০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে এবার ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা

“মাস খানেক ধরে দেশি-বিদেশি নম্বর থেকে আমাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে,” ভাষ্য ব্যবসায়ী জসীম উদ্দিনের।

চট্টগ্রামে এবার ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা
ছবি: ভিডিও থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 07:54 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

চট্টগ্রামে ‘২০ লাখ টাকা চাঁদা’ না পেয়ে ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা করে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়েছে। 

রোববার হাটহাজারি থানার বড় দীঘির পাড়-ভাটিয়ারি লিঙ্ক রোডে এ ঘটনা ঘটে। এলাকাটি হাটহাজারি উপজেলায় হলেও সেটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের অধীনে। 

বড় দীঘির পাড় এলাকার পাইকারী চাল ব্যবসায়ী জসীম উদ্দিন এ ভবনটি নির্মাণ করছিলেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাস খানেক ধরে দেশি-বিদেশি নম্বর থেকে আমাকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা আমাকে ১০০ পুলিশের সামনে গুলি করার ও আমার চালের গুদামে আগুন দেয়ারও হুমকি দিয়ে আসছিল।” 

চাঁদা না পেয়ে এ হামলা হয়েছে দাবি করে তিনি বলেন, “সকাল ৯টার দিকে গাড়ি নিয়ে সাত থেকে আট জন সন্ত্রাসী আমার নির্মাণাধীন ভবনের সামনে এসে নামে। তারা ভবনে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায় এবং সেখানে কাজ করা শ্রমিকদের ওপরও হামলা করে।” 

কারা চাঁদা দাবি করছিল, এমন প্রশ্নের জবাবে জসীম উদ্দিন বলেন, বিভিন্ন জনের নাম দিয়ে তারা ফোন করতেন। 

এ বিষয়ে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে হামলার ঘটনা ঘটেছে।

“সকালে কিছু লোক ভবনে ঢুকে ভাংচুর করে ও কয়েক জন শ্রমিককে মারধর করে। ককটেল বিষ্ফোরণের কথাটি আমরা লোকমুখে শুনলেও কোনো অভিযোগ পাইনি।”

পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, ভবন মালিক দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ করলেও কারো নাম উল্লেখ করেনি। 

“আমারা সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং কারা এর সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করার চেষ্টা করছি।” 

চট্টগ্রামে চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা, গুলির বেশকিছু ঘটনা ঘটেছে গত দুই বছর ধরে। 

গত ১৩ জুলাই দুপুরে নগরীর বাকলিয়া এক্সেস রোডে ‘ডিজিটাল ডটনেট’ (ডিডিএন) নামে একটি ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানে ‘দুই কোটি টাকা চাঁদা না পেয়ে’ হামলা চালায় সন্ত্রাসীরা। 

এ ঘটনায় র‌্যাব নয় জনকে গ্রেপ্তারের পর বলেছিল, সন্ত্রাসী ডেভিড ইমনের ‘নির্দেশে’ এ হামলা চালানো হয়। 

এর আগে গত ২ জানুয়ারি ও ২৮ ফেব্রুয়ারি ১০ কোটি  টাকা চাঁদার দাবিতে চকবাজার খালপাড় এলাকায় আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম-১৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং স্মার্ট গ্রুপের এমডি মুজিবুর রহমানের বাড়িতে গুলি চালায় সন্ত্রাসীরা।

বড় সাজ্জাদের নামে ফোন করে টাকা না পেয়ে হামলা চালানো হয়েছিল বলে ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছিল।

গেল বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি চালিয়ে এবং শ্রমিকদের মারধর করে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দেয় সন্ত্রাসীরা।

জমির মালিক জহিরুল ইসলামের অভিযোগ ছিল, সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সহযোগী ইমনের অনুসারী পরিচয় দিয়ে তার কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।

চট্টগ্রামে ‘চাঁদা না পেয়ে’ ইন্টারনেট সেবার কোম্পানিতে ভাঙচুর, লুট 

চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’ এর নামে ফোন, ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাড়িতে গুলি

চট্টগ্রামের বায়েজিদে ‘চাঁদার দাবিতে’ প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি