১৬ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি

বাড়ির মালিকের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:54 PM

Updated : 16 Nov 2026, 12:54 PM

চাঁদা না পেয়ে চট্টগ্রামে এক বাড়িতে গুলি করার পর গৃহকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার শহীদনগর এলাকায় এক ভূমি ব্যবসায়ীর বাড়িতে গুলি করার ঘটনা ঘটে।

বাড়ির মালিকের অভিযোগ, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে তার বাড়িতে গুলি করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির মালিক জাফর নামের এক ব্যক্তি। তিনি ভূমি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত। তার কাছ থেকে ২০ লাখ চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা।

“রাতে সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে করে এসে ভবন লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং কারা এর সাথে জড়িত, তাদের চিহ্নিত করার কাজ করছি।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এদিকে রাতে ভবন মালিক জাফর বলেন, প্রায় ১০ মাস আগে রায়হান তার কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন। তখন সবে ভারত থেকে স্ত্রীকে চিকিৎসা করিয়ে দেশে আসার কথা বললে রায়হান আর যোগাযোগ করেনি।

তিনি বলেন, “গত বুধবার তাকে পুনরায় ফোন করে চাঁদা চাওয়া হয়েছিল। এরপর রাতে ভবনের দ্বিতীয় তলায় জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। যে কক্ষে গুলি করা হয়েছে, সেখানে কেউ থাকতেন না।”

ভবন মালিক জাফরের অভিযোগ, গুলির পর তাকে পুনরায় ফোন করা হয়। এ সময় তাকে ফোনে বলা হয়, “আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল তোর শরীরে করব। কাফনের কাপড় কিনে রাখিস।”

বায়েজিদসহ নগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও ভবন মালিকের কাছ থেকে বড় সাজ্জাদের হয়ে চাঁদা দাবি করে আসছে রায়হান ও ডেভিড ইমন। এর মধ্যে ডেভিড ইমন গ্রেপ্তার হওয়ার পর রায়হান এখন চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে।

তবে রায়হান বিভিন্ন সময়ে ফেইসবুক পোস্টে দাবি করেন, তার নাম ব্যবহার করে অনেকেই এ ধরনের কাজ করছেন।

পুরনো খবর:

চট্টগ্রামে এবার ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদা দাবি: চট্টগ্রামে এবার আবাসিক ভবনে গুলি
চট্টগ্রামের বায়েজিদে ‘চাঁদার দাবিতে’ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি
১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি
‘যদি ছেলেপুলে পাঠাতে হয় ৫০ লাখের জায়গায় এক কোটি হবে’