সুবিধাবঞ্চিত শিশুদের আত্মনির্ভরশীল করে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
মতবিনিময় সভায় চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
যথাযথ পদক্ষেপের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের যোগ্য ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
পরে রাতে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে মন্ত্রী বলেন, “শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সৃজনশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। অবহেলিত ও অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই সরকারের লক্ষ্য।”
পথশিশু ও ভিক্ষাবৃত্তি করা শিশুদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, “তাদেরকে সবার আগে সাইকো-সোশ্যাল মোটিভেশনের আওতায় আনতে হবে। এছাড়া তাদের পুনর্বাসন করা সম্ভব না। সে লক্ষ্যে আমরা উদ্যোগ গ্রহণ করছি।”
পরিদর্শন উপলক্ষে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার
অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবওদুল্লাহ আল মুমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
