ্ট। এর মধ্যে উসমানের কাছ থেকে পাওয়া তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে এবং এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।

“তদন্ত পুনরায় শুরু করার বা নতুন করে খতিয়ে দেখার মতো কোনো জোরাল কারণ আমরা দেখছি না। আমার মনে হয় না যে, তা থেকে কোনো কিছু পাওয়া সম্ভব।”