০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

বন্ধু ওয়ার্নারকে দেওয়া কথা রাখতেই সত্য তুলে ধরেছেন খাওয়াজা

ছোটবেলার বন্ধু ডেভিড ওয়ার্নারকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে সবার সামনে ‘সত্য’ তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার।

বন্ধু ওয়ার্নারকে দেওয়া কথা রাখতেই সত্য তুলে ধরেছেন খাওয়াজা

উসমান খাওয়াজা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 06:58 PM

Updated : 08 Nov 2026, 06:58 PM

আট বছর পুরনো বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে উসমান খাওয়াজার বিস্ফোরক তথ্য আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেট আঙিনায়। তবে নিজের মন্তব্যের মাধ্যমে কাউকে বিপদে ফেলতে চাননি, দাবি অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। সবার সামনে ‘প্রকৃত সত্য তুলে ধরতেই’ এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৮ সালে কেপ টাউন টেস্টের সেই আলোচিত-সমালোচিত বল টেম্পারিং ঘটনায় জড়িত ছিল পুরো অস্ট্রেলিয়া দল, এমনকি ওই সিরিজের আগের টেস্টেও স্যান্ডপেপার ব্যবহার করেছিল তারা; ‘সব্‌র’ নামের আত্মজীবনীতে এই দাবিগুলো তুলে ধরেছেন খাওয়াজা। বইটি বাজারে আসবে আগামী মঙ্গলবার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই কেপ টাউন টেস্টে সিরিষ কাগজ দিয়ে ঘষে টেম্পারিং করার ঘটনাটি ক্রিকেটে পরিচিত হয়ে আছে ‘স্যান্ডপেপারগেট’ নামে। ক্রিকেটবিশ্বে তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনায় শাস্তি পান সেই সময়ের অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।

দোষ করেছে সবাই, কিন্তু কেবল তিনজনের শাস্তি পাওয়া মানতে পারেননি খাওয়াজা। ‘নাইন’ পেপার্সকে দেওয়া সাক্ষাৎকারে শনিবার খাওয়াজা বলেন, শুরু থেকেই দল হিসেবে দায় নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন তিনি। এমনকি সবার সঙ্গে নাকি এনিয়ে কথাও বলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

পরে রোববার ইনস্টাগ্রামে পাঁচ মিনিটের একটি ভিডিওতে খাওয়াজা বলেন, কয়েক দিন পরই এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলার পরিকল্পনা ছিল তার। তবে নিষেধাজ্ঞায় থাকা স্মিথ তাকে সেটা করতে দেননি।

পুরো দল যাতে কেলেঙ্কারির দায় স্বীকার করে নেয়, সে জন্য ২০২১ সালে আরও একবার চেষ্টা করেন খাওয়াজা। কিন্তু এর আগেই বোলারদের একটি আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসে, যেখানে তারা এই বিষয়ে কোনো কিছু জানার কথা অস্বীকার করে।

ভিডিওতে খাওয়াজা আরও বলেন, অবসরের পর নিজের বইয়ে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরবেন বলে ছোটবেলার বন্ধু ওয়ার্নারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

তার মতে, পুরো দলের দায়ের ভার শেষ পর্যন্ত ওয়ার্নার, স্মিথ ও ব্যানক্রফটের কাঁধেই চাপানো হয়েছে। তবে কাউকে বিপদে ফেলতে এতদিন পর সত্যটা সামনে আনার কথা অস্বীকার করেছেন গত জানুয়ারিতে অবসর নেওয়া খাওয়াজা।

“আমি কাউকে দোষারোপ করছি না। এখন যারা দলে আছে, সেই দক্ষিণ আফ্রিকা সফরে যারা ছিল, আমিসহ তাদের কেউ ভুক্তভোগী নই। এই তিনজন (ব্যানক্রফট, ওয়ার্নার ও স্মিথ) আমাদের সবার দায় নিজেদের কাঁধে নিয়েছিল। তারা ভুক্তভোগী… মানুষ তাদের প্রতারক বলেছে, তাদেরকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে। প্রকাশ্যে অপমানিত হতে হয়েছে।”

খাওয়াজার মতে, পুরো দলের দায় যারা কাঁধে নিয়েছেন তাদের ন্যায়বিচার পাওয়া উচিত।

“এই তিনজনের ন্যায়বিচার প্রাপ্য। আর আমি কারো দিকে আঙুল তুলছি না।

“আমি এখনও সেই চেষ্টাই করছি, যা এত বছর আগেও করছিলাম- আমিসহ আমরা যেন পুরো দল হিসেবে দায় স্বীকার করি। যাতে আমরা সবাই চিরতরে এই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারি।”

২০১৮ সালের পর গত মাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে যায় অস্ট্রেলিয়ার টেস্ট দল। তিন ম্যাচের সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে তারা।