২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে ফের কালি লেপন

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক বলেন, যতবার মুছে দেওয়া হবে, ততবারই নতুন করে আঁকা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 03:55 PM

Updated : 22 Nov 2026, 03:58 PM

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে নতুন করে আঁকার ১৬ দিনের মাথায় আবারও কালিতে ঢেকে দেওয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি।

রোববার সকালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “বৃষ্টির কারণে সড়কে লোকজন কম ছিল। দোকানপাটও বন্ধ ছিল। এ সুযোগে ঘটনাটি ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে নগরের রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়। এসব গ্রাফিতিতে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়।

এর আগে ৫ নভেম্বর রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লাগিয়ে ঢেকে দেওয়া হয়। পরদিন ৬ নভেম্বর কেসিসি প্রশাসকের নির্দেশে সেটি আবার আঁকা হয়। নতুন করে আঁকার ১৬ দিনের মাথায় একই প্রতিকৃতিতে আবারও কালি লাগানোর ঘটনা ঘটল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরোনো যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতেই কালি দেওয়া হয়েছে।

নাগরিক নেতা ও কবি এস এম হুসাইন বিল্লাহ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার যারা এ কাজ করছেন, রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের জানাশোনা সীমিত অথবা ভুল। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতির কথা চিন্তা করা যায় না।”

তিনি বলেন, “রবীন্দ্রনাথের পূর্বপুরুষের আদি নিবাস খুলনায় এবং তার শ্বশুরবাড়িও এ জেলায়। খুলনায় তাঁর প্রতিকৃতিতে কালি দেওয়া খুলনাবাসীর জন্য লজ্জার বিষয়।”

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি ছবি মুছে দিয়ে একজন মানুষকে অস্বীকার করা যায় না। যারা এ কাজ করেছেন, মানুষ তাদের ঘৃণার চোখে দেখেছে। তিনি এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “বৃষ্টি কমলে আবারও গ্রাফিতিটি নতুন করে আঁকা হবে। যতবার মুছে দেওয়া হবে, ততবারই নতুন করে আঁকা হবে।”

পুরনো খবর:

এবার খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপন
খুলনায় কালি লেপন করা রবীন্দ্রনাথের গ্রাফিতি আবার আঁকা হল