২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গুলির ক্ষত নিয়েও বেঁচে থাকা সেই বন্যহাতি আবার লোকালয়ে, আতঙ্কে স্থানীয়রা

১৮ নভেম্বর শিলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকার পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির সন্ধান পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 07:40 PM

Updated : 28 Nov 2026, 07:39 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় শরীরে আটটি গুলির ক্ষত নিয়ে বেঁচে থাকা সেই অসুস্থ বন্যহাতি আবারও লোকালয়ে এসেছে।

শনিবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামে হাতিটিকে ঘোরাফেরা করতে দেখা যায় বলে জানান বাহারছড়া শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম।

এ সময় হাতিটি কয়েকটি সুপারি গাছ ভেঙে ফেলে এবং কয়েকটি বসতঘরের ক্ষতি করে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, সকালে হাতিটি লোকালয়ে ঢোকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। পরে বন বিভাগের কর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দারা মিলে হাতিটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। হাতিটি পাহাড়ের দিকে গেলেও পুরোপুরি বনে ফিরে যায়নি। এখনো বনের কাছাকাছি ঘোরাফেরা করছে। মাঝেমধ্যে লোকালয়ের দিকে আসছে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল আলম বলেন, সকালে হঠাৎ হাতিটিকে লোকালয়ে দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। হাতিটি বাগান ও বসতবাড়িতে ঘোরাফেরা করে কয়েকটি গাছ ও ঘরের ক্ষতি করে। পরে পাহাড়ের দিকে চলে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপত্তাহীনতায় রয়েছেন।

বন বিভাগ জানায়, ১৮ নভেম্বর শিলখালী রেঞ্জের গর্জনবাগান এলাকার পাহাড়ে অসুস্থ অবস্থায় হাতিটির সন্ধান পাওয়া যায়। দুদিন চেষ্টার পর বন বিভাগ ও ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল হাতিটির খোঁজ পায়। পরে বিশেষ ওষুধ দিয়ে হাতিটিকে অচেতন করে কয়েক ঘণ্টা ধরে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসার সময় হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত ও গুলির অংশ পাওয়া যায়। হাতিটির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। এর পেছনের ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে। এ কারণে ঠিকমতো হাঁটতে পারছে না হাতিটি।

ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, চিকিৎসায় হাতিটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। তবে আঘাতের কারণে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কম।

বাহারছড়া শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, অসুস্থ হাতিটি আবার লোকালয়ে চলে এসেছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মী ও স্থানীয়রা মিলে সেটিকে বনে ফেরানোর চেষ্টা করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। হাতিটিকে নজরদারিতে রাখা হয়েছে। তার পরবর্তী চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

পুরনো খবর:

গুলিবিদ্ধ হাতিকে খুঁজে চিকিৎসা দিল বন বিভাগ, কাছেই ছিল সঙ্গী হাতি