১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

অনুরাগ ফার্মেসিতে গুলি: লালমাটিয়া থেকে যুবক গ্রেপ্তার

মোহাম্মদপুরের বাবর রোডে গত শুক্রবার রাতে ওষুধের দোকানটিতে গুলি করা হয়।

অনুরাগ ফার্মেসিতে গুলি: লালমাটিয়া থেকে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার সাব্বির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 12:09 AM

Updated : 16 Nov 2026, 12:09 AM

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে অনুরাগ ফার্মেসিতে গুলি করার ঘটনায় এক যুবককে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

শনিবার মধ্যরাতে লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সাব্বির নামে ২৮ বয়সি এ যুবককে গ্রেপ্তার করা হয়।

রোববার রাতে মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, মোহাম্মদপুর থানায় করা একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে লালমাটিয়ায় অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।

সাব্বিরের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আরিশনগর এলাকায়।

গত শুক্রবার রাতে মোহাম্মদপুরের বাবর রোডে অনুরাগ ফার্মেসিতে গুলির ঘটনা ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, মোটরসাইকেলে আসা তিনজনের মধ্যে দুজন গুলি করে পালিয়ে যায়। তাদের মধ্যে একজন গুলি করেছে আর অন্যজন চাপাতি হাতে লোকজনকে ভয় দেখিয়েছে।

অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসি পাশাপাশি লাগোয়া। দুটিরই স্বত্ত্বাধিকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন।

এর আগে গত ৫ নভেম্বর রাষ্টনের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে ফোন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর পরদিন তার প্রতিষ্ঠানে গুলির ঘটনা ঘটে।