রূপপুরের পারমাণবিক জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইএইএর ৫ সুপারিশ
জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্তের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলার পূর্ণাঙ্গ মহড়ার সুপারিশ করেছে সংস্থাটি।
পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি জোরদার করতে পাঁচ ক্ষেত্রে উন্নতির সুপারিশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি বিশেষজ্ঞ দল।
সব ধরনের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জাতীয় ব্যবস্থায় পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতিকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে দলটি।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব স্পষ্ট করা, বিকিরণ পর্যবেক্ষণ জোরদার করা এবং জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করার কথাও বলেছে তারা।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ বলেছে, ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশে ১০ দিনের জরুরি প্রস্তুতি পর্যালোচনা মিশন শেষে তারা এ মূল্যায়ন দিয়েছে। আইএইএর নিরাপত্তামানের আলোকে বাংলাদেশের প্রস্তুতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা পর্যালোচনা করা হয়।
বাংলাদেশ সরকারের অনুরোধে পরিচালিত এ মিশনের আয়োজক ছিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
সফরে বিশেষজ্ঞরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা সরকারি সংস্থা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের পুলিশ ও উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তারা।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থাকে প্রস্তুতির একটি শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করেছে দলটি।
তাদের মূল্যায়ন, মাঠের অভিজ্ঞতা থেকে উন্নত করা এ ব্যবস্থার সঙ্গে পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি যুক্ত করা যেতে পারে।
রূপপুরে জরুরি সেবার জন্য আলাদা ক্লিনিক এবং অগ্নিনির্বাপণকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাকেও ইতিবাচক দিক হিসেবে তুলে ধরেছে দলটি। ক্লিনিকটিতে চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। অগ্নিনির্বাপণকর্মীদের বাস্তবের মতো পরিস্থিতি তৈরি করে প্রশিক্ষণ দিতে রয়েছে একটি উন্নত সিমুলেটর।
সুপারিশে যা বলেছে আইএইএ
প্রথম সুপারিশে সব ধরনের দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলার জাতীয় ব্যবস্থায় পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতিকে যুক্ত করার কথা বলেছে দলটি। এজন্য জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত জরুরি পরিকল্পনা ও কাজের পদ্ধতি চূড়ান্ত করে সেগুলোর মধ্যে সামঞ্জস্য আনতে বলেছে তারা।
দ্বিতীয় সুপারিশে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়াতে বলা হয়েছে। কে কী কাজ করবে, তা স্পষ্ট করার পাশাপাশি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলোকে শক্তিশালী করতে বলেছে দলটি।
জরুরি সময়ে এক জায়গা থেকে নির্দেশনা দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা এবং সুরক্ষামূলক পদক্ষেপ কার্যকর করার সুপারিশও করেছে তারা।
তৃতীয় সুপারিশে আন্তর্জাতিক নিরাপত্তামান অনুযায়ী জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করতে বলা হয়েছে। এ কাজে জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্বে থাকা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুক্ত করতে বলেছে দলটি।
চতুর্থ সুপারিশে বিকিরণ পর্যবেক্ষণ, জরুরি কর্মী ও সহায়তাকারীদের সুরক্ষা এবং চিকিৎসাসেবা জোরদার করতে বলা হয়েছে। ঘটনাস্থলে প্রথম সাড়া দেওয়া কর্মীদের চিকিৎসাসংক্রান্ত সহায়তার কথাও এতে রয়েছে। জনসাধারণকে তথ্য দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে জরুরি পরিস্থিতির খবর জানানোর ব্যবস্থা জোরদার করতে বলেছে দলটি।
পঞ্চম সুপারিশে জরুরি পরিস্থিতি মোকাবিলার সব পর্যায়কে নিয়ে মহড়া ও মূল্যায়নের পূর্ণাঙ্গ কর্মসূচি চালু করতে বলা হয়েছে। বিদ্যমান ব্যবস্থা কতটা কার্যকর, তা যাচাই ও উন্নত করতে রূপপুরে পূর্ণাঙ্গ জরুরি মহড়ার সুপারিশ করেছে দলটি।
যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির মূল্যায়ন ও জরুরি পরিস্থিতি মোকাবিলা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার পর্যালোচনা দলের নেতৃত্ব দেন। অস্ট্রিয়া, বুলগেরিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, লাটভিয়া, নরওয়ে, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা এ দলে ছিলেন।
আইএইএর বিজ্ঞপ্তিতে ব্রেইটিঙ্গার বলেন, সংস্থাটির নিরাপত্তামান অনুযায়ী পারমাণবিক ও বিকিরণজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে তারা খোলামেলা ও গঠনমূলক মনোভাব দেখেছেন। প্রস্তুতি ধরে রাখতে এসব সংস্থার মধ্যে সমন্বয় বজায় রাখা ও নিয়মিত মহড়া করা জরুরি হবে বলে জানান তিনি।
বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রস্তুতির সময়ে পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। এ মিশন বিদ্যমান প্রস্তুতি মূল্যায়ন, উন্নতির ক্ষেত্র চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ দিয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, মিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার একটি কর্মপরিকল্পনা তৈরি করবে। এতে মন্ত্রণালয়, জরুরি সেবা সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক মান অনুসরণ করে জাতীয় জরুরি প্রস্তুতি জোরদার করা হবে।
আইএইএর পর্যালোচনা শেষ হওয়ার আগের দিন মঙ্গলবার রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া শুরু হয়।
সেদিন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানায়, বিকাল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের ২৯ মিনিট পর বিকাল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট।
এর আগে ২৯ অক্টোবর প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরুর প্রস্তুতির চূড়ান্ত ধাপে যাওয়ার অনুমোদন দেয় বায়েরা।
পাবনার ঈশ্বরদীতে নির্মিত কেন্দ্রটির দুই ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
