২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা ঠেকাতে কার্যকর পদক্ষেপে জোর মন্ত্রীর

বৈষম্যমূলক আইন, সেবাপ্রাপ্তিতে বাধা এবং যৌন হয়রানির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কাজ করতে হবে, বলেন মাইকেল মিলার।

নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা ঠেকাতে কার্যকর পদক্ষেপে জোর মন্ত্রীর

নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ঢাকায় আয়োজিত এক জাতীয় সংলাপে বক্তব্য রাখেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 12:00 AM

Updated : 26 Nov 2026, 12:00 AM

নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা বন্ধে ঢাকায় আয়োজিত এক জাতীয় সংলাপে তিনি এ বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

‘ন্যায়বিচার নিশ্চিত করি, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই, দায়মুক্তির অবসান ঘটাই’- এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার জাতীয় সংলাপটি অনুষ্ঠিত হয়েছে বলে এলসিজির ওয়েজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

১৬ দিনব্যাপী বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে উইমেন অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি (এলসিজি ওয়েজ) ও জাতিসংঘ বাংলাদেশ যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

বৈশ্বিক এ প্রচারাভিযান আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে নারী ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন নারী ও মেয়েশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি ঘর, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান ও জনপরিসরে সহিংসতা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক বলেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। আইনের কার্যকর বাস্তবায়ন, জবাবদিহি, নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ এবং নির্যাতনের শিকার ব্যক্তিকেন্দ্রিক বিচারব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ক্ষতিকর সামাজিক রীতিনীতি ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজন রয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বৈষম্যমূলক আইন, সেবাপ্রাপ্তিতে বাধা এবং যৌন হয়রানির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কাজ করতে হবে। পাশাপাশি, বাংলাদেশে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় বিভিন্ন উদ্যোগের জন্য প্রায় ১ কোটি ইউরো আর্থিক সহায়তা প্রদানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি।

‘সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত ও দায়মুক্তির অবসানে আইনি কাঠামো জোরদার’ শীর্ষক সংলাপে দুটি বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা হয়।

রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল, জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপিটান, ইউএন উইমেন এর প্রতিনিধি গীতাঞ্জলি সিং, আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন।