২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি: পুলিশের সন্দেহ ‘অধরা’ রায়হানের দিকে

পুলিশ ও স্থানীয়দের ধারণা, যে অটোরিকশা থেকে গুলি করা হয়েছে, তার সামনে একটি বাইকে ছিল সন্ত্রাসী রায়হান আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 02:56 PM

Updated : 24 Nov 2026, 02:56 PM

‘সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে’ ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি করার অভিযোগ উঠেছে।

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় সোমবার রাতে সিএনজির অটোরিকশা থেকে ছোড়া এই এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন তিন পথচারী।

এর আগের দিন রোববার রাতে কাঞ্চননগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এক ব্যবসায়ীকে ধাওয়া করে গুলি করা হয়। পুলিশের ধারণা, রায়হান-ডেভিড ইমনের অনুসারী গলাকাটা মোবারকের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, যে অটোরিকশা থেকে গুলি করা হয়েছে, তার সামনে একটি বাইকে ছিলেন ‘অধরা’ সন্ত্রাসী রায়হান আলম।

পুলিশের ভাষ্য, ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের পাহাড়ি এলাকায় সন্ত্রাসী রায়হান আলম অবস্থান করছেন বলে তাদের ধারণা। সে কারণে রোববার রাত থেকে সেখানে অভিযান শুরু করেছে পুলিশ। যেখানে স্থানীয়দের সহায়তা চাওয়া হয়েছিল।

সোমবার রাতে স্থানীয় লোকজন বাইকে করে যাওয়ার সময় দুইজনকে আটকানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা অটোরিকশা থেকে শটগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। পরে স্থানীয়রা ধাওয়া করে চালকসহ সিএনজির অটোরিকশাটি আটক করলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর থেকে ওই এলাকায় পুলিশি অভিযান শুরু হয়েছে।

পুলিশি অভিযানের নেতৃত্বে থাকা চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার ফটিকছড়ির পাহাড়ি এলাকায় সন্ত্রাসী রায়হান অবস্থান নিয়েছেন বলে আমরা ধারণা করছি। এরপর থেকেই সেখানে অভিযান শুরু হয়েছে।”

তিনি বলেন, পুলিশি তৎপরতা টের পেয়ে রায়হান সোমবার রাতে বাইক ও অটোরিকশা করে সেখান থেকে দলবল ফটিকছড়ি সদরের দিকে রওনা করে। চুরখাঁর বাজারের কাছে বাইকে থাকা রায়হানকে স্থানীয় লোকজন চিনতে পেরে আটকানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা অটোরিকশা থেকে গুলি করা হয়।

এদিকে এলাকাবাসী ধাওয়া করে বৈদ্যের হাট এলাকায় একটি সিএনজি অটোরিকশা আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, “এলাকাবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা অটোরিকশা থেকে নেমে পালিয়ে যায়। এ সময় চালকসহ অটোরিকশাটি ধরে ফেলেন স্থানীয় লোকজন।

“আমরা নিশ্চিত হয়েছি আটক অটোরিকশাচালক জাবেদ পলাতক রায়হানের পূর্বপরিচিত। তাকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।”

সোমবার রাতভর পুলিশ সুয়াবিল ইউনিয়ন ও আশপাশের এলাকায় রায়হানের খোঁজে মাইকিং করেন। এ সময় রায়হান কোনো স্থানে লুকিয়ে থাকলে তাকে ধরে দিতে এলাকাবাসীর সহায়তা চায় পুলিশ।

এদিকে মঙ্গলবার সকালেও ফটিকছড়িতে রায়হান অবস্থান করছেন ধারণা করে পুলিশের অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ।

বারবার ফসকে যাচ্ছে রায়হান

রায়হানের সহযোগী ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর গেল ৩০ জুলাই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি বাড়িতে ছিলেন রায়হান। ২৯ জুলাই পুলিশের অভিযানে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।

বিভিন্ন সময়ে তাকে ধরতে অভিযানে গেলেও অধরা থেকে যায় রায়হান।

গত বছরের এপ্রিলে রাউজানের গাজীরপাড়া এলাকায় রায়হানকে ধরতে অভিযানে যায় চট্টগ্রাম নগর পুলিশের একটি দল। রায়হান সেই এলাকায় অবস্থানের বিষয়টি পুলিশকে স্থানীয় যুবদল কর্মী ইব্রাহীম জানিয়েছিলেন বলে রায়হানের সন্দেহ। এর ‘বদলা’ নিতে পরদিন দলবল নিয়ে সেখানে হাজির হন রায়হান। গুলি করে খুন করা হয় ইব্রাহীমকে।

যেভাবে আলোচনায়

চট্টগ্রামের রাউজান উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জুরুরকুল মুন্দার খলিফার বাড়ির বাসিন্দা বদিউল আলমের ছেলে রায়হান।

একসময় রাউজান এলাকায় বালুর মহালে টাকা তোলা এবং ছোটখাটো অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন এ রায়হান। পরে চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বিভিন্ন নির্মাণাধীন ভবন ও প্রতিষ্ঠানে চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন।

চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশে দায়িত্ব পালন করা একাধিক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশে পলাতক বড় সাজ্জাদের অন্যতম সহযোগী এ রায়হান।

তারা বলেন, ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদ, বোরহান, রায়হান ও ডেভিড ইমন সবাই এক পক্ষ।

ওই পুলিশ কর্মকর্তারা বলেন, ছোট সাজ্জাদ, বোরহান, রায়হান মূলত বিদেশে পলাতক বড় সাজ্জাদের এক সময়ের সহযোগী সরোয়ার ও ম্যাক্সনের হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করতেন।

বড় সাজ্জাদের সঙ্গে সরোয়ার ও ম্যাক্সনের দূরত্ব সৃষ্টি হলে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ হন ছোট সাজ্জাদ, বোরহান, রায়হান ও ডেভিড ইমন।

পুলিশ কর্মকর্তারা বলেন, ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর বড় সাজ্জাদ গ্রুপের নিয়ন্ত্রণ যায় বোরহানের হাতে। পরপর বেশ কয়েকটি ঘটনায় বোরহানের নাম আলোচনায় আসার পর রায়হানকে সামনে নিয়ে আসেন বড় সাজ্জাদ।

২০২৪ সালের ৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রায়হানের হাত ধরে সাজ্জাদ গ্রুপে যুক্ত হন মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন।

ছোট সাজ্জাদ ও বোরহানের বিকল্প হিসেবে রায়হান কাজ করেন। জোড়া খুন, বিএনপি নেতা এরশাদ উল্লাহর নির্বাচনি জনসংযোগে গুলি করে সরোয়ারকে খুনসহ বিভিন্ন চাঁদাবাজিতে রায়হানের নাম আলোচনায় চলে আসায় ডেভিড ইমন পরবর্তীতে বড় সাজ্জাদের হয়ে বেশ কিছু চাঁদাবাজির ঘটনা ঘটান।

গত ৫ নভেম্বর বায়েজিদ চালিতাতলী এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি জনসভায় গুলি করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হত্যা মামলায়ও আলোচনায় আসে রায়হানের নাম।

ভিড়ের মধ্যে পেছন থেকে কাঁধে পিস্তল ঠেকিয়ে সরোয়ারকে গুলি করা ব্যক্তিটি রায়হান বলে ধারণা পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

গত বছরের ৩০ মার্চ ভোরে নগরীর বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কার থামিয়ে দুইজনকে গুলি করে খুন করা হয়। এ মামলায়ও আসে রায়হানের নাম।

একই বছরের ১৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকতে গুলি করে ঢাকাইয়া আকবরকে খুনের ঘটনারও অন্যতম আসামি রায়হান।

২২ এপ্রিল রাউজান উপজেলা সদর ইউনিয়নের পূর্ব রাউজানের গাজীপাড়ায় মাথায় অস্ত্র ঠেকিয়ে মো. ইব্রাহীম (৩০) নামে এক যুবককে খুন করা হয়।

গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনীতে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার এজাহারে ১ নম্বরে তার নাম রয়েছে।

এ ছাড়া নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, প্রবাসী ও নির্মাণাধীন ভবনে চাঁদাবাজির সঙ্গে রায়হান সম্পৃক্ত বলে পুলিশের ভাষ্য।

পুরনো খবর:

চট্টগ্রামে ব্যবসায়ীকে ‘ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারার’ হুমকি
রাউজানে যুবদল নেতা খুন: 'আলোচিত সন্ত্রাসী' রায়হান প্রধান আসামি
চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’ এর নামে ফোন, ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাড়িতে গুলি
‘আজ বিল্ডিংয়ে গুলি করেছি, কাল শরীরে করব’, চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার’: এসপিকে নিয়ে সন্ত্রাসী রায়হানের পোস্ট