১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

অনুরাগ ফার্মায় গুলি: পিস্তল-চাপাতি হাতে দুজন, আরেকজন ছিলেন বাইকে

“পাপ্পু ও বাদল দুই মেরুর লোক; দুজনের নামে যখন চাঁদা দাবি করা হয়, তখন সত্যতা নিয়ে প্রশ্ন থাকে,” বলেন পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 09:26 PM

Updated : 14 Nov 2026, 09:26 PM

শুক্রবার রাত ১১টা ১ মিনিট। ঢাকার শ্যামলী এলাকার হৃদরোগ ইনস্টিটিউটের বিপরীত পাশে অনুরাগ রেস্তোরাঁর সামনের মূল সড়কে কিছু গাড়ি চলাচল করছে। ফুটপাত ধরে পথচারীদের চলাচলও কম। এর মধ্যে হুট করে দুই রাউন্ড গুলির শব্দ। এরপরই আশপাশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ ঘটনার আকস্মিকতায় ঠায় দাঁড়িয়ে থাকেন। দিক্বিদিক ছোটেন দুই-চারজন।

সেদিন রাতে অনুরাগ ফার্মা লক্ষ্য করে গুলির ঘটনা সিসিটিভি ভিডিওতে ধরা পড়েছে এভাবেই।

৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রাত ১১টায় কালো পাঞ্জাবি পরা হেলমেটধারী এক যুবক শ্যামলী প্রান্ত থেকে নিরাময় ফার্মেসির সামনে দিয়ে মূল সড়ক ধরে অনুরাগ রেস্তোরাঁ পার হয়ে অনুরাগ ফার্মার দিকে এগিয়ে যাচ্ছেন। তার ডান হাত পাঞ্জাবির নিচে লুকানো। একই সময় একই দিক থেকে ফুটপাত ধরে কালো পাঞ্জাবি ও হেলমেট পরা আরেক যুবক ডান হাত পাঞ্জাবির নিচে লুকিয়ে অনুরাগ ফার্মার দিকে যাচ্ছেন।

১১টা ১ মিনিট ১৯ সেকেন্ডে অনুরাগ ফার্মার সামনের কাচঘেরা অংশ লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় মূল সড়ক ধরে হেঁটে আসা যুবকটি। গুলির পর একই পথ ধরে দৌড়ে চলে যান তিনি।

ফুটপাত ধরে হেঁটে আসা যুবকও একই পথে উল্টো দৌড়ে আসার সময় পাঞ্জাবির নিচে থেকে একটি চাইনিজ চাপাতি বের করে পথচারীদের ভয় দেখায়। ১১টা ১ মিনিট ৩৫ সেকেন্ডে দুজনই সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে চলে যান।

Image

ফাইল ছবি

ঘটনার প্রত্যক্ষদর্শী ফুটপাতের ছোলাবুট বিক্রেতা মো. রিপন শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনজন আইছিলো হুন্ডা লইয়া। একজন হুন্ডা স্টার্ট দিয়ে খাড়ায়া রইছিলো ওই ওষুধের দোকানের সামনে (নিরাময় ফার্মেসি)। দুইজন সেখান থাইকা হাইডা আইসা গুলি কইরা আবার ওই হুন্ডায় কইরা পলায়া গেছে।

“যে গুলি করছে তার মুখে মাস্ক আছিলো। আমি গুলির শব্দ পাইয়া ভয়ে দৌড়ায়া হেই দিক (বাবর রোডের দিক দেখিয়ে বললেন) চইলা গেছিলাম।”

ঘটনার পরের দিন শনিবার দুপুর দেড়টায় অনুরাগ ফার্মায় গিয়ে সেটি খোলা পাওয়া গেল। বেচাকেনাও চলছিল।

ফার্মেসির সামনের দিকে ডান পাশের কাচে ঘেরা অংশটি অর্ধেকের বেশি ভাঙা। ভাঙা অংশের উপরে গুলির ফুটোর চিহ্ন। যদিও সে সময় গুলি লাগা অংশটুকু শাটার টেনে বন্ধ রাখা হয়েছিল। তখন সেখানে ঘটনাস্থলের নানা আলামত সংগ্রহ করছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট।

দোকানের কর্মচারীদের সঙ্গে ঘটনার সময়কার বিবরণ জানতে চাইলে কেউই নাম প্রকাশ করে কোনো মন্তব্য দিতে রাজি হলেন না। সবার মধ্যেই এক ধরনের ভয় দেখা গেছে।

একজন কর্মচারী বললেন, “শুক্রবারের দিন হলেও আমাদের কাস্টমার কম ছিল না। আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যেই গুলির আওয়াজের মতো শব্দ পেলাম।

“প্রথমে বুঝতে পারিনি। পরে যখন আমাদের সামনের কাচ ভেঙে পড়তে দেখলাম, তখন বুঝলাম আসল ঘটনা। এরপর আমরা কাস্টমারসহ সবাই বাইরে বের হয়ে যাই।”

এই ঘটনায় অনুরাগ ফার্মার ব্যবস্থাপক রাসেল তালুকদার মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

