০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অপহৃত শিশুর খোঁজ মিলল গাজীপুরের পুনর্বাসন কেন্দ্রে

এসআরবি বলছে, অপহরণের পর শিশুটিকে ‘একাধিক জায়গায় বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে’ রাস্তায় ফেলে চলে যায় অপহরণকারীরা।

মলয় কুমার

Published : 07 Oct 2026, 01:35 AM

Updated : 07 Oct 2026, 01:35 AM

ঢাকার রূপনগর এলাকা থেকে অপহরণের ১৮ দিন পর ছয় বছরের একটি শিশুর খোঁজ মিলেছে গাজীপুরের আদর্শনগরে শিশু পুনর্বাসন কেন্দ্রে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বলছে, বাসন থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে সেখানে রেখে গিয়েছিল।

গত ১৮ সেপ্টেম্বর রূপনগরের দুয়ারীপাড়া এলাকার একটি বাসা থেকে শিশুটি নিখোঁজ হয়। ছায়াতদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার খবর পেয়ে শিশুটিকে ওই পুনর্বাসন কেন্দ্র থেকে ঢাকায় নিয়ে আসে এসআরবি।

এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, “অপহরণের পর শিশুটিকে একাধিক জায়গায় বিক্রির চেষ্টা করে ব্যর্থ হয়ে রাস্তায় ফেলে চলে যায় অপহরণকারীরা। পরে ১৯ সেপ্টেম্বর স্থানীয় পুলিশ শিশুটিকে উদ্ধার করে শিশু পুনর্বাসন কেন্দ্রে রেখে আসে।”

তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে এসআরবি বলছে, অপহরণের পর শিশুটিকে বাসা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে 'স্কয়ার নার্সিং হোম ক্লিনিকের' দিকে নিয়ে যাওয়া হয়।

ক্লিনিকের সিসিটিভি ভিডিওতে দুই নারীকে শিশুটির হাত ধরে নিয়ে যেতে দেখা যায়। এরপর আর কোনো ভিডিও পাওয়া যায়নি। ওই দুই নারী লিপি ও নাসরিন বলে শনাক্তও করা হয়।

শিশুটির পাশের বাসার ভাড়াটিয়া কুলসুমের মেয়ে নাসরিন। তিনি লিপি নামে আরেক নারীর সঙ্গে মিলে শিশুটিকে গাজীপুর নিয়ে গিয়েছিলেন।

কুলসুমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসআরবি জানতে পেরেছে, নাসরিন একটি শিশু চুরি চক্রের সঙ্গে জড়িত।

নাসরিন ও লিপিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এসআরবি কর্মকর্তা হাফিজুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, শিশুটির বাবা রিকশাচালক এবং মা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।

গত ১৮ সেপ্টেম্বর সকালে শিশুটির মা শিশুটিকে ও তার বাবাকে বাসায় ঘুমন্ত অবস্থায় রেখে কাজে বেরিয়ে যান। দুপুরে বাবা ঘুম থেকে উঠে দেখতে পান তার ছেলে বাসায় নেই।

বিভিন্ন জায়গায় খোঁজ করেও না পেয়ে রূপনগর থানায় একটি মামলা করেন বাবা।