গুলিবিদ্ধ হাতিকে খুঁজে চিকিৎসা দিল বন বিভাগ, কাছেই ছিল সঙ্গী হাতি
দুই দিন ধরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পাহাড়ি বনে খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে হাতিটির সন্ধান পায় বন বিভাগ।
শরীরের বিভিন্ন স্থানে গুলির আটটি চিহ্ন, পেছনের ডান পায়ে গভীর ক্ষত। ক্ষত থেকে পুঁজ বের হচ্ছিল, উঠে গিয়েছিল চামড়ার ওপরের স্তরও। ঠিকমতো পা ফেলতে কষ্ট হচ্ছিল, পাহাড়ি বনের ভেতর দিয়ে এগোতেই গিয়ে বারবার থেমে যাচ্ছিল হাতিটি।
কিন্তু এই বিপদের সময়ও সঙ্গীকে ছেড়ে যায়নি স্ত্রী হাতিটি। কখনো আহত হাতির পাশে হেঁটেছে, কখনো তার চলার গতির সঙ্গে মিলিয়ে ধীর হয়েছে। টানা তিন দিন এভাবেই আহত সঙ্গীর কাছাকাছি থেকেছে হাতিটি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন পাহাড়ি এলাকায় হাতিদুটির এমন পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর আহত হাতিটির বেঁচে থাকা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
খবর পেয়ে দুই দিন ধরে পাহাড়ি বনে খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে হাতিটির সন্ধান পায় বন বিভাগ। পরে চেতনানাশক প্রয়োগ করে তার চিকিৎসার ব্যবস্থা করে তারা।
শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, চিকিৎসার সময় হাতিটির শরীরের বিভিন্ন স্থানে গুলির আটটি চিহ্ন পাওয়া যায়। এর মধ্যে পায়ে আটকে ছিল গুলির দুটি অংশ।
তিনি বলেন, “শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল। পায়ে গুলির দুটি অংশ আটকে থাকায় হাতিটি ঠিকমতো হাঁটতে পারছিল না। দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে হাতিটিকে অচেতন করে চিকিৎসা শুরু করা হয়।
“এক ঘণ্টার বেশি সময় ধরে চিকিৎসক দল কাজ করে গুলির অংশ দুটি বের করে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়।”
বন কর্মকর্তারা জানান, আহত পুরুষ হাতিটির বয়স ৩০ বছরের বেশি। তার সঙ্গে থাকা হাতিটি স্ত্রী। চিকিৎসার পুরো সময়ই কাছাকাছি অবস্থান করছিল স্ত্রী হাতিটি। ফলে চিকিৎসক ও বনকর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।
কীভাবে এবং কার গুলিতে হাতিটি আহত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, পাহাড়ে অবস্থান করা সশস্ত্র অপরাধী, অপহরণকারী কিংবা মানব পাচারকারীদের গুলিতে আহত হয়ে থাকতে পারে হাতিটি।
এর আগে স্থানীয়দের কাছ থেকে হাতি দুটির খবর পেয়ে শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিষয়টি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে জানান। পরে তাঁর নির্দেশনায় ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসক দল আনা হয়।
তবে দুর্গম পাহাড়ি বনে হাতি দুটির অবস্থান শনাক্ত করা সহজ ছিল না। ডাকাতদের আনাগোনার কারণে নিরাপত্তাঝুঁকিও ছিল। পরে মঙ্গলবার বন বিভাগের কর্মীরা ড্রোন ব্যবহার করে এবং নিজেদের প্রায় ১০টি ছোট দলে ভাগ করে অনুসন্ধান শুরু করেন।
প্রায় আট ঘণ্টা খোঁজাখুঁজির পর সন্ধ্যায় বনের গভীরে হাতিটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। কিন্তু সন্ধ্যা নেমে আসায় এবং দুর্গম পথের কারণে সেদিন আর চিকিৎসা শুরু করা যায়নি।
বুধবার সকালে আবার অভিযান শুরু হয়। দুপুরের দিকে আহত হাতিটির কাছে পৌঁছে চেতনানাশক বন্দুকের সাহায্যে সেটিকে অচেতন করা হয়। এরপর দুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসক দল চিকিৎসা শুরু করে।
তৌহিদুলের ভাষায়, দুর্গম পাহাড়ি বনে কয়েক কিলোমিটার হেঁটে হাতিটির কাছে পৌঁছাতে হয়েছে। পুরো অভিযানটি ছিল বেশ চ্যালেঞ্জিং।
তৌহিদুল ইসলাম বলেন, “আমরা কর্মীদের দুই ভাগে ভাগ করেছিলাম। এক দল আহত হাতিটির কাছে থেকে চিকিৎসায় সহযোগিতা করেছে। অন্য দলটি স্ত্রী হাতিটির ওপর নজর রেখেছে, যাতে সেটি আমাদের কাছে চলে আসতে না পারে। কারণ, পরিস্থিতি বুঝতে না পেরে হাতিটির আক্রমণ করার আশঙ্কা ছিল।”
আহত হাতিটির শারীরিক অবস্থা বন বিভাগ পর্যবেক্ষণে রাখবে জানিয়ে তিনি বলেন, হাতিটি আবার লোকালয়ে ফিরে এলে তার শারীরিক অবস্থা বিশেষভাবে খতিয়ে দেখা হবে। সুস্থ হয়ে ওঠার অগ্রগতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
