অতীতের ক্ষত কাটিয়ে সামনে এগোনোর উপায়
মুখে গাছের নিয়ে কুকুরের খেলতে যাওয়ার গল্পটি জানেন তো?
একটি কুকুর পার্কে খেলতে গিয়ে বিশাল ও ভারী একটি গাছের ডাল মুখে কামড়ে ধরে। কিছুক্ষণ পর আশপাশে কাঠবিড়ালি আর অন্য কুকুরদের খেলতে দেখে তারও ইচ্ছে হল তাদের সঙ্গে দৌড়াতে এবং খেলতে।
কিন্তু যতবারই সে এগোতে গেল, মুখের ওই বিশাল ডালটি ঝোপঝাড় আর গাছে আটকে গিয়ে তাকে থামিয়ে দিল; এমনকি অন্য কুকুরেরাও ডালটি দেখে ভয়ে দূরে সরে গেল।
কুকুরটি তখনও বুঝতে পারেনি যে, সে চাইলে নিজের মুখ খুলে ডালটি ফেলে দিতে পারে এবং মুক্ত হতে পারে।
মনস্তত্ত্ববিদদের মতে, মানুষের জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। অতীতের কোনও তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ নিজের সম্পর্কে এমন কিছু নেতিবাচক ধারণা বা গল্প তৈরি করে ফেলেন, যা প্রয়োজন ফুরানোর পরও সারাজীবন বয়ে বেড়ান এবং নিজের সুখ ও সম্ভাবনাকে আটকে রাখেন।
মনস্তত্ত্ব-বিষয়ক ওয়েবসাইট ‘সাইকোলজি টুডে’তে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন মনোবিজ্ঞানী এবং ‘দ্য ইমোশনালি এগজস্টেড উইম্যান ও কান্ট স্টপ থিংকিং’ বইয়ের লেখক ন্যান্সি কলিয়ার, মানুষের এই আত্মঘাতী মানসিক প্রবণতা থেকে মুক্তির উপায় বিশ্লেষণ করেছেন।
নিজেকে নিয়ে তৈরি নেতিবাচক গল্প যেভাবে জীবনকে আটকে রাখে
বাস্তবতাকে অস্বীকার করা: ন্যান্সি কলিয়ার বলেন, “কেউ যদি নিজের মনে বিশ্বাস গেঁথে নেন যে, তিনি ভালোবাসা পাওয়ার অযোগ্য, তবে বাস্তবে কেউ তাকে ভালোবাসলেও, সেটা তিনি আর বিশ্বাস করতে পারেন না।”
বাস্তব সত্যের চেয়ে মানুষ নিজের তৈরি করা নেতিবাচক গল্পের প্রতিই বেশি অনুগত থাকেন, যা তাকে ক্রমাগত কষ্ট দেয়।
অতীতের ক্ষত থেকে আত্মরক্ষার কৌশল: মানুষের এই নেতিবাচক গল্পগুলো মূলত শৈশব বা অতীতের কোনও মানসিক আঘাত থেকে তৈরি হয়। যেমন- কেউ হয়ত একসময় সাহায্য চেয়ে পাননি; তখন তিনি নিজেকে বোঝান যে ‘আমাকে সব কাজ একাই করতে হবে, কেউ আমাকে সাহায্য করবে না’।
ভবিষ্যতে নতুন করে প্রত্যাখ্যাত হওয়ার ভয় ও অনিশ্চয়তা এড়াতে মানুষ এই নেতিবাচক ধারণাটিকে একটি ‘নিরাপত্তা চাদর’ হিসেবে আঁকড়ে ধরেন।
অন্যের সঙ্গে সংযোগে বাধা: নিজের তৈরি এই সীমাবদ্ধতার চশমা দিয়ে পৃথিবীকে দেখার ফলে, অন্যদের সাহায্য ও ভালোবাসা গ্রহণ করতে পারেন না ভুক্তোভোগী। এতে সম্পর্কের গভীরতা নষ্ট হয় এবং কৃতজ্ঞতা বা আনন্দ অনুভবের পথ বন্ধ হয়ে যায়।
পুরোনো গল্প ছেড়ে মুক্ত হওয়ার উপায়
ন্যান্সি কলিয়ারের মতে, দীর্ঘদিনের আঁকড়ে ধরা নেতিবাচক ধারণা ছেড়ে দেওয়াটা শুরুতে কিছুটা বেদনাদায়ক মনে হতে পারে, কারণ মানুষ নিজের কষ্টের পরিচয়টুকু হারাতে ভয় পান। তবে মুক্ত হওয়ার অর্থ অতীতের তিক্ত অভিজ্ঞতাকে অস্বীকার করা নয়।”
এর সঠিক উপায় হল- অতীতের সেই মানসিক ক্ষত বা কষ্টকে সম্মান জানানো এবং স্বীকার করা। তবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি মুহূর্তও যে ঠিক অতীতের মতোই তিক্ত হবে, এই ধারণাটি ত্যাগ করতে হবে।
অতীতের ক্ষতটি গুরুত্বপূর্ণ, তবে সেই ক্ষত থেকে তৈরি হওয়া সীমাবদ্ধতার গল্পটি যেকোনও সময় ছেড়ে ফেলা সম্ভব।
