‘কিলার পাপ্পুর’ নামে চাঁদা দাবির অভিযোগ, মোহাম্মদপুরে রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি
ওই রেস্তোরাঁর মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন।
চাঁদা না পেয়ে রাজধানীর মোহাম্মদপুরে একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে অনুরাগ রেস্তোরাঁর সামনে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
মোহাম্মদপুর থানার এসআই মোহাম্মদ শরিফ রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি।”
পাশাপাশি থাকা ওই রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্টন।
তিনি অভিযোগ করেন, গত পাঁচ নভেম্বর তাকে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পুর’ নাম করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর তার দোকান লক্ষ্য করে ককটেল ফাটানোর ঘটনাও ঘটে।
এ বিষয়ে পাপ্পুর বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
