২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা

সেঞ্চুরিয়নের পেস সহায়ক উইকেট-কন্ডিশনে একদমই ভালো করতে পারেননি বাংলাদেশের চার পেসার।

হাসান-নাহিদের সঙ্গে অন্য পেসারদের পার্থক্য কতটা

নাহিদ রানা (ডানে)। ফাইল ছবি: বিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:41 PM

Updated : 25 Nov 2026, 09:48 PM

একসঙ্গে হাসান মাহমুদ ও নাহিদ রানার অনুপস্থিতিতে নির্মম বাস্তবতাই যেন টের পেল বাংলাদেশ। গত কয়েক বছরে পেস বিপ্লবের আভাস মিললেও, সেঞ্চুরিয়নে সহায়ক কন্ডিশনে কিছুই করতে পারলেন না অন্য চার পেসার। ম্যাচ শেষে নাজমূল হোসেন শান্তও মেনে নিলেন, হাসান-নাহিদের সঙ্গে অন্যদের পার্থক্য আছে, বেশ।

চোটের কারণে গত জুলাইয়ের পর থেকে দলের বাইরে নাহিদ। তাকে ছাড়া অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে যোগ হয় হাসানের কনুইয়ের চোট। যা আরও প্রকটভাবে বুঝিয়ে দেয় অন্য পেসারদের ফর্ম বা সামর্থ্যের ঘাটতি।

সুপার স্পোর্ট পার্কের সবুজ উইকেটের সুবিধা কাজে লাগাতেই স্কোয়াডে থাকা চার পেসারের সবাইকে একাদশে নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারেননি তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরি।

পেসারদের বলে বেশ কিছু ক্যাচ অবশ্য ফিল্ডাররা ছেড়েছেন। সেসব হিসেবে রেখেও সার্বিকভাবে তেমন প্রভাববিস্তারি ছিলেন না বাংলাদেশের পেসাররা। উইকেটের সুবিধা আদায় করার মতো ভালো জায়গায় টানা বোলিং তারা করতেই পারেননি।

যখনই অফ স্টাম্পের আশপাশে ভালো লেংথে করেছেন, উইকেট থেকেও সুবিধা পেয়েছেন পেসাররা। আর অস্বস্তিতে পড়েছেন ব্যাটসম্যানরা। কিন্তু পরপরই আলগা ডেলিভারি করে হাত খুলে ব্যাটিংয়ের সুযোগও দিয়েছেন শরিফুল্ল-ইবাদতরা।

চার পেসারের তিনজনই ওভারপ্রতি খরচ করেন গড়ে চারের বেশি রান। তাদের দুরাবস্থার কারণে শেষ পর্যন্ত একাদশের অনিয়মিত স্পিনার মুমিনুল হককে দিয়ে সবচেয়ে বেশি ২৩ ওভার করান বাংলাদেশ অধিনায়ক।

অথচ গত দুই-আড়াই বছরে পেস বিভাগের হাত ধরেই আসে বাংলাদেশের বেশিরভাগ সাফল্য। তবে এর মধ্যে রয়েছে খানিকটা শুভঙ্করের ফাঁকি। কারণে এসব সাফল্যের কারিগর ছিলেন মূলত দুজন- হাসান ও নাহিদ।

গত অগাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে রূপকথার ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন হাসান। এর আগে পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ম্যাচে আগুন ঝরান নাহিদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শরিফুল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাসকিনও পান ৫ উইকেটের স্বাদ; তবে ওই দুই ম্যাচে ফল নিজেদের পক্ষে আনতে পারেনি বাংলাদেশ।

Image

(বাঁ থেকে) খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। ছবি: ইবাদতের ফেইসবুক পেইজ

সব মিলিয়ে নাহিদের অভিষেকের পর থেকে গত আড়াই বছরে বাংলাদেশের সেরা পেসার হাসানই। এই সময়ে ২০ টেস্টে তার শিকার ৬৩ উইকেট। ইনিংসে ৫ উইকেট তিনি নেন বাংলাদেশের পেসারদের মধ্যে রেকর্ড পাঁচবার।

এছাড়া ১২ টেস্টে নাহিদের ঝুলিতে ৩৮ উইকেট, ৫ উইকেট দুবার। দুবারই জয় পায় বাংলাদেশ। একই সময়ের মধ্যে ১১ ম্যাচ খেলে তাসকিন নেন ৩৪ উইকেট। ক্যারিবিয়দের বিপক্ষে পাওয়া ৫ উইকেট তার একমাত্র।

অন্য পেসাররা অবশ্য অত বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তবু যখন সুযোগ পেয়েছেন খুব বেশি ছাপ তারা রাখতে পারেননি। শরিফুল সাত ম্যাচে ১৮, খালেদ সাত ম্যাচে ১৫ এবং ইবাদত আট ম্যাচে ১১ উইকেট পেয়েছেন। বোলিংয়ের গড় বা স্ট্রাইক রেটেও তাদের চেয়ে এগিয়ে হাসান ও নাহিদ।

সেঞ্চুরিয়ন টেস্টে পেসারদের হতাশাময় প্রদর্শনীর পর তাই অবধারিতভাবেই প্রশ্ন উঠল, হাসান-নাহিদের সঙ্গে বাকিদের পার্থক্য আসলে কত? উত্তরে বাকিদের মান বাড়ানোর তাগিদ দেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

“পার্থক্য তো অবশ্যই আছে। বলব না যে অনেক পার্থক্য আছে, তবে কম-বেশি একটু থাকেই। আমার মনে হয় যে, যারা বোলিং করেছে বা যারা পাইপলাইনে আছে, তাদের জন্য কোয়ালিটি নিশ্চিত করাটা জরুরি। ইবাদত ভাই, খালেদ ভাই, তাসকিন ভাই অনেক বছর ধরেই খেলছেন। এই জায়গায় আরেকটু কীভাবে উন্নতি করা যায় এটা গুরুত্বপূর্ণ।

“ইনজুরি থাকবেই। তাই আমাদের যে পেস বোলিং বিভাগ আছে, এই জায়গায় পুলটা আরেকটু বড় কীভাবে করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। তা হলে হয়তো রোটেশন পলিসিটা আরেকটু ভালো হবে।”

পেসারদের ছন্দ হারানোর পেছনে অবশ্য টানা খেলার কথাও বলেন শান্ত। তার মতে, প্রস্তুতির যথাযথ সুযোগ পেলে আরও ভালো করবেন পেসাররা।

“পেস বোলাররা একসঙ্গে অফ ফর্মে চলে গেছে, জিনিসটা এরকম না। আমরা ভালো করছি না। একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে, দেখেন টানা অনেকগুলা সিরিজ আমরা খেলছি, ওয়ানডে বলেন আর টেস্ট ক্রিকেট বলেন। তাই সামনে যদি আসলেই ধারাবাহিকতা দেখতে চাই, সেক্ষেত্রে একটু প্রস্তুতির সুযোগ নিতে হবে, সুযোগ দিতে হবে।

“আমরা যদি পেসারদের পুলটা একটু বড় করতে পারি, গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে ওদেরকে বিশ্রাম দিয়ে সতেজভাবে নিয়ে আসতে পারি, তাহলে পারফরম্যান্স আরও ভালোভাবে বের করে নিয়ে আসতে পারব। তো প্রত্যেকটা সিরিজের আগে একটু প্রস্তুতি নেওয়ার সুযোগ করে নেওয়াটা জরুরি।”