১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডে ‘পরিবর্তন’ চান নতুন কোচ

ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে মাউরিসিও পচেত্তিনো বলেছেন, খেলোয়াড়দের ওপর থেকে চাপ সরাতে চান তিনি।

ইউনাইটেডে ‘পরিবর্তন’ চান নতুন কোচ

মাউরিসিও পচেত্তিনো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 10:47 PM

Updated : 19 Nov 2026, 10:47 PM

ভীষণ কঠিন সময়ের মধ্যে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে নিজের প্রথম লক্ষ্যের কথা জানিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। ক্লাবে পরিবর্তন আনতে চাওয়ার কথা বলেছেন নতুন এই কোচ।

মাইকেল ক্যারিকের স্থলাভিষিক্ত হয়ে বুধবার ক্যারিংটনে দলের সঙ্গে কাজ শুরু করেছেন পচেত্তিনো। ইউনাইটেড এখন পয়েন্ট টেবিলে ১৮ নম্বরে। এখন পর্যন্ত মৌসুমে প্রিমিয়ার লিগে কেবল একটি ম্যাচ জয় জিততে পেরেছে তারা।

অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ইউনাইটেডের ডাগআউটে দাঁড়াবেন ৫৪ বছর বয়সি পচেত্তিনো। ম্যাচটির আগে তিনি বলেছেন, খেলোয়াড়দের দ্রুত জয়ের অনুভূতি ফিরে পেতে হবে।

“আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জয়ী হওয়ার সেই অনুভূতি ফিরে পেতে, ম্যাচ জিততে এবং ভালো পারফর্ম করতে কঠোর পরিশ্রম শুরু করা।

“তবে শুধু জয়ের কথা বললেই হবে না। কাজ শুরু করতে হবে, পরিবর্তন আনতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলার চেষ্টা করতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে, আমরা আবারও জয়ের সেই অনুভূতি ফিরিয়ে আনতে পারব।”

লিগে টানা আট ম্যাচ জয়হীন থাকায় প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলে নেমে গেছে ইউনাইটেড। ৪০ বছরের মধ্যে মৌসুমের সবচেয়ে বাজে শুরুর কারণে দলটির দ্বিতীয় স্তরের লিগে নেমে যাওয়ার শঙ্কাও উঁকি দিচ্ছে।

তবে তবে পচেত্তিনো জোর দিয়ে বলেছেন, তিনি চান না তার দল কাঁধে এই চাপ নিয়ে খেলুক। বরং খেলোয়াড়দের ‘নিজেদের প্রতিভা মেলে ধরতে’ বলেছেন তিনি।

“আমার মনে হয়, পরিস্থিতির দিকে তাকানোই ভুল। আমাদের দেখতে হবে এই ক্লাবের সম্ভাবনা কতটা। অবশ্যই পরিস্থিতি যেমনই হোক, সেই পরিস্থিতির দায় আমাদের নিতে হবে।

“খেলোয়াড়দের নিজেদের প্রতিভা মেলে ধরতে হবে। তাদের ভালো খেলার পরিবেশ ও সুযোগ তৈরি করে দিতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমাদের অগ্রাধিকার হলো খেলোয়াড়দের নিয়ে কাজ করা এবং তাদের ওপর থেকে চাপ কমানোর চেষ্টা করা।”