১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের শিশুদের শিক্ষার জন্য ১২ জনের টেকনাফ-ঢাকা পদযাত্রা

এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য একটি সমন্বিত মানবিক ও শিক্ষা ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন দেখছেন আয়োজকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 10:30 PM

Updated : 19 Nov 2026, 10:30 PM

পাহাড়ের সুবিধাবঞ্চিত ও অসহায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে টেকনাফ-ঢাকা দীর্ঘ পদযাত্রা শুরু করেছে ১২ জনের একটি দল।

উদ্যোক্তা উথোয়াইংগ্য মারমার নেতৃত্বে ‘মানবতার পথে’ শীর্ষক এ পদযাত্রা বৃহস্পতিবার সকাল ৭টায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে শুরু হয়।

৪৫ দিনে দেশের বিভিন্ন বৌদ্ধগ্রাম ও বৌদ্ধবিহার অতিক্রম করে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছানোর পরিকল্পনা রয়েছে দলটির।

উথোয়াইংগ্যা মারমা বলেন, পাহাড়ের অসংখ্য শিশু শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সারা বছর জুমসহ অন্যান্য চাষবাসে থাকা পাহাড়ি জনগোষ্ঠীর অনেক বাবা-মা দারিদ্র্যতার কারণে সন্তানদের স্কুলে দিতে পারেন না। এসব শিশু শিক্ষার আলো না পেয়ে বড় হচ্ছে।

তাদের শিক্ষা, খাদ্য ও চিকিৎসার অধিকার নিশ্চিত করতে এ পদযাত্রার উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যাত্রার মাধ্যমে ‘এক বস্তা চাল- একটি শিশুর ভবিষ্যৎ’ পরিকল্পনায় ১৫ হাজার মানবিক মানুষকে সম্পৃক্ত করার চিন্তা রয়েছে। একজন মানবিক বন্ধু বছরে অন্তত এক বস্তা চাল অথবা সমপরিমাণ অর্থ সহায়তা দিয়ে একজন শিশুর খাদ্য ও শিক্ষার দায়িত্বে অংশ নিতে পারবেন।

পদযাত্রা দলের সদস্যরা বলেন, তারা ২০১০ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে বান্দরবানের লামা উপজেলায় মাত্র নয় শিশুকে নিয়ে ‘রংখেদং শিশু সদন’ প্রতিষ্ঠা করা হয়। পরে আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠা করা হয় ‘প্রেন্নুই শিক্ষালয়’। বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে পাহাড়ি সাত সম্প্রদায়ের ২৬০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে।

এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্য একটি সমন্বিত মানবিক ও শিক্ষা ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন দেখছেন আয়োজকেরা।

পরিকল্পিত এ ক্যাম্পাসে শিশুদের আবাসিক সুবিধা ও নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠান, নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষাব্যবস্থা থাকবে। পাশাপাশি জীবনমুখী ও পরিবেশভিত্তিক শিক্ষার মাধ্যমে শিশুদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের সুযোগ তৈরি করা হবে। এ ছাড়া থাকবে প্রবীণ নিবাস এবং একটি ‘মেডিটেশন অ্যান্ড পিস সেন্টার’।