পাঁচ তারিখ চাঁদা দাবি, ছয় তারিখ ককটেল হামলার পর গুলি

অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসি পাশাপাশি লাগোয়া। দুটিরই মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন।

তিনি শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই মাসের পাঁচ তারিখ একটি নম্বর থেকে আমাকে কল করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। যারা কল করেছিল, তারা কিলার পাপ্পু ও কিলার বাদলের নাম করে চাঁদা চেয়েছিলো। কিন্তু যাদের কথা বলে চাঁদা চেয়েছে, তারা কেউই আমাকে ফোন দেয়নি। তাই সরাসরি তাদের আমি দোষী বলতে পারি না।

“আমার মনে হয়, ‘ছুটকাফাটকা’ কেউ ওদের নাম করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। চাঁদা দাবির পরের দিন আমার ফার্মেসি ও রেস্তোরাঁর সামনে ককটেল চার্জ করেছিল। এরপর তো গুলি করলই।”

মামলা করেছেন কি না— এমন প্রশ্নের জবাবে হাসান নুর ইসলাম রাষ্টন বলেন, ঘটনার রাতেই তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিছু প্রক্রিয়া মেনে মামলাটি রোববার রেকর্ড হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গুলি চালানো ব্যক্তি চিহ্নিত হয়েছেন কি না— এমন প্রশ্নে শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো হয় নাই। শুটারদের চিহ্নিত করে ধরতে আমরা কাজ করছি।”

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড প্রক্রিয়াধীন আছে।”

কে এই ‘কিলার পাপ্পু’ ও ‘কাইল্লা বাদল’?

পুলিশের কাছে ‘কিলার পাপ্পু’ কিশোর গ্যাংয়ের মদতদাতা, অবৈধ অস্ত্রধারী, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত।

গত বছর ডিএমপির করা কিশোর গ্যাং ও এসব গ্যাংয়ের মদতদাতাদের তালিকায় এসেছে তার নাম।

ওই তালিকা অনুযায়ী, মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকার ‘এলেক্স গ্রুপ’-এর মদতদাতা এই পাপ্পু। এই গ্রুপে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রুপটি বাঁশবাড়ি সড়ক, নূরজাহান রোড, মোহাম্মদিয়া হাউজিং ও নবোদয় হাউজিং এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব এলাকায় এই গ্রুপের সদস্যরা মাদকের কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত হানাহানিতে লিপ্ত থাকে।

এ ছাড়া কাইল্লা বাদলও মোহাম্মদপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ। রাজধানীর মোহাম্মদপুর থানাসহ কয়েকটি থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি মামলা রয়েছে।

সর্বশেষ ২১ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং ‘তারেক মেটাল’ নামের একটি দোকানে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তিনি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হন। এ ছাড়া নিউ মার্কেট এলাকায় গুলি করে শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলারও আসামি এই কাইল্লা বাদল।

Image

ফাইল ছবি

সাবেক কাউন্সিলরের কাছে চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে কিলার পাপ্পু বলেন, “সকালে ঘুম থেকে উঠে এমন খবর দেখে আমি খুব মর্মাহত হয়েছি। আমার রাজনৈতিক অবস্থানের কারণে আমাকে এসবের মধ্যে জড়ানো হচ্ছে বলে মনে করি। তবে যেহেতু তার (রাষ্টন) প্রতিষ্ঠানে ফায়ার ওপেন হয়েছে, ককটেল মারা হয়েছে, সেহেতু এটার একটা সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করি।

“যেহেতু সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি হতে যাচ্ছে, সেহেতু এটা হতে পারে তারই দলীয় রাজনৈতিক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীরা পদের জন্য এগুলো করে থাকতে পারে। অথবা সে জেনুইন ভুক্তভোগীও হতে পারে। তবে এসবের মধ্যে আমি এখন নেই ভাই। একসময় একটা জীবন ছিল। এখন আমার পরিবার, সন্তান হয়েছে। আমি এসবের মধ্যে আর নেই। আমি তিনবার ওমরাহ ও হজ করে এসেছি। এগুলো শুধুই আমার সন্তানের কাছে আমাকে হেয় করা ছাড়া আর কিছুই না। আমি পুলিশ প্রশাসনকে বলব, তারা প্রকৃত অপরাধীকে খুঁজে বের করুক।”

সর্বশেষ গ্রেপ্তার হওয়ার পরের দিনই জামিনে মুক্ত হন কাইল্লা বাদল। এরপর থেকেই আত্মগোপনে চলে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পাপ্পু ও বাদলের নাম করে চাঁদা চাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “পাপ্পু ও বাদল দুই মেরুর লোক। দুজনের নাম এক করে যখন চাঁদা দাবি করা হয়, তখন সেটার সত্যতা নিয়ে প্রশ্ন থাকে। আমরা চাঁদা দাবি করে ফোন করার বিষয়টি নিয়ে কাজ করছি।”

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আমরা সিসিটিভি ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করছি। আর চাঁদাবাজিসহ সব ‘অ্যাঙ্গেল’ ধরে তদন্ত করছি।”

পুরনো খবর:

‘কিলার পাপ্পুর’ নামে চাঁদা দাবির অভিযোগ, মোহাম্মদপুরে রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি