১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হত্যাপুরী খুলনায় পুলিশও যেন অসহায়

পুলিশ জানিয়েছে, খুলনা নগর ও জেলায় চলতি বছর ১০ মাসে ৭৭ জন হত্যার শিকার হয়েছেন।

হত্যাপুরী খুলনায় পুলিশও যেন অসহায়

খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় ১৯ অগাস্ট মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়। ভিডিও থেকে নেওয়া ছবি।

শুভ্র শচীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 01:12 AM

Updated : 15 Nov 2026, 01:12 AM

“আমরা খুলনাবাসী ভালো নেই। কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী আর চাঁদাবাজদের কাছে জিম্মি হয়ে পড়েছে নগরের মানুষ।”

এই অসহায় উক্তি যার, তিনি জেলার সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি মঞ্জু বলেন, “জীবনের ভয়ে মানুষ মুখ খুলছে না, সবাই নিরবে চাঁদা দিচ্ছে- লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে?”

দেশের দক্ষিণাঞ্চলের জেলা খুলনা যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে ওঠেছে। প্রায় প্রতিদিন খুন, হত্যাচেষ্টা আর গোলাগুলির ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক; চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে উপকূলীয় এ জেলার মানুষদের।

পুলিশের হিসাব বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মহানগর ও জেলায় ৭১ জন খুন হয়েছেন। নভেম্বরের প্রথম সপ্তাহে আরও ছয়জনের মৃত্যুতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭-এ।

Image

খুলনা নগরীর সোনাডাঙ্গার তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে ৯ অক্টোবর মুস্তাকিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হাসপাতালে স্বজনদের আহাজারি। ফাইল ছবি

এর মধ্যে মহানগর পুলিশের আট থানা এলাকায় ৩৮ জন এবং জেলা পুলিশের নয় থানা এলাকায় ৩৯ জন নিহত হয়েছেন।

এসব হত্যাকাণ্ডের বাইরে গত ১০ মাসে জেলায় অন্তত ৩৫টি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। নগরেও রয়েছে হত্যাচেষ্টার ঘটনা।

এই পরিসংখ্যানের পেছনে শুধু ব্যক্তিগত বিরোধ বা আকস্মিক অপরাধের চিত্র নেই। পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে মাদক কারবারের নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, জমি ও ঘেরের দখল, পরিবহন ও ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কথা।

এসব বিরোধে জড়িয়ে পড়ছে একাধিক অপরাধী গোষ্ঠী। কোথাও আধিপত্য বিস্তারের লড়াই, কোথাও প্রতিশোধ—সংঘাত পরিণতি পাচ্ছে হত্যাকাণ্ডে।

নগরীর বাসিন্দারা বলছেন, আগে সন্ধ্যা নামলে আতঙ্ক ভর করত। প্রতি রাতেই কোথাও না কোথাও গোলাগুলি, হামলা বা সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটত।

এখন দিন-রাত সমান হয়ে গেছে। সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, জনবহুল এলাকাতেও প্রকাশ্যে গুলি করতে দ্বিধা করছে না।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনা জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-এ-খুদা বলছিলেন, পুলিশের ‘দায়িত্ব পালনে ঘাটতির কারণেই’ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

Image

খুলনার রূপসা উপজেলার আঠারোবেকি নদীর তীরবর্তী সিংহের চর এলাকা থেকে গত ২ নভেম্বর দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

“খুলনা একসময় শান্ত শহর হিসেবে পরিচিত ছিল। এখন যেভাবে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, তা কল্পনাও করা যাচ্ছে না। সন্ত্রাসীগোষ্ঠীর কারণে সবার মধ্যে এক ধরনের ভয় ও শঙ্কা কাজ করছে। কথার আগে গুলি চলছে। এতে জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে।”

খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে শোচনীয়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াও তা মানছেন। তবে বিষয়টি তিনি ভিন্নভাবে ব্যাখ্যা করতে চান।

তিনি বলেন, “বেশিরভাগ হত্যাকাণ্ডের পেছনে মাদক-সম্পর্কিত বিরোধ রয়েছে। পুলিশ তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তার করছে। কিন্তু তাদের অনেকে জামিনে বেরিয়ে আবার বেপরোয়া হয়ে ওঠেন। সাধারণ মানুষও অপরাধীদের বিরুদ্ধে কথা বলতে চান না। এটিও বড় সমস্যা।”

Image

খুলনার লবণচরা থানার আশিবিঘা এলাকায় ১৯ অগাস্ট মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়।

আতঙ্কের শহর

২২ অক্টোবরের সকালে খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় গুলিতে নিহত হন এক যুবক। সন্ধ্যায় জিন্নাহপাড়ায় বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয় খুশি আক্তার নামে এক গৃহবধূকে।

দুই হত্যাকাণ্ডের ব্যবধান ছিল ১৫ ঘণ্টার মত। পুলিশ প্রাথমিকভাবে দুই ঘটনার পেছনে মাদক কারবারের বিরোধের সন্দেহ করেছিল। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখছিল তারা।

এর কয়েক দিনের মধ্যে খুলনার রূপসায় আঠারোবাঁকি নদীর চর থেকে গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

২ নভেম্বরের ওই ঘটনার পর শহর ও জেলায় ১২ দিনে হত্যাকাণ্ডের সংখ্যা দাঁড়ায় সাতটিতে। এর মধ্যে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনা যেমন ছিল, তেমনি গুলিতে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

হামলা হত্যার একের পর এক ঘটনার মধ্যে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে সর্বগ্রাসী চাঁদাবাজি।

খুলনা নগরের কমার্স কলেজের পাশে এক চিকিৎসকের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেছিল ওই অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানি’। ভয়ে থানায় কোনো অভিযোগ না দিয়ে চেম্বার বন্ধ রেখে আত্মগোপনে আছেন তিনি।

ওই এলাকার আরও এক চিকিৎসকের কাছে চাঁদা চাওয়া হয়েছিল; ভয়ে তিনি ভারতে চলে গেছেন। বড় অঙ্কের চাঁদা চাওয়ায় আরও এক চিকিৎসক আত্মগোপনে আছেন।

ওই এলাকার সন্ধানী ক্লিনিকের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করে ভাঙচুর ও গুলির ঘটনার পর এক কোটি টাকায় ‘বি কোম্পানি’র সঙ্গে সমঝোতা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

ক্লিনিক কর্তৃপক্ষ মামলা করারও সাহস পায়নি। পরে খুলনা সদর থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা সহসভাপতি ও বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মহানগর সভাপতি ডা. মোস্তফা কামাল বলেন, “আমরা উদ্বিগ্ন। গত এক মাসে চাঁদার দাবিতে নগরের অন্তত পাঁচটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রকাশ্যে হামলা ও ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা।”

ওষুধের দোকানে চাঁদা দাবির কারণে অনেক দোকান বন্ধ করে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, “নগরের সব এলাকাই এখন সন্ত্রাসী-চাঁদাবাজদের দখলে। গত তিন মাসে মেয়ে-জামাই ইটালি থেকে ফিরে মোস্তর মোড় এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু করলে ওরা এসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। জীবন বাঁচাতে আমরা কাজ বন্ধ রেখেছি।”

অসহায় কণ্ঠে ইসমাইল বলেন, “কার কাছে অভিযোগ করব? পুলিশই তো অসহায়। তারাই ভয়ে রাত্রে চলাচল করে না।”

নগরের বয়রা এলাকায় একটি কিন্ডারগার্টেনের মালিক জানালেন, দিন-রাতের অনেকটা সময় তিনি আত্মগোপনে থাকছেন। কারণ মাসখানেক একটি সন্ত্রাসীগোষ্ঠীর পরিচয়ে তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়।

তবে তিনি ওই সন্ত্রাসী গোষ্ঠীর নাম কিংবা চাঁদার পরিমাণ বলতে চাননি। এমনকি নিজের নাম প্রকাশ হোক, তাও চাননি।

পুলিশে অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, “তাতে কোনো লাভ হবে?”

অক্টোবরে রূপসা এলাকায় অভিযান শেষে রাতে বাড়ি ফেরার পথে এক পুলিশ পরিদর্শক ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন। এরপর জেলা পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দেয়।

পুলিশ সুপার সরকার ওমর ফারুক তখন বলেন, সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ভয়ে চুপ ভুক্তভোগী

ভুক্তভোগীরা বলছেন, অধিকাংশ ঘটনার মূল হোতারা ধরা পড়ছে না। ফলে একটি হত্যাকাণ্ড থেকে আরেকটি হত্যার পটভূমি তৈরি হচ্ছে। এসব কারণে নিরাপত্তাহীনতায় মামলাও করতে চাইছেন না ভুক্তভোগীরা।

পুলিশের তথ্য বলছে, এলাকাভিত্তিক কতিপয় প্রভাবশালী ও রাজনৈতিক দলের নেতারাই নিজেদের স্বার্থে এসব সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেন। খুলনার বহু আগের এ ধারা এখনও চলমান।

এরশাদ শিকদার, আসাদুজ্জামান লিটরুর মতো শীর্ষ সন্ত্রাসীরা জীবিত না থাকলেও সেই ধারা রয়ে গেছে। অপরাধীদের জামিনের ক্ষেত্রেও রাজনৈতিক ও প্রভাবশালীরা নেপথ্যে ভূমিকা রাখছেন বলেও অভিযোগ রয়েছে।

খুলনা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে এম শহিদুল আলম বলেন, “আমরা অপরাধীদের কর্মকাণ্ড আদালতের কাছে তুলে ধরি। আসামিরা নিম্ন ও উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করেন। এর মধ্যে কোনো না কোনো আদালত থেকে তারা জামিন পেয়ে যান।”

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউর রহমান বলেন, “ভুক্তভোগীরা মামলা ও পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন না। এর সঙ্গে যোগ হয়েছে দ্রুত জামিন হয়ে যাওয়ার প্রবণতা। এই দুই কারণে খুলনার অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হয়ে যাচ্ছে।”

খুলনা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, “খুলনা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। সারাদেশের মত খুলনা অঞ্চলেও চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।”

তিনি বলেন, “কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের সময় জোড়া খুনের ঘটনা ঘটে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়মিতভাবে চাঁদাবাজির শিকার হচ্ছে।

“ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। ভয়ে অনেকে অভিযোগ করারও সাহস পাচ্ছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের বিভিন্ন সংস্থা থাকলেও পরিস্থিতি কার্যকরভাবে সামাল দেওয়া যাচ্ছে না।”

মাদক কারবার ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব

খুলনায় সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা বারবার মাদক কারবারের বিরোধের কথা বলছেন। জেলায় সক্রিয় নয়টি অপরাধী গোষ্ঠীর কথা সংবাদমাধ্যমেও এসেছে।

এগুলোর মধ্যে রয়েছে বি কোম্পানি, পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমা বাহিনী, টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ ও নাসিম গ্রুপ।

পুলিশ কর্মকর্তারা বলছেন, এসব গোষ্ঠীর প্রভাব নগরীর বিভিন্ন এলাকায় বিস্তৃত। সদর, লবণচরা, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকায় তাদের তৎপরতা বেশি।

দিঘলিয়া, আড়ংঘাটা, কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া এলাকাতেও ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী সক্রিয়।

এসব গোষ্ঠীর কারও কারও বিরুদ্ধে মাদক ও অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় আধিপত্য, জমি, মাছের ঘের, বালুর ব্যবসা, পরিবহন এবং ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ নিয়েও তাদের মধ্যে বিরোধ তৈরি হয়।

অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধ কীভাবে হত্যাকাণ্ডে গড়ায়, তার একটি উদাহরণ ২০২৫ সালের ৩০ নভেম্বর খুলনা আদালত চত্বরে জোড়া খুনের ঘটনা।

ওই ঘটনায় নিহত হন হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। চলতি বছরের ৪ নভেম্বর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

পুলিশের তদন্তে বলা হয়, মাদক কারবার, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ওই হত্যাকাণ্ড ঘটে। অভিযোগপত্রে আসামিদের একটি অপরাধী গোষ্ঠীর সদস্য হিসেবে বর্ণনা করা হয়েছে।

অস্ত্রের বিস্তার, সংঘাতের ঝুঁকি

কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক কারবারের সঙ্গে যুক্ত এসব গোষ্ঠী তাদের বিক্রেতা ও সহযোগীদের মোটরসাইকেল, মাসিক বেতন, কমিশন এবং অস্ত্রের জোগান দেয়।

মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দেখা দিলে তা দ্রুত সশস্ত্র সংঘাতে রূপ নেয়। অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে অস্ত্রের সহজলভ্যতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, অবৈধ অস্ত্র আসছে সীমান্তপথে।

পুলিশের হিসাবে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত খুলনা মহানগর ও জেলায় ৭৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কেএমপি উদ্ধার করেছে ৫২টি, জেলা পুলিশ ২৬টি।

এসব ঘটনায় ১৮৭ জনকে আটক করা হয়েছে। মহানগর পুলিশের আটক ব্যক্তিদের মধ্যে ৪৩ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

অস্ত্র উদ্ধার ও অভিযান চললেও অপরাধে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধ হয়নি। পুলিশের কর্মকর্তারা বলছেন, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে গোষ্ঠীগুলোর মধ্যে সশস্ত্র সংঘর্ষ হচ্ছে। আবার অপরাধীরা এক এলাকা থেকে অন্য এলাকায় দ্রুত সরে পড়ায় তাদের গ্রেপ্তার করাও কঠিন হয়ে উঠছে।

খুলনা জেলা পুলিশের সুপার সরকার ওমর ফারুক অক্টোবরে এক সংবাদ সম্মেলনে বলেন, শহরের চারপাশে নদী থাকায় অপরাধীরা এক এলাকা থেকে অন্য এলাকায় দ্রুত চলে যেতে পারে। এতে অপরাধের পর তাদের গ্রেপ্তার করা কঠিন হয়।

তিনি জানান, মাদক কারবার নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্য নিয়ে রূপসা, দিঘলিয়া, তেরখাদা ও বটিয়াঘাটায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।

দেশের বাইরে থেকেও নিয়ন্ত্রণ

পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধীদের কেউ কেউ ভারত, সিঙ্গাপুর ও দুবাইয়ে বসেও খুলনায় সন্ত্রাসী দল পরিচালনা করছে। দলের সদস্যদের মধ্য যোগাযোগের জন্য তারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬-এর কমান্ডার নিস্তার আহমেদ বলেন, “খুলনায় অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার হচ্ছে এসব অস্ত্র। আমরা এসব সন্ত্রাসীকে গ্রেপ্তার ও নেটওয়ার্ক ভাঙতে অভিযান অব্যাহত রেখেছি।”

রূপসা, বটিয়াঘাটা, দীঘলিয়া ও তেরখাদা উপজেলাকে ‘ডেঞ্জার জোন’ হিসেবে বর্ণনা করে খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। মাদক অবৈধ অস্ত্র উদ্ধারেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে গত ২৪ অক্টোবর খুলনা মহানগর পুলিশ লাইনসে এসেছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সেখানে এক সুধী সমাবেশে তিনি বলেন, “চাঁদাবাজরা হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ সাক্ষ্য দিতে চায় না; থানায় অভিযোগও করতে চায় না।”

তিনি বলেন, “কিছু অপরাধী খুন হচ্ছে, আবার কিছু অপরাধী খুন করছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো রাজনৈতিক দল বিবেচনা করা হবে না। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”