ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন ওইয়ারসাবাল ও ইয়ামাল
চলতি আন্তর্জাতিক বিরতিতে স্পেনের প্রথম ম্যাচে খেলতে পারেননি এই দুজন।
নেশন্স লিগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তারকা উইঙ্গার লামিন ইয়ামাল ও ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল দলে ফিরছেন বলে জানিয়েছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
চেকিয়ার বিপক্ষে বৃহস্পতিবার দলের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে এই দুজন খেলতে পারেননি।
হাঁটুর চোটে ইয়ামাল তার ক্লাব বার্সেলোনাতেই থেকে গিয়েছিলেন। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল ‘লা ১’-এর সঙ্গে আলাপে তার ফেরার খবর দেন দে লা ফুয়েন্তে।
“লামিন এখন বেশ ভালো বোধ করছে এবং আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
অন্যদিকে, দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সান সেবাস্তিয়ানে ছিলেন ওইয়ারসাবাল। দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন যে, শুক্রবার সন্ধ্যার অনুশীলনে তিনিও দলের সঙ্গে যোগ দেবেন।
“মিকেলও ফিরছে। একজন দুপুরের দিকে পৌঁছাবে, অন্যজন আরেকটু পরে; তবে দুজনেই আগামীকাল আমাদের সঙ্গে থাকবে।”
নেশন্স লিগের ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে প্রথম পাঁচ ম্যাচেই জিতেছে স্পেন। ইংল্যান্ডের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে রোববার আসন্ন ম্যাচে ড্র করলেই তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিশ্চিত করবে।
উভয় দলই এরই মধ্যে কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে।
