মিয়ানমারে বিয়ে বাড়িতে বিমান হামলায় বহু নিহত
ঘটনাটি শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই অঞ্চলের একটি গ্রামে ঘটেছে।
মিয়ানমারের একটি সংঘাতপূর্ণ এলাকায় শনিবার এক বিয়ে বাড়িতে সামরিক বাহিনীর বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।
ফ্রান্সভিত্তিক এক আন্তর্জাতিক বার্তা সংস্থা গ্রামবাসীদের তোলা ছবির বরাত দিয়ে জানিয়েছে, ছবিগুলোতে অন্তত ছয়টি পৃথক মৃতদেহ দেখা গেছে, যাদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। তবে বার্তা সংস্থাটি ছবিগুলোর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
বার্তা সংস্থাটির সঙ্গে কথা বলা একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, নিহতের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে।
সত্যতা যাচাই করা যায়নি এমনটি একটি ভিডিওতে হামলার পর রক্তাক্ত হতাহতের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। ঘটনাটি শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মো বাই অঞ্চলের একটি গ্রামে ঘটেছে। এই অঞ্চলটিতে মিয়ানমারের বিপুল সংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির দলের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। পর্যবেক্ষক সংস্থা 'অ্যাকলেড' এর তথ্যমতে, এই সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
মো বাই অঞ্চলটির মো বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এর আশপাশের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধীদলীয় বাহিনীগুলো সক্রিয় রয়েছে।
প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি বলেন, "আমি কাছাকাছি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছিলাম, তবে ভেবেছিলাম তারা আমাদের এলাকায় বোমা ফেলবে না।"
তিনি নিজের ঘরের ভেতরে চলে যান আর কিছুক্ষণের মধ্যেই ‘একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান ও বিমান হামলাস্থলে প্রচুর ধোঁয়া দেখতে পান’ বলে জানান।
তিনি জানান, বোমাটি এমন একটি বাড়িতে আঘাত হানে যেখানে দুজন বাস্তুচ্যুত মানুষের বিয়ের প্রস্তুতি চলছিল।
সাহায্য করার জন্য তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, "আমি সেখানে ১৭টি মরদেহ পড়ে থাকতে দেখেছি আর আরও অনেকে আহত হয়েছেন।”
এ ঘটনার বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থাটি।
