দেপোর্তিভোর বিপক্ষে ফিরছেন ইয়ামাল, রদ্রি ও ক্রিস্টেনসেন
চোট থেকে সেরে উঠেছেন বার্সেলোনার এই তিন ফুটবলার।
চোট কাটিয়ে উঠেছেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল, অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রি ও ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। দেপোর্তিভোর বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে প্রস্তুত এই তিন ফুটবলার, নিশ্চিত করেছেন কোচ হান্সি ফ্লিক।
খুশির সংবাদের সঙ্গে অস্বস্তির খবরও আছে বার্সেলোনার জন্য। আসছে ম্যাচটিতে ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে ও ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বের্নালকে পাচ্ছে না কাতালান ক্লাবটি।
লা করুনায় রোববার দেপোর্তিভোর মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় শুরু মাঠের লড়াই।
অ্যাঙ্কেলের সমস্যার কারণে চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার সাবাহর বিপক্ষে খেলতে পারেননি ইয়ামাল। ম্যাচটি ৪-১ ব্যবধানে জেতে বার্সেলোনা।
হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সেলোনার সবশেষ তিনটি ম্যাচের দলে ছিলেন না রদ্রি। আর পেশির সমস্যায় গত অক্টোবর থেকে স্রেফ একটি ম্যাচে খেলতে পেরেছেন ক্রিস্টেনসেন।
দেপোর্তিভোর বিপক্ষে ইয়ামালের ফেরার সম্ভাবনা ছিল আগে থেকেই। সংবাদ সম্মেলনে শনিবার ফ্লিক জানান, ইয়ামালের পাশাপাশি রদ্রি ও ক্রিস্টেনসেনকেও এই ম্যাচে পাবে বার্সেলোনা।
“মার্ক বের্নাল ছিটকে গেছে, বাল্দেও। তবে রদ্রি ও ক্রিস্টেনসেন দলের সঙ্গে অনুশীলন করেছে এবং লা কারুনায় যাবে, কারণ তারা খেলার জন্য প্রস্তুত। লামিন ইয়ামালের ক্ষেত্রেও তাই।”
সাবাহর বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান বাল্দে। বের্নালের চোট নিয়ে বিস্তারিত কিছু জানাননি ফ্লিক। তবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের চোট গুরুতর মনে করছেন না জার্মান কোচ।
“বের্নালের চোট গুরুতর নয়। তার অবস্থা দেখতে হবে। এই ম্যাচে সে খেলতে পারবে না। আতলেতিকোর বিপক্ষেও হয়তো খেলতে পারবে না।”
ভিয়ারেয়ালের বিপক্ষে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ফের্মিন লোপেস। ফলে দেপোর্তিভো ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না বার্সেলোনা।
১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে আছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা। সমান ম্যাচে তাদের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